আওয়ামী লীগের উপজেলা সভাপতিসহ আটক ১৪
কাগজ ডেস্ক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২ পিএম
ছবি: সংগৃহীত
পাবনায় নাশকতা সৃষ্টি ও মিছিল করার প্রস্তুতির সময় দেশে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল ওহাবসহ ১৪-১৫ জন নেতাকর্মীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে পাবনা শহরের আব্দুল হামিদ রোডের ইন্দিরা মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় শুধু সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাবের পরিচয় নিশ্চিত হওয়া গেলেও অন্যদের তাৎক্ষণিক নাম-পরিচয় জানা যায়নি।
আরো পড়ুন: বিশেষ অভিযানে আওয়ামী লীগের ৪০ সদস্য গ্রেপ্তার
পাবনা জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম জানান, অভিযুক্তরা শহরে নাশকতার উদ্দেশ্যে মিছিল করার প্রস্তুতি নিচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটককৃতদের পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রসঙ্গত, ছাত্র-জনতার অভ্যুত্থানের পর থেকে এ নিয়ে তৃতীয়বারের মতো আটক হলেন আব্দুল ওহাব। এর আগে গত ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি মথুরাপুর এলাকা থেকে তাকে আটক করেছিল পুলিশ। সে সময় তাকে পুলিশ ভ্যানে তোলার সময় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেন; এতে আট পুলিশ সদস্য আহত হন। ঘটনার তিন দিন পর, ৫ ফেব্রুয়ারি তাকে পুনরায় গ্রেপ্তার করে পুলিশ।
কারাগার থেকে জামিনে মুক্ত হয়ে আব্দুল ওহাব ও তার অনুসারীরা সুজানগরে দলীয় কার্যক্রম পুনরায় চালুর চেষ্টা করেন। এর ধারাবাহিকতায় চলতি বছরের ২৩ এপ্রিল গভীর রাতে সুজানগরের মথুরাপুর এলাকায় অভিযান চালিয়ে আব্দুল ওহাবের অনুসারী হিসেবে পরিচিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ২১ নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের ভাষ্যমতে, নাশকতার পরিকল্পনা করার অভিযোগে ওই অভিযান চালানো হয়েছিল। ওই ঘটনার কয়েক সপ্তাহ পর তারা জামিনে মুক্তি পান।
