×

খেলা

রোহিতের নেতৃত্ব নিয়ে ধোঁয়াশা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

রোহিতের নেতৃত্ব নিয়ে ধোঁয়াশা

টেস্ট ক্রিকেটে সময়টা ভালো কাটছে না ভারতের। প্রথমবারের মতো ঘরের মাটিতে তিন ম্যাচের সিরিজে নিউজিল্যান্ডের কাছে ধবলধোলাই হয়েছে তারা। ১০ নভেম্বর ভারতীয় টিম অস্ট্রেলিয়া যাবে। ২২ নভেম্বর শুরু পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। বোর্ডার-গাভাস্কার ট্রফিতে রয়েছে একটি গোলাপি বলে দিন-রাতের ম্যাচও।

বোর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্ট শুরু হবে ২২ নভেম্বর পার্থে। ওই সময়ে দ্বিতীয় সন্তানের বাবা হতে পারেন রোহিত। ঠিক সে কারণেই পার্থ টেস্টে তার খেলা নিয়ে রয়েছে ধোঁয়াশা। শঙ্কা আছে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলা নিয়েও। খবরগুলো চোখে পড়েছে কিংবদন্তি সুনীল গাভাস্কারেরও। সেই সব খবর দেখে ভারতের টিম ম্যানেজমেন্টকে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে দলের নেতৃত্ব নিয়ে একটি পরামর্শ দিয়েছেন তিনি।

ভারতের টেস্ট দলের নিয়মিত অধিনায়ক রোহিত, তার সহকারী হিসেবে আছেন পেসার জসপ্রিত বুমরা। প্রথম দুই টেস্টে রোহিত খেলতে না পারলে বুমরাই নেতৃত্ব দেয়ার কথা। রোহিত ফিরলে সিরিজের পরের তিন টেস্টে তারই নেতৃত্ব দেয়ার কথা। এক্ষেত্রে গাভাস্কারের ভাবনা অন্যরকম।

এক সিরিজে দুজনের অধিনায়কত্ব করার পক্ষে নন ভারতের সাবেক ব্যাটার গাভাস্কার। প্রথম দুই টেস্টে রোহিত না থাকলে তাকে পরের ম্যাচগুলোয় শুধুই একজন খেলোয়াড় হিসেবে খেলানোর পরামর্শ দিয়েছেন তিনি। পুরো সিরিজের জন্য নেতৃত্ব দিতে বলছেন সহঅধিনায়ক বুমরাকে।

স্পোর্টস তাকের সঙ্গে কথা বলতে গিয়ে গাভাস্কার ভারতের নির্বাচকদের পরামর্শ দিয়ে বলেছেন, ‘আমরা পত্রিকার খবরে দেখছি যে, রোহিত শর্মা প্রথম টেস্টে খেলবে না। খুব সম্ভবত সে দ্বিতীয় টেস্টেও খেলবে না। যদি এটাই হয়, আমি বলব এখনই ভারতের নির্বাচক কমিটির বলা উচিত, ‘তোমার যদি বিশ্রাম নিতে হয়, বিশ্রাম নাও। ব্যক্তিগত সমস্যা থাকলে সেগুলো খেয়াল করো। কিন্তু তুমি যদি সিরিজের দুই-তৃতীয়াংশ মিস করো, এই সিরিজে তোমাকে শুধুই একজন খেলোয়াড় হিসেবে যেতে হবে। আমরা এই সফরের জন্য সহঅধিনায়ককেই অধিনায়কের দায়িত্ব দেব।’

গাভাস্কার এরপর যোগ করেছেন, ‘ভারতে ক্রিকেট সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি বলতে চাই, আমরা নিউজিল্যান্ডের বিপক্ষে যদি ৩-০ জিততাম, তাহলে ভিন্ন ব্যাপার ছিল। কারণ, আমরা সিরিজটি ৩-০ ব্যবধানে হেরেছি। একজন অধিনায়কের দরকার। অধিনায়ক দলকে একত্রিত করে। শুরুতেই যদি কোনো অধিনায়ক না থাকে, তাহলে অন্য কাউকে অধিনায়ক করাটাই ভালো।’

বুমরা এখন পর্যন্ত ভারতকে শুধু একটা টেস্টেই নেতৃত্ব দিয়েছেন, ২০২২ সালে ইংল্যান্ডের বিপক্ষে বার্মিংহামে। সেই ম্যাচে ৩৭৮ রানের লক্ষ্যে খেলতে নেমে ৭ উইকেটে জিতেছিল ইংল্যান্ড।

গত জুনে ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়ে এই সংস্করণ ছেড়েছেন রোহিত শর্মা। ৩৭ বছর বয়সি এই ব্যাটার এখন শুধু টেস্ট ও ওয়ানডের। অস্ট্রেলিয়া সফরেও রোহিতের ব্যর্থতার ধারা বজায় থাকলে তাকে টেস্ট ফরম্যাট থেকে বাদ দেয়া হবে এমন কথাও চাউর হয়েছে ভারতের গণমাধ্যমে।

তবে ভারতের সাবেক অধিনায়ক ও বিশ্বকাপ জেতা দলের সদস্য কৃষ্ণামাচারি শ্রীকান্ত মনে করেন ভিন্ন কিছু। তার মতে, অস্ট্রেলিয়ার বিপক্ষে বোর্ডার-গাভাস্কার সিরিজে ভালো করতে না পারলে নির্বাচকরা বাদ দেয়ার আগেই রোহিত নিজেই সরে যাবেন টেস্ট ফরম্যাটের ক্রিকেট থেকে।

শ্রীকান্ত নিজের ইউটিউব চ্যানেলে বলেন, ‘রোহিত শর্মা ভালো করতে না পারলে আমার মনে হয়, সে নিজেই টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়াবে। শুধু ওয়ানডে খেলবে। টি-টোয়েন্টি তো আগেই ছেড়েছে। আমাদের মনে রাখতে হবে, তার বয়স বাড়ছে, কমছে না।’

শ্রীকান্ত ভারত অধিনায়কের প্রশংসা করেছেন তার ম্যাচপরবর্তী সংবাদ সম্মেলনের কারণে। অধিনায়ক হিসেবে রোহিতের ব্যর্থতা স্বীকারের সিদ্ধান্ত স্বাগত জানিয়েছেন শ্রীকান্ত ‘রোহিত শর্মার অন্তত কলিজা আছে। গোটা সিরিজে বাজে অধিনায়কত্ব ও খারাপ খেলার ব্যাপারটি স্বীকার করে নেয়ার জন্য তাকে টুপি খোলা অভিনন্দন। এটা অসাধারণ।’

একই সূত্রে সাবেক এই ক্রিকেটার বলেন, ‘কোনো খেলোয়াড়ের ছন্দে ফেরার এটা প্রথম ধাপ। ভুল স্বীকার করা খুব গুরুত্বপূর্ণ। একজন মানুষের এটা অন্যতম গুরুত্বপূর্ণ গুণও। সে সবার সামনে এটা স্বীকার করেছে এবং তার অর্থ হলো ছন্দে ফেরার পথেই আছে। আমি এটাই মনে করি।’

যেহেতু টি-টোয়েন্টি থেকে এরই মধ্যে রোহিত অবসরে গেছেন। আপাতত তিনি ওয়ানডে খেলে যাবেন বলে মনে করেন শ্রীকান্ত, ‘সে হয়তো শুধু ওয়ানডে খেলে যাবে। যেহেতু ইতোমধ্যে টি-টোয়েন্টি থেকে অবসরে গেছে। এটা মনে রাখতে হবে রোহিতের বয়স হয়ে যাচ্ছে।’

টেস্ট ক্রিকেটে ৪২ দশমিক ২৭ গড়ে ৪ হাজার ২৭০ রান করেছেন রোহিত। তার সাম্প্রতিক সময়ের ফর্মই আলোচনায়। শেষ ১০ ইনিংসে হাফসেঞ্চুরি মাত্র একটি। সিঙ্গেল ডিজিটে স্কোর রয়েছে ৬টি! কিউইদের বিপক্ষে তো গুরুত্বপূর্ণ মুহূর্তে বিলাসী শট খেলে বিপদ ডেকে এনেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

টিআইবি মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন চেষ্টার নিন্দা জামায়াতের

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন চেষ্টার নিন্দা জামায়াতের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App