করোনায় গ্রামে ফেরা কর্মহীন ১০% মানুষ এখনও শহরে ফিরতে পারেনি
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২০ এপ্রিল ২০২১, ০৫:৫০ পিএম
ফাইল ছবি
করোনার এক বছর পার হয়েছে। এ সময়ে লোক কাজ হারিয়েছেন। অনেকের আয় কমেছে। অনেকে ঋণের জালে জড়িয়ে এবং সঞ্চয় হারিয়ে বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠী এখনও তাদের দৈনন্দিন জীবন চালাতে প্রতিনিয়ত যুদ্ধ করছে। বিশেষ করে শহুরে বস্তিবাসীদের অবস্থা বেশ ভয়াবহ। শহরে আয়ের সুযোগ কমে যাওয়ায় বস্তি থেকে গ্রামে চলে যাওয়ার ঘটনা অনেক ঘটেছে। গতবছর ২৭ দশমিক ৩ শতাংশ বস্তিবাসী শহর ছেড়েছিলো যাদের ৯ দশমিক ৮ শতাংশ এখনো ফেরেনি। ২০২০ সালের এপ্রিল থেকে ২০২১ সালের মার্চ পর্যন্ত পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশান রিসার্চ সেন্টার (পিপিআরসি) এবং ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্ন্যান্স অ্যান্ড ডেভলপমেন্ট (বিআইজিডি)-র করা যৌথ গবেষণার তৃতীয় ধাপে পাওয়া গেছে এমন বেশ কিছু তথ্য।
মঙ্গলবার (২০ এপ্রিল) অনলাইন সংবাদ সম্মেলনে এই ফলাফল তুলে ধরেন পিপিআরসি’র নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান এবং বিআইজিডি’র নির্বাহী পরিচালক ড. ইমরান মতিন ।
টেলিফোনের মাধ্যমে দেশব্যাপী তিন ধাপে করা এই জরিপে কোভিড-১৯ এর কারণে সৃষ্ট দারিদ্র্যের গতিপ্রকৃতি এবং স্বল্প আয়ের মানুষদের মাঝে এর প্রভাব সম্পর্কে গবেষণা করা হয়েছে। গবেষণায় দেখা গেছে, শহুরে বস্তিতে কোভিড-পূর্ব অবস্থার আয়ের চেয়ে এখনকার আয় ১৪ শতাংশ কম ।
দেখা গেছে, দারিদ্র্যসীমার উপরে কিন্তু মধ্যম জাতীয় আয়সীমার নিচে থাকা শ্রেণীর মানুষদের অবস্থা পরিবর্তিত হচ্ছে সবচেয়ে ধীরগতিতে। গত জুনে দরিদ্র নয় কিন্তু সেই ঝুঁকিতে থাকা এই মানুষদের ৭২ শতাংশ দারিদ্র্যসীমার নিচে অবস্থান করছিলো। তাদের আখ্যায়িত করা হয়েছিল “নতুন দরিদ্র” হিসেবে। সেই নতুন দরিদ্রদের ৫০ শতাংশ এখনও ঝুঁকিতে থাকা মানুষের তালিকায় বিদ্যমান। এই হার শহরে ৫৯ শতাংশ এবং গ্রামে ৪৪ শতাংশ। গবেষণায় দেখা যাচ্ছে, বর্তমানে ১৪ দশমিক ৮ শতাংশ নতুন দরিদ্রদের এই হার বিগত বছরের জুনে ছিলো ২১ দশমিক ২ শতাংশ। যদিও কর্মসংস্থানের ক্ষেত্রে বিগত জুন মাস থেকে উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। তারপরও কোভিডের পূর্বে কাজ ছিলো কিন্তু এখন বেকার এমন মানুষ রয়েছে ৮ শতাংশ। কর্মহীনতার এই ধারা নারীদের জন্য বেশ আশংকাজনক। কোভিডের আগে কর্মজীবি ছিলেন এমন নারীদের এক-তৃতীয়াংশ গত বছর জুন মাস থেকে এখনও বেকার। পুরুষদের ক্ষেত্রে এই হার নেমে এসেছে ১৬ থেকে ৬ শতাংশে।
ড. হোসেন জিল্লুর রহমান শহরের দরিদ্র শ্রেণী এবং নতুন দরিদ্রদের জন্য বর্তমানে থাকা সুরক্ষা কর্মসূচীর পাশাপাশি কার্যকরী ও প্রযুক্তিভিত্তিক নতুন ও তাৎপর্যপূর্ণ আরোও কর্মসূচী হাতে নেয়া উচিত বলে মন্তব্য করেন। তিনি জানান, সিএসএমই-সহ অর্থনৈতিক দুরবস্থায় পড়া খাতগুলোতে একটি পরিকল্পিত এবং জোর ধাক্কাব দেয়া প্রয়োজন। শুধু তাই নয় তিনি অতিদ্রুত একটি জাতীয় সিএসএমই পুনরুদ্ধার কর্মসূচী প্রণয়নেরও আহ্বান জানান।
