সেলিম আল দীন স্মরণে নাট্যকর্মীরা
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
বরেণ্য নাট্যকার সেলিম আল দীনের ৭৭তম জন্মদিন উদযাপনে শুরু হয়েছে ৩ দিনব্যাপী ‘সেলিম আল দীন নাট্যোৎসব ২০২৬’। ঢাকা থিয়েটার ও বাংলাদেশ গ্রাম থিয়েটারের যৌথ আয়োজনে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে শুরু হয় এই উৎসব। ‘তোমার সম্মুখে অনন্ত মুক্তির অনিমেখ ছায়াপথ’ প্রতিপাদ্যের এই উৎসব আয়োজনের অংশ হিসেবে উদ্বোধনী সন্ধ্যায় জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়ন হয় ঢাকা থিয়েটার প্রযোজিত নাটক ‘নিমজ্জন’। এর আগে, সকাল ১০টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেলিম আল দীনের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে উৎসবের উদ্বোধন ঘটে।
উৎসবের দ্বিতীয় দিন আজ বুধবার সন্ধ্যায় একই মিলনায়তনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ পরিবেশন করবে কাজী নজরুল ইসলামের গল্প অবলম্বনে নাটক ‘জহরনামা’। কাল বৃহস্পতিবার শেষ হবে ৩ দিনের এই উৎসব। সমাপনী সন্ধ্যায় প্রতিবন্ধী ব্যক্তিদের নাট্যসংগঠন ‘সুন্দরম’ পরিবেশন করবে ‘একসাথে চলি একসাথে বাঁচি’ নামের নাটক।
অন্যদিকে, সেলিম আল দীনের জন্মজয়ন্তী উদযাপনে নাট্যসংগঠন ‘স্বপ্নদল’ ও ৩ দিনব্যাপী উৎসবের আয়োজন করেছে। শিল্পকলা একাডেমি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে এই আয়োজন। আয়োজনের উদ্বোধনী দিনে গতকাল মঙ্গলবার সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের
নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের আয়োজনে শোভাযাত্রা বের করা হয়। এরপর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সেমিনার ও নাটক মঞ্চায়নের মধ্য দিয়ে শেষ হয় স্বপ্নদল আয়োজিত প্রথম দিনের কার্যক্রম।
উৎসবের অংশ হিসেবে কাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টা ও সন্ধ্যা সাড়ে ৭টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে মঞ্চায়ন করা হবে স্বপ্নদল প্রযোজিত রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যনাট্য ‘চিত্রাঙ্গদা’ এর দুটি প্রদর্শনী ও শুক্রবার সমাপনী সন্ধ্যায় একই মিলনায়তনে একই সময়ে মঞ্চায়ন করা হবে আয়োজক নাট্যদলের দর্শকনন্দিত নাটক সেলিম আল দীন রচিত ‘হরগজ’ এর দুটি প্রদর্শনী।
এদিকে, সেলিম আল দীন সংগ্রহশালার আয়োজনে গতকাল মঙ্গলবার বিকালে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে অনুষ্ঠিত হয় ‘আলাপে সেলিম আল দীন ও নাটকের রাজনীতি’ বিষয়ে একক বক্তৃতা।
প্রসঙ্গত, ১৯৪৯ সালের ১৮ আগস্ট ফেনীর সোনাগাজীর সেনেরখিল গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন সেলিম আল দীন। তিনি ছিলেন একাধারে নাট্যকার ও শিক্ষক। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন। ১৯৮৪ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, ২০০৭ সালে একুশে পদক লাভ করেন। ২০০৮ সালের ১৪ জানুয়ারি তিনি মৃত্যুবরণ করেন।
