কলেরা টিকার ক্যাম্পেইন শুরু
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
সারাদেশে পানিবাহিত মারণব্যাধি কলেরা প্রতিরোধে শুরু হয়েছে ‘প্রিভেন্টিভ ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন-২০২৬’। গতকাল শনিবার নির্ধারিত ১৪টি ঝুঁকিপূর্ণ উপজেলা ও থানায় বিনামূল্যে এই গণ-টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। ৫১ লাখ ৭৫ হাজার মানুষকে এই টিকা কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।
গতকাল থেকে দেয়া শুরু হয়েছে প্রথম ডোজ। যা চলবে ২১ সেপ্টেম্বর পর্যন্ত। এদিকে টিকার দ্বিতীয় ডোজ দেয়া শুরু হবে ২৬ সেপ্টেম্বর থেকে, চলবে ২৫ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত প্রথম ডোজ দেয়া হবে। ১ বছর বা তার বেশি বয়সি সব নাগরিক এই সুবিধার আওতায় থাকলেও গর্ভবতী নারীরা এই টিকা নিতে পারবেন না। টিকার পূর্ণ কার্যকারিতা ও সম্পূর্ণ সুরক্ষার জন্য
দুটি ডোজই নির্দিষ্ট সময়ের ব্যবধানে নেয়া বাধ্যতামূলক।
২২ আগস্ট থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত এবং দ্বিতীয় ডোজ দেয়া হবে ২৬ সেপ্টেম্বর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত।
এর আগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অডিটরিয়ামে ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। পাশাপাশি রাজধানীর তেজগাঁওয়ে অপর এক কর্মসূচির মাধ্যমে আলাদাভাবে এই টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
ডিএসসিসির অধীনস্থ লালবাগ, গেন্ডারিয়া, কদমতলী ও কামরাঙ্গীরচর-এই ৪টি থানার ১৭টি ওয়ার্ডের ১৯২টি কেন্দ্রের মাধ্যমে প্রায় ১১ লাখ ৭০ হাজার মানুষকে এই টিকা দেয়া হবে। এছাড়া ডিএনসিসির শেরেবাংলা নগর, খিলক্ষেত ও তেজগাঁও এবং মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার নির্দিষ্ট কিছু এলাকায় এ কর্মসূচি পরিচালিত হবে।
