চমেক হাসপাতাল
আড়াই ঘণ্টা বিদ্যুৎহীন, দুর্ভোগে রোগীরা
চট্টগ্রাম অফিস
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
বিদ্যুতের মেরামত কাজের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রায় আড়াই ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছিল চিকিৎসাধীন রোগী ও স্বজনরা। গতকাল শনিবার সকাল পৌনে ৯টা থেকে বেলা ১১টা ১৫ মিনিট পর্যন্ত চমেক হাসপাতালে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। পরবর্তী সময়ে হাসপাতাল কর্তৃপক্ষ বিদ্যুৎ বিভাগের সঙ্গে যোগাযোগ করে তাদের সমস্যার বিষয়টি জানালে আবার স্বাভাবিক হয় বিদ্যুৎ সরবরাহ।
তবে প্রায় আড়াই ঘণ্টা বিদ্যুৎ না থাকায় হাসপাতালের বিভিন্ন যন্ত্রপাতি বন্ধ হয়ে যায়। টিকেট কাউন্টারেও স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। এছাড়া বিদ্যুৎ সরবরাহ না থাকায় অনেক জরুরি পরীক্ষা যথাসময়ে করতে পারেননি
রোগীরা। এতে তারা চরম ভোগান্তিতে পড়েন। তবে হাসপাতালের জেনারেটর চালু করে কিছু সেবা অব্যাহত রাখা হয়েছিল বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতালে আসা রোগীর স্বজনরা অভিযোগ করেন, ‘চট্টগ্রাম অঞ্চলে সবচেয়ে বড় সরকারি হাসপাতাল এটা। এখানে কীভাবে দুই-আড়াই ঘণ্টা কারেন্ট থাকে না? রোগীরা গরমে আরো অসুস্থ হয়ে পড়েছেন। এক্স-রে করতে গিয়েও করতে পারিনি। আলট্রাসনোগ্রাফিও করা যায়নি। হাসপাতালের জেনারেটর দিয়ে নাকি এগুলো চলে না। এত বড় একটা হাসপাতাল কীভাবে চলছে?’
বিদ্যুৎ বিভ্রাট সম্পর্কে জানতে চাইলে চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন সংবাদ মাধ্যমকে বলেন, ‘বিদ্যুৎ বিভাগের সমস্যার কারণে এমনটা হয়েছে। রোগীদের ভোগান্তি দেখে আমরা তাদের সঙ্গে যোগাযোগ করলে বিদ্যুৎ সরবরাহ দেয়া হয়।’
তবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সহকারী পরিচালক (জনসংযোগ) মো. আকবর হোসেন বলেন, ‘জরুরি মেরামত কাজের জন্য শাটডাউন করা হয়েছিল। এ বিষয়ে আগে থেকে নোটিসও দেয়া হয়েছিল।’ তবে মেরামত কাজের জন্য ১টা পর্যন্ত শাটডাউন থাকার কথা থাকলেও বেলা ১১টা ১৫ মিনিটের দিকে বিদ্যুৎ সরবরাহ করা হয় চমেক হাসপাতাল এলাকায়।
