নিউইয়র্কে বন্দুক হামলায় ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৮:২৬ পিএম
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কোনি আইল্যান্ড এলাকায় ভয়াবহ গোলাগুলির ঘটনায় চার শিশুসহ অন্তত আটজন গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের মধ্যে ২১ বছর বয়সী এক নারীর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।
এনবিসি নিউজের প্রতিবেদনের বরাত দিয়ে জানা গেছে, স্থানীয় সময় শনিবার (৪ জুলাই) রাত প্রায় ১০টা ৩৭ মিনিটে একাধিক ব্যক্তি গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নিউইয়র্ক পুলিশ বিভাগ (এনওয়াইপিডি)। পরে আহত আটজনকে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ জানিয়েছে, আহতদের বয়স ৬ থেকে ৩৭ বছরের মধ্যে। তাদের মধ্যে সাতজনের অবস্থা বর্তমানে স্থিতিশীল। তবে বুকে গুলিবিদ্ধ ২১ বছর বয়সী এক নারীর অবস্থা গুরুতর।
আহত চার শিশুর মধ্যে ৬ বছর বয়সী এক শিশুর পেটে, ৭ বছর বয়সী আরেক শিশুর দুই পায়ে, ১২ বছর বয়সী এক শিশুর পায়ে এবং ১৪ বছর বয়সী এক কিশোরের উরুতে গুলি লেগেছে।
ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে বলে জানিয়েছে এনওয়াইপিডি।
পুলিশ ঘটনার কারণ অনুসন্ধান করছে। প্রাথমিকভাবে গোলাগুলির পেছনের উদ্দেশ্য সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।
