ভাইরাল স্ক্রিনশট নিয়ে যা বললেন ছাত্রদল নেতা হামিম
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ পিএম
ছবি : সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিমের ১২ বছর আগের একটি ফেসবুক আইডির কয়েকটি পোস্টের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এসব স্ক্রিনশটে ওই সময় ইসলামী ছাত্রশিবিরের পক্ষে তার কিছু বক্তব্য ছিল বলে দাবি করা হচ্ছে। বিষয়টি নিয়ে নিজের অবস্থান জানিয়েছেন হামিম।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ১টা ৪৭ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে হামিম বলেন, ২০১৪ সালে, অর্থাৎ প্রায় ১২ বছর আগে খোলা একটি আইডির পোস্ট নিয়ে তার বিরুদ্ধে গুজব ছড়ানো হচ্ছে।
স্ট্যাটাসে তিনি লেখেন, ‘ক্লাস ৮, তাও ২০১৪ সাল। আজ থেকে ১২ বছর আগের আইডি। সেটা নিয়ে গুজবকর্মে নেমেছে সাবেক ছাত্রলীগ ওরফে ইসলামী ছাত্রশিবির।’
হামিম আরও অভিযোগ করেন, একটি পোস্টে তৎকালীন ছাত্রদলের সেক্রেটারিকে ট্যাগ করা হয়েছিল, সেটিকেও অপপ্রচারের অংশ হিসেবে ব্যবহার করা হচ্ছে। নিজের ছোটবোনের সঙ্গে দেওয়া একটি ছবিতে আপত্তিকর মন্তব্য করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।
ভাইরাল হওয়া পোস্টগুলোর প্রসঙ্গ টেনে তিনি আরও লেখেন, ‘CRY More’। পরে নিজের অবস্থান তুলে ধরে তিনি লেখেন, ‘যখন আমরা প্রকাশ্যে এসব বলি, তোমরা তখন লীগের মিছিলে স্লোগান দিতে।’
অন্যদিকে, হামিম পরে যে স্ক্রিনশটগুলো নিজের স্ট্যাটাসে প্রকাশ করেন, সেগুলোতে বিএনপি ও দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আদর্শের প্রতি সমর্থন জানিয়ে বিভিন্ন বক্তব্য দেখা যায়।
এর আগে চলতি বছরের মার্চে হামিমের নামে ‘শিবিরকে ভালো লাগার কারণে ছাত্রদল থেকে বহিষ্কার করলেও আফসোস নেই’—এমন একটি বক্তব্যের ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। আজকের পত্রিকার ফ্যাক্টচেক অনুসন্ধানে ওই ফটোকার্ডকে বানোয়াট বলে উল্লেখ করা হয় এবং হামিম এমন বক্তব্য দেননি বলে জানানো হয়।
