×

শেষের পাতা

প্রাণহানি বাড়ার শঙ্কা

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে পাঁচ ছাত্রী নিহত

Icon

জাবেদ ইকবাল চৌধুরী, কক্সবাজার দক্ষিণ প্রতিনিধি

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কক্সবাজারের উখিয়ার ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ/৩ ব্লকে আবারো বড় ধরনের ভূমিধস হয়েছে। পাহাড়ের মাটি খতিজাতুল মহিলা হেফজখানায় উপর আছড়ে পড়ায় অনেক শিক্ষার্থী ভেতরে আটকা পড়েছে, এ পর্যন্ত ৫ জনকে মৃত উদ্ধার করা হয়েছে।

এসময় ক্লাস চলছিল বলে জানা গেছে। এতে ৫ জন শিশুর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোহাম্মদ মিজানুর রহমান। হতাহত আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

নিহতদের মধ্যে ৫ নম্বর ক্যাম্পের এ-১১ ব্লকের হাসিম উল্লাহর মেয়ে রাশিদা বেগম (১৩), ৩ নম্বর ক্যাম্পের শামসুল আলমের মেয়ে শহিদা, এফ-১ ব্লকের আবদুস শুকুরের মেয়ে উম্মে নেজাতুল (১৩) ও উম্মে সালমা (১২) এবং ৫ নম্বর ক্যাম্পের এ-৮ ব্লকের মোহাম্মদ ইলিয়াছের মেয়ে উমাইসা বিবি (১৩) এর পরিচয় শনাক্ত করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ৫ নম্বর ক্যাম্পের ইনচার্জ (উপ-সচিব) মোহাম্মদ আব্দুর রউফ। তিনি আরো জানান বিভিন্ন হাসপাতালে ৮ জন চিকিৎসাধীন রয়েছেন।

এদের মধ্যে ৩ নম্বর ক্যাম্পের আসরা (০৯), বেগম জান (১৫) ও ৫ নম্বর ক্যাম্পের ফারেসা বিবি (১২) এর নাম জানা গেছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ও এপিবিএনের পুলিশের সহযোগিতায় উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। গতকাল বুধবার আড়াইটার সময় ভারী বর্ষণে রোহিঙ্গা ক্যাম্পে এই মারাত্মক দুর্ঘটনা ঘটে।

উখিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার জানিয়েছেন, এখন পর্যন্ত পাঁচ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করছে।

আটকে পড়াদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

ফায়ার সার্ভিসের উখিয়া স্টেশনের স্টেশন মাস্টার ডলার ত্রিপুরা জানিয়েছেন, তারা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।

এর আগে গত ৬ জুলাই উখিয়ার ৭, ১১ ও ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুসহ ৮ জন নিহত হয়েছিল।

ক্যাম্পে বারবার পাহাড় ধসের ঘটনায় রোহিঙ্গাদের বসবাস অনিরাপদ হয়ে উঠেছে।

চট্টগ্রামে পাহাড় ধসে ২ শিশুর মৃত্যু : চট্টগ্রাম অফিস জানায়, গতকাল বুধবার সীতাকুণ্ড উপজেলার জঙ্গল ছলিমপুর ও নগরীর পাঁচলাইশ থানার চশমাহিল মেয়র গলি এলাকায় এই দুই পাহাড় ধসের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ৬ নম্বর সমাজ এলাকায় একটি পাহাড় ধসে পড়ে। এ সময় মাটির চাপে একটি কাঁচা ঘর বিধ্বস্ত হলে ভেতরে থাকা ১০ মাস বয়সী শিশু মো. আশরাফুল ইসলাম তানভীরের মৃত্যু হয়।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, ‘গত কয়েক দিনের টানা বৃষ্টিতে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। পাহাড়ের পাদদেশে গড়ে তোলা বসতঘরের ওপর পাহাড় ধসে পড়লে ঘটনাস্থলেই ওই শিশু নিহত হয়। তবে ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর আগেই পরিবারের সদস্যরা শিশুটিকে ধর্মীয় রীতি অনুযায়ী দাফন সম্পন্ন করেছে।’

এদিকে নগরীর চশমা হিলের মেয়র গলি এলাকায় পাহাড় ধসে সামিয়া ইসলাম (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুরে এই পাহাড় ধসের ঘটনা ঘটে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জোন-৪ এর উপসহকারী পরিচালক শাহ ইমরান বলেন, ‘দুপুর ১২টা ৪৮ মিনিটে পাহাড় ধসের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দুর্ঘটনার সময় ঘরে থাকা সুমাইয়ার মা-বাবা বের হয়ে যেতে সক্ষম হন। তবে পাশের কক্ষে থাকা সুমাইয়া বের হতে পারেনি। পরে পাহাড় ধসে মাটিচাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, গতকাল বুধবার সকাল ১০টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ২৩৭ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর আগে গত মঙ্গলবার বিকাল ৩টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছিল ৪১২ মিলিমিটার। এটি গত ৪৩ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সুনামগঞ্জে ২৪ ঘণ্টায় ২৬৫ মিলিমিটার বৃষ্টিপাত

সুনামগঞ্জে ২৪ ঘণ্টায় ২৬৫ মিলিমিটার বৃষ্টিপাত

উখিয়ায় স্ত্রী-সন্তানকে গলা কেটে হত্যা

উখিয়ায় স্ত্রী-সন্তানকে গলা কেটে হত্যা

মানবকেন্দ্রিক এআই ও নেতৃত্বে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ৫৭ ব্যক্তি-প্রতিষ্ঠান

মানবকেন্দ্রিক এআই ও নেতৃত্বে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ৫৭ ব্যক্তি-প্রতিষ্ঠান

বিশ্বকাপ ফাইনালের বিরতিতে মঞ্চ মাতাবেন যারা

বিশ্বকাপ ফাইনালের বিরতিতে মঞ্চ মাতাবেন যারা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App