তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ পিএম
ছবি : সংগৃহীত
দেশের অর্থনীতিতে নানা সংকট থাকলেও ব্যাংক খাতে কোটিপতি অ্যাকাউন্টের সংখ্যা বাড়ছে। চলতি বছরের জানুয়ারি-মার্চ প্রান্তিকের তুলনায় এপ্রিল-জুন প্রান্তিকে ব্যাংকে কোটি টাকার বেশি আমানত থাকা অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজারের বেশি।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, মার্চ শেষে দেশের ব্যাংকগুলোতে কোটি টাকার অ্যাকাউন্ট ছিল ১ লাখ ৩৬ হাজার ৪৮৫টি। জুন শেষে এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৪১ হাজার ৫৬২টিতে। অর্থাৎ তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার ৭৭টি।
এর আগে গত বছরের ডিসেম্বর শেষে ব্যাংক খাতে কোটি টাকার অ্যাকাউন্ট ছিল ১ লাখ ৩৪ হাজার ৪৪টি। অর্থাৎ ডিসেম্বরের পরও ধারাবাহিকভাবে এ ধরনের অ্যাকাউন্টের সংখ্যা বেড়েছে।
বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, ‘কোটিপতি গ্রাহক বৃদ্ধির অন্যতম কারণ হলো চলমান করনীতি। কর ও ভ্যাট ফাঁকি দিয়ে দিন দিন কোটিপতির সংখ্যা বাড়ছে।’
তিনি এর আরেকটি কারণ হিসেবে রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয়ের কথা উল্লেখ করে বলেন, বর্তমানে রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয়েও অনেকে দ্রুত সম্পদের মালিক হচ্ছেন। তাদের সম্পদের হিসাবও দিতে হয় না। এমনকি দুর্নীতিবাজ ও ঋণখেলাপিদেরও অনেক ক্ষেত্রে জবাবদিহির আওতায় আনা হয় না।
কোটি টাকার অ্যাকাউন্টে আমানত বেড়েছে ১৬ হাজার কোটি
কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, মার্চ শেষে কোটি টাকার অ্যাকাউন্টগুলোতে মোট আমানতের স্থিতি ছিল ৮ লাখ ৫৯ হাজার ১৬২ কোটি টাকা। জুন শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ৮ লাখ ৭৫ হাজার ৬৬০ কোটি টাকায়।
সে হিসাবে তিন মাসে কোটি টাকার অ্যাকাউন্টগুলোতে আমানত বেড়েছে ১৬ হাজার ৪৯৮ কোটি টাকা।
তবে খাতসংশ্লিষ্টরা বলছেন, কোটি টাকার অ্যাকাউন্ট মানেই ওই অ্যাকাউন্টধারী ব্যক্তি কোটিপতি—এমনটা নয়। কারণ ব্যাংকে এক কোটি টাকার বেশি অর্থ থাকা অ্যাকাউন্টের মধ্যে ব্যক্তি ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে। এ ছাড়া ব্যক্তি বা প্রতিষ্ঠান কতটি ব্যাংক হিসাব খুলতে পারবে, তারও নির্দিষ্ট কোনো সীমা নেই। ফলে একই ব্যক্তি বা প্রতিষ্ঠানের একাধিক অ্যাকাউন্ট থাকতে পারে।
এ ছাড়া সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার কোটি টাকার হিসাবও এই পরিসংখ্যানের অন্তর্ভুক্ত রয়েছে।
বেড়েছে মোট অ্যাকাউন্ট ও আমানতও
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, মার্চ শেষে দেশের ব্যাংক খাতে মোট অ্যাকাউন্ট ছিল ১৮ কোটি ২৬ লাখ ১২ হাজার ১৫টি। জুন শেষে এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ কোটি ৬৩ লাখ ৮৪ হাজার ৫৮৮টিতে। অর্থাৎ তিন মাসে ব্যাংক অ্যাকাউন্ট বেড়েছে ৩৭ লাখ ৭২ হাজার ৫৭৩টি।
একই সময়ে ব্যাংক খাতে মোট আমানতের পরিমাণও বেড়েছে। মার্চ শেষে ব্যাংকগুলোর মোট আমানতের স্থিতি ছিল ২১ লাখ ৫৮ হাজার ২৪ কোটি টাকা। জুন শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ২২ লাখ ১০ হাজার ৪৪৪ কোটি টাকায়। অর্থাৎ তিন মাসে ব্যাংক খাতে মোট আমানত বেড়েছে ৫২ হাজার ৪১৯ কোটি টাকা।
