×

জাতীয়

গোপালগঞ্জে বন্ধ থাকবে ট্রেন ও দুই থানার কার্যক্রম, স্থগিত সরকারি বরাদ্দ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ পিএম

গোপালগঞ্জে বন্ধ থাকবে ট্রেন ও দুই থানার কার্যক্রম, স্থগিত সরকারি বরাদ্দ

ছবি : সংগৃহীত

নিরাপত্তাঝুঁকি বিবেচনায় গোপালগঞ্জের সঙ্গে বন্ধ থাকা ট্রেন চলাচল এবং পুড়িয়ে দেওয়া টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানার কার্যক্রম আপাতত চালু হচ্ছে না। একই সঙ্গে জেলার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের সরকারি বরাদ্দও স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে।

১৫ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিক্ষোভ, ভাঙচুর ও নাশকতার ঘটনার পর গোপালগঞ্জের সঙ্গে অন্যান্য জেলার ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। রেলপথ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ট্রেন চলাচল পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে না।

গোপালগঞ্জে প্রতিদিন পাঁচটি ট্রেন চলাচল করত। এর মধ্যে টুঙ্গিপাড়া এক্সপ্রেস গোপালগঞ্জ থেকে রাজশাহী, অভিযাত্রী কমিউটার ঢাকা থেকে গোপালগঞ্জ, রূপসী বাংলা ঢাকা থেকে কাশিয়ানী হয়ে বেনাপোল, জাহানাবাদ এক্সপ্রেস ঢাকা থেকে কাশিয়ানী হয়ে খুলনা এবং ভাটিয়াপাড়া এক্সপ্রেস ভাঙ্গা থেকে ভাটিয়াপাড়া পর্যন্ত চলাচল করত। ১৫ নভেম্বর থেকে এসব ট্রেনের চলাচল বন্ধ রয়েছে।

পুড়িয়ে দেওয়া টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানার কার্যক্রমও আপাতত চালু হচ্ছে না। থানা দুটিতে অগ্নিসংযোগের পর থেকে কার্যক্রম বন্ধ রয়েছে। বর্তমানে ওই দুই থানার কার্যক্রম গোপালগঞ্জ সদর থানার মাধ্যমে পরিচালিত হচ্ছে। তবে থানা দুটির সংস্কারকাজ এখনো শুরু হয়নি। পরিস্থিতি স্বাভাবিক হলে সংস্কারকাজ শুরু করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মনজুর মোর্শেদ চৌধুরী গণমাধ্যমকে জানান, ট্রেন চলাচল চালুর বিষয়টি রেলপথ মন্ত্রণালয় দেখবে। পুড়ে যাওয়া দুই থানার পুলিশ সদস্যরা জেলার মধ্যেই কর্মরত রয়েছেন। তবে থানা দুটির কার্যক্রম কবে নাগাদ পুনরায় চালু হবে, সে বিষয়ে তিনি নির্দিষ্ট করে কিছু জানাননি।

মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ আশিক কবিরও গণমাধ্যমকে জানান, পুড়ে যাওয়া থানা দুটির সংস্কারকাজ এখনো শুরু হয়নি। এতে কিছুটা সময় লাগবে। ট্রেন চলাচলও বন্ধ রয়েছে এবং তা পুনরায় চালু হতে সময় লাগবে।

গোপালগঞ্জে আপাতত স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতায় বিভিন্ন সরকারি বরাদ্দ স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে। জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদে বরাদ্দ করা অর্থের তৃতীয় কিস্তি গোপালগঞ্জে ছাড় করা হবে না। আগামী জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত এই কিস্তির অর্থ স্থগিত থাকবে।

গত ১৫ নভেম্বর গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দেশি অস্ত্র নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। এ সময় পুলিশের সাঁজোয়া যান পুড়িয়ে দেওয়া, পুলিশ বক্স ভাঙচুর, জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বরের নামফলক ভাঙচুর এবং স্থানীয় বিএনপির তিন সংসদ সদস্যের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব ঘটনার পর জেলার সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়।

এরপর ১৭ নভেম্বর টুঙ্গিপাড়া থানা এবং ১৯ নভেম্বর মুকসুদপুর থানা পুড়িয়ে দেওয়া হয়। এতে থানা দুটির কার্যক্রম বন্ধ হয়ে যায়। ফলে স্থানীয় বাসিন্দারা ভোগান্তিতে পড়েছেন। সাধারণ ডায়েরি (জিডি) ও মামলা করতে গিয়ে সমস্যার মুখে পড়ছেন অনেকে।

এ ছাড়া ২৩ নভেম্বর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে গোপালগঞ্জ শহরের পুরোনো লঞ্চঘাট এলাকার গোলচত্বরে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে চারজন গুলিবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, ভবিষ্যতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ড মোকাবিলায় সরকার বলপ্রয়োগ করবে না এবং মারণাস্ত্রও ব্যবহার করা হবে না। আবারও গাছ কেটে সড়ক অবরোধ কিংবা বাড়িঘরে হামলার ঘটনা ঘটলেও সরকারের অবস্থান একই থাকবে বলে জানান ওই কর্মকর্তা।

মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির জানান, আগামী মাসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকটি কর্মসূচি থাকায় হামলা-ভাঙচুরের আশঙ্কা রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগে এসব সেবা চালুর সম্ভাবনা কম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভারতে শেখ হাসিনার গোপন আস্তানা কোথায়?

ভারতে শেখ হাসিনার গোপন আস্তানা কোথায়?

গোপালগঞ্জে বন্ধ থাকবে ট্রেন ও দুই থানার কার্যক্রম, স্থগিত সরকারি বরাদ্দ

গোপালগঞ্জে বন্ধ থাকবে ট্রেন ও দুই থানার কার্যক্রম, স্থগিত সরকারি বরাদ্দ

আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সাংবাদিক বাবুল আকতারের মাতার ৯ম মৃত্যু বার্ষিকী আজ

সাংবাদিক বাবুল আকতারের মাতার ৯ম মৃত্যু বার্ষিকী আজ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App