×

যুক্তরাষ্ট্র

সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ এএম

সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র

ছবি : সংগৃহীত

সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রায় ২৪ দশমিক ৩ বিলিয়ন ডলারের এই চুক্তির আওতায় বিশ্বের অন্যতম অত্যাধুনিক যুদ্ধবিমান পাবে সৌদি আরব। তবে রিয়াদের কাছে এফ-৩৫ বিক্রির সিদ্ধান্তে ইসরায়েলের উদ্বেগের পাশাপাশি চীনের সম্ভাব্য গোয়েন্দা তৎপরতা নিয়েও প্রশ্ন উঠেছে।

সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, প্রস্তাবিত এ বিক্রি উপসাগরীয় অঞ্চলে রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ন্যাটোর বাইরের একটি মিত্র দেশের নিরাপত্তা জোরদার করবে। পাশাপাশি এটি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তার লক্ষ্য বাস্তবায়নেও ভূমিকা রাখবে।

ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সবচেয়ে আধুনিক যুদ্ধবিমান হিসেবে পরিচিত এফ-৩৫ সৌদির কাছে বিক্রি করা হলেও এতে আঞ্চলিক সামরিক ভারসাম্যে কোনো পরিবর্তন হবে না। দীর্ঘদিনের মার্কিন নীতির সঙ্গে সামঞ্জস্য রেখেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই নীতিতে সম্ভাব্য আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীদের তুলনায় ইসরায়েলের সামরিক সক্ষমতা এগিয়ে রাখার বিষয়টি গুরুত্ব পায়।

এমন সময় সৌদির কাছে এফ-৩৫ বিক্রির ঘোষণা এলো, যখন ইয়েমেনের হুতিরা গত বুধবার দাবি করেছে, তারা মারিবের আকাশে একটি সৌদি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে।

সৌদি-সমর্থিত ইয়েমেন সরকারের বাহিনীর সঙ্গে সংঘাতে গুরুত্বপূর্ণ শহর মারিব। হুতিরা এ ঘটনার একটি ভিডিওও প্রকাশ করেছে। এতে তাদের যোদ্ধাদের একটি জ্বলন্ত ধ্বংসাবশেষের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ধ্বংসাবশেষটি যুক্তরাষ্ট্রে তৈরি সৌদি চিহ্নযুক্ত এফ-১৫ যুদ্ধবিমানের বলে দাবি করেছে তারা।

হুতিদের দাবি, ‘স্থানীয়ভাবে তৈরি’ ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করে যুদ্ধবিমানটি ভূপাতিত করা হয়েছে। দাবিটি সত্য হলে ইয়েমেনে হুতিদের সামরিক সক্ষমতায় বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত মিলতে পারে। এতদিন ইয়েমেনে সৌদি আরবের সামরিক বাহিনী তুলনামূলকভাবে আকাশপথে আধিপত্য ধরে রেখেছে এবং বিমান হামলার সক্ষমতার ওপর ব্যাপকভাবে নির্ভর করেছে।

এদিকে সৌদি আরব ও হুতিদের মধ্যে সংঘাত তীব্র হওয়ার মধ্যে বৃহস্পতিবার অন্তত পাঁচজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে তিনটি শিশুও রয়েছে বলে জানা গেছে।

এফ-৩৫ বিক্রির ক্ষেত্রে সম্ভাব্য চীনা গোয়েন্দা তৎপরতা নিয়েও যুক্তরাষ্ট্রে উদ্বেগ রয়েছে। দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের সঙ্গে চীনের ঘনিষ্ঠ অংশীদারত্বের কারণে বেইজিং এফ-৩৫-এর গুরুত্বপূর্ণ প্রযুক্তি সম্পর্কে তথ্য পেতে পারে—এমন আশঙ্কা করছেন মার্কিন গোয়েন্দা বিশ্লেষকেরা।

এ কারণে চুক্তিটির বিরোধিতা করেছেন মার্কিন কংগ্রেসের প্রতিনিধি রাজা কৃষ্ণমূর্তি। ডেমোক্র্যাটিক পার্টির এই সদস্য প্রতিনিধি পরিষদের গোয়েন্দা কমিটিতে রয়েছেন।

এক বিবৃতিতে তিনি বলেন, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো যখন সতর্ক করছে যে চুক্তিটির মাধ্যমে দেশটির গুরুত্বপূর্ণ সামরিক প্রযুক্তি চীনের নাগালের মধ্যে চলে যেতে পারে, তখন এ চুক্তি এগিয়ে নেওয়া উচিত নয়।

এর আগে গত মাসে সৌদি আরব পাকিস্তান ও তুরস্কের সঙ্গে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সই করেছে। ‘মক্কা চুক্তি’ নামে পরিচিত এই সমঝোতা থেকে ওয়াশিংটনের ওপর নির্ভরতা কমিয়ে পারস্পরিক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের উদ্যোগের ইঙ্গিত পাওয়া যায়।

তবে সৌদি আরব দীর্ঘদিন ধরেই এফ-৩৫ যুদ্ধবিমান কেনার চেষ্টা করে আসছে। মধ্যপ্রাচ্যে বর্তমানে এফ-৩৫ পরিচালনাকারী একমাত্র দেশ ইসরায়েল। রিয়াদের কাছে এই যুদ্ধবিমান বিক্রির বিষয়ে ইসরায়েলি কর্মকর্তারা উদ্বেগ প্রকাশ করেছেন। একই সময়ে সৌদি আরব ও ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার জন্য যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে চাপও রয়েছে।

এফ-৩৫ যুদ্ধবিমানের বহুদেশীয় উন্নয়ন কর্মসূচিতে অংশ নেওয়া ন্যাটো সদস্য তুরস্ককে ২০১৯ সাল থেকে এই যুদ্ধবিমান দেওয়া বন্ধ রেখেছে যুক্তরাষ্ট্র। ওই বছর রাশিয়ার কাছ থেকে এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার পর তুরস্কের ওপর এই নিষেধাজ্ঞা দেওয়া হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

লোডশেডিং কমাতে গিয়েই বাড়ছে লোডশেডিং!

লোডশেডিং কমাতে গিয়েই বাড়ছে লোডশেডিং!

পাভেলের ভাইরাল ভিডিওর সেই নারী কে?

পাভেলের ভাইরাল ভিডিওর সেই নারী কে?

২০ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

২০ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র

সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App