আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ পিএম
ছবি : সংগৃহীত
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, দলটির রাজনৈতিক স্বীকৃতি নেই এবং বাংলাদেশের জনগণও তাদের রাজনৈতিক স্বীকৃতি দেবে না। চব্বিশের গণঅভ্যুত্থানে গণহত্যার মধ্য দিয়ে দলটির পতন হয়েছে এবং নেতারা দেশ ছেড়ে পালিয়ে আশ্রয় নিয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পলাতক, দণ্ডপ্রাপ্ত ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে সরকার আগেই সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে অভিহিত করেছে। রাজনৈতিক দল হিসেবে তাদের কোনো স্বীকৃতি নেই। বাংলাদেশের মানুষও তাদের স্বীকৃতি দেবে না।
তিনি বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে গণহত্যার মাধ্যমে যেসব অপশক্তি, মাফিয়া শক্তি, ফ্যাসিস্ট গোষ্ঠী ও অগণতান্ত্রিক শক্তি দেশ থেকে বিতাড়িত হয়েছে, তাদের আর রাজনীতিতে ফিরে আসার সুযোগ নেই। পৃথিবীর ইতিহাসে এ ধরনের ঘটনার নজির রয়েছে। জার্মানির নাৎসি বাহিনীর উদাহরণ টেনে তিনি বলেন, এমন শক্তি একসময় রাজনীতিতে আর ফিরে আসতে পারেনি।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, জাতীয় সংসদেও তিনি বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ফ্যাসিস্ট গোষ্ঠী ও ফ্যাসিবাদী মাফিয়া শক্তি বাংলাদেশে আর প্রত্যাবর্তন করতে পারবে না কিংবা রাজনীতি করতে পারবে না। গণতান্ত্রিক আচরণ ও গণতান্ত্রিক রাজনীতির চর্চা তাদের মধ্যে কখনো ছিল না বলেও মন্তব্য করেন তিনি।
আওয়ামী লীগের দেশে ফেরার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তারা দেশে ফিরতে পারে। এ বিষয়ে সংশ্লিষ্ট দেশের কাছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কূটনৈতিক চ্যানেলে চিঠি পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট দেশ আইনানুগভাবে বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে ব্যবস্থা নেবে বলে জানিয়েছে।
