ঘন কুয়াশার চাদরে ঢাকা দিনাজপুরে জনপদ
কাগজ ডেস্ক
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ০৮:২৩ এএম
কুয়াশার চাদরে মোড়া দিনাজপুরের জনপদ। ছবি: সংগৃহীত
উত্তরের হিমেল হাওয়া আর ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে উত্তরের জেলা দিনাজপুরের জনপদ। কুয়াশার চাদরে ঢেকে গেছে ওই অঞ্চলের রাস্তা-ঘাট, মাঠ-ঘাটসহ পুরো এলাকা। সকাল থেকেই হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলাচল করছে যানবাহন। কুয়াশা আর হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। নিতান্তই প্রয়োজন কিংবা জীবিকার তাগিদে ছুটে চলা মানুষের দেখা মিলছে পথে-ঘাটে।
আবহাওয়া অফিসের তথ্যমতে, মঙ্গলবার (১০ ডিসেম্বর) দিনাজপুরে সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ৯৫ শতাংশ। জেলায় চলতি শীত মৌসুমে সর্বনিম্ন ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, মঙ্গলবার সকাল ৬টায় দিনাজপুরের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ। বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১ কিলোমিটার।
ঘন কুয়াশা এবং কম তাপমাত্রার প্রভাবে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। দুর্ভোগ বাড়ছে খেটে খাওয়া মানুষের। তারা ঠিকমতো কাজে যেতে পারছেন না। ফলে উপার্জনে ভাটা পড়তে শুরু করেছে।
স্থানীয় কয়েকজন শ্রমিক জানান, রাত থেকে এতো বেশি কুয়াশা পড়ে যে সামনের ১০ হাত দূরের গাড়ি ঠিকমতো দেখা যায় না। এতে গন্তব্য পৌঁছাতে বেশি সময় লেগে যাচ্ছে যানবাহনগুলোর। সেইসঙ্গে কমে গেছে দৈনন্দিন রোজগার।
কুয়াশা আর ঠান্ডা বাতাসের কারণে মানুষ বাড়ি থেকে বের হতে পাচ্ছেন না। একইসঙ্গে বেড়েছে শীতজনিত রোগব্যাধি। বিশেষ করে শিশু ও বয়স্করা পড়েছে চরম বিপাকে। ঠান্ডাজনিত নানা অসুখ নিয়ে স্থানীয় হাসপাতালে ভর্তি হচ্ছেন অনেক মানুষ।
আরো পড়ুন : সন্ধ্যার মধ্যে যেসব জেলায় বৃষ্টির পূর্বাভাস
