চিরুনি অভিযান শুরু, মাঠে নামছে ৪ বাহিনী
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১০:১৫ পিএম
ছবি : সংগৃহীত
গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় নাশকতা ও সহিংসতার ঘটনায় জড়িত সন্দেহভাজন ব্যক্তিদের গ্রেপ্তারে রাজধানী ঢাকায় চিরুনি অভিযান শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের যেসব নেতাকর্মী বিভিন্ন এলাকায় সহিংসতা চালিয়ে ঢাকায় আশ্রয় নিয়েছেন, তাঁদের শনাক্ত করে আইনের আওতায় আনার লক্ষ্যেই এ অভিযান চালানো হচ্ছে।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী।
তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে নাশকতা ও সহিংসতার পর রাজধানীতে পালিয়ে আসা ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশ ইতোমধ্যে চিরুনি অভিযান শুরু করেছে। নাশকতা প্রতিরোধে রাজধানীর বিভিন্ন স্থানে তল্লাশিচৌকি ও টহল বাড়ানো হয়েছে।
নাশকতার উদ্দেশ্যে কেউ বের হলে তাঁকে শনাক্ত করে আইনের আওতায় আনাই এসব তল্লাশিচৌকির মূল লক্ষ্য বলে জানান তিনি।
নিয়াজ মেহেদী আরও বলেন, নাশকতার ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনতে পুলিশ কাজ করছে। ইতোমধ্যে কয়েকজন সংগঠক ও রাজনৈতিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আত্মগোপনে থাকা এবং পালিয়ে যাওয়া ব্যক্তিদের ধরতে শিগগিরই আরও অভিযান চালানো হবে।
নিরাপত্তায় মাঠে চার বাহিনী
গোপালগঞ্জে সাম্প্রতিক নাশকতার ঘটনার পর রাজধানীসহ সারা দেশে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আগামী ১৯ নভেম্বর আওয়ামী লীগের কথিত ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতার আশঙ্কা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
তাঁদের দাবি, ডিসেম্বরকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পরিকল্পনা রয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের। এ আশঙ্কায় নাশকতা প্রতিরোধে রাজধানীতে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), ডিএমপি, গোয়েন্দা পুলিশ (ডিবি) ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) একযোগে কাজ করছে। রাজধানীর পাশাপাশি দেশের সব বিভাগ ও জেলায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান ও ডিএমপির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম যুগান্তরকে বলেন, রাজধানীর প্রবেশপথ, সাভার, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জসহ আশপাশের জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত চেকপোস্ট বসানো হয়েছে। ফলে বাইরের জেলা থেকে বাস বা ট্রাকে করে নাশকতাকারীদের ঢাকায় এসে জড়ো হওয়ার সুযোগ কমেছে।
তিনি জানান, রাজধানীর সন্দেহভাজন এলাকা, মেস ও আবাসিক হোটেলগুলোতে নিয়মিত এবং আকস্মিক তল্লাশি চালানো হচ্ছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাশকতার পরিকল্পনাকারী, অর্থ জোগানদাতা ও মাঠপর্যায়ের কর্মীদের গ্রেপ্তারে দেশজুড়ে অভিযান চলছে। ইতোমধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।
নাশকতার সরঞ্জাম ও অস্ত্রশস্ত্র সংগ্রহের উৎস বন্ধ করতেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে বলে জানান তিনি।
