বোমা তৈরির সময় সাবেক এমপির পিএস নিহত
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ পিএম
ছবি : সংগৃহীত
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ককটেল বোমা তৈরির সময় বিস্ফোরণে টমাস (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
বুধবার (২৫ নভেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার মনাকষা ইউনিয়নের চৌকা সীমান্তসংলগ্ন একটি ঘাসের জমিতে এ বিস্ফোরণ ঘটে।
নিহত টমাস শিবগঞ্জ উপজেলার বিশ্বনাথপুর টোলা গ্রামের গোলাম মর্তুজার ছেলে। তিনি চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ডা. শামিল উদ্দিন আহমেদ শিমুলের ব্যক্তিগত সহকারী (পিএস) ছিলেন। পাশাপাশি তিনি কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের নেতা ছিলেন।
পুলিশ জানায়, বুধবার দুপুরে হঠাৎ বিকট বিস্ফোরণে আশপাশের এলাকা কেঁপে ওঠে। শব্দ শুনে ও ধোঁয়ার কুণ্ডলী দেখে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে একজনকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। সেখানে বোমা তৈরির বিভিন্ন সরঞ্জামও ছড়িয়ে-ছিটিয়ে ছিল।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মনাকষা ইউনিয়নের চৌকা সীমান্তে ককটেল তৈরির সময় বিস্ফোরণে একজন নিহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থলে ছড়িয়ে থাকা ককটেল তৈরির সরঞ্জাম আলামত হিসেবে জব্দের প্রক্রিয়া চলছে।
তিনি আরও বলেন, নিহত টমাস সাবেক সংসদ সদস্য ডা. শামিল উদ্দিন আহমেদ শিমুলের পিএস ছিলেন। ডিসেম্বরকে কেন্দ্র করে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে বোমা তৈরি করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
