ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১০:২০ পিএম
ছবি : সংগৃহীত
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পুনরুত্থান ঠেকাতে ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে প্রায় বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা এবং ঢাকার যানজট কমাতে ৫০টি পয়েন্টে এআই-চালিত ট্রাফিক সিগন্যাল চালুর কথা জানিয়েছেন তিনি।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশকে আবারও তাবেদারি রাষ্ট্রে পরিণত করার চক্রান্তে লিপ্ত হয়েছে একটি সন্ত্রাসী গোষ্ঠী। দেশে ও বিদেশে চিহ্নিত এই গোষ্ঠী আবারও দেশ ও জনগণের বিরুদ্ধে তৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
তারেক রহমান বলেন, পতিত ও পরাজিত অপশক্তির পুনরুত্থান ঠেকাতে এবং দেশকে তাবেদারি রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র রুখে দিতে এখন প্রয়োজন দল-মত নির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তির ঐক্য। ২০২৪ সালের মতো সবাইকে এক মঞ্চে এসে দাঁড়াতে হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশকে আর কখনো তাবেদারি রাষ্ট্রে পরিণত হতে দেওয়া হবে না। জনগণ পতিত ফ্যাসিস্ট দলকে আর মাথা তুলে দাঁড়াতে দেবে না।
সংসদে মালয়েশিয়াগামী কর্মীদের জন্য সুখবর দিয়ে প্রধানমন্ত্রী জানান, প্রায় বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়ায় পাঠাতে সক্ষম হবে সরকার।
তিনি বলেন, কয়েক দিন আগে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী জানিয়েছেন, মালয়েশিয়ার সঙ্গে আলোচনার মাধ্যমে কর্মী পাঠানোর জটিলতা সমাধান করা সম্ভব হয়েছে।
তারেক রহমান বলেন, কর্মীদের বিদেশ যাওয়ার ক্ষেত্রে সামান্য কিছু খরচ বহন করতে হবে। এই ব্যবস্থা বাস্তবায়িত হলে প্রায় ১০ হাজার মানুষকে মালয়েশিয়ায় পাঠানো সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
ঢাকার যানজট কমাতে রাজধানীর ৫০টি পয়েন্টে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিসম্পন্ন আধুনিক ট্রাফিক সিগন্যাল স্থাপনের কাজ চলছে বলেও জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, বিভিন্ন সড়কের মোড়ে নতুন সিগন্যাল লাইট বসানো হয়েছে। তবে সেগুলো এখনো কার্যক্রম শুরু করেনি। আগামী দুই মাসের মধ্যে সিগন্যালগুলো চালু করা সম্ভব হবে বলে আশা করছেন তিনি।
প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, এআই-চালিত ট্রাফিক সিগন্যালগুলো কার্যকর হলে রাজধানীর যানবাহন চলাচল আরও সুশৃঙ্খল হবে এবং যানজট পরিস্থিতির উন্নতি ঘটবে।
