বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সারা দেশে ভারী বৃষ্টির শঙ্কা
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০৯:৪১ এএম
ছবি : সংগৃহীত
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় সৃষ্ট মৌসুমি নিম্নচাপটি আরো শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় কয়েকদিন ধরে ভারী বৃষ্টি, বজ্রসহ বর্ষণ এবং দমকা হাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গভীর নিম্নচাপটি উত্তর দিকে অগ্রসর হয়ে সোমবার সন্ধ্যার দিকে পশ্চিমবঙ্গ ও উত্তর ওডিশা উপকূল অতিক্রমের প্রক্রিয়ায় ছিল। বর্তমানে মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, গভীর নিম্নচাপের কেন্দ্র এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে দেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগর উত্তাল অবস্থায় রয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং ঢাকা, রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের অনেক স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
আরো পড়ুন : হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর
মঙ্গলবার (২৮ জুলাই) রাজধানী ঢাকায় আকাশ আংশিক থেকে সম্পূর্ণ মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় হালকা বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।
বুধবার দেশের আট বিভাগের অধিকাংশ এলাকাতেই বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের পাশাপাশি দিনের ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
বৃহস্পতিবারও দেশের বেশিরভাগ অঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের পাশাপাশি অন্যান্য বিভাগের বিভিন্ন স্থানে ভারী বর্ষণ হতে পারে। তবে এদিন তাপমাত্রা সামান্য বাড়তে পারে। শুক্রবারও দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ১৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে হাতিয়ায়। এছাড়া মোংলায় ৩৭ মিলিমিটার, শ্রীমঙ্গলে ৩৬ মিলিমিটার এবং তাড়াশে ২৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। একই সময়ে ঢাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
