×

মধ্যপ্রাচ্য

হুতিদের বিরুদ্ধে যুদ্ধে জড়াল মিশর, সৌদিতে বিপুল সেনা-যুদ্ধবিমান মোতায়েন

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ পিএম

হুতিদের বিরুদ্ধে যুদ্ধে জড়াল মিশর, সৌদিতে বিপুল সেনা-যুদ্ধবিমান মোতায়েন

ফাইল ছবি

নিরাপত্তা জোরদারে কয়েক মাস আগেই সৌদি আরবে সেনা, যুদ্ধবিমান ও আকাশ প্রতিরক্ষাব্যবস্থা মোতায়েন করেছে মিশর। এ ছাড়াও লোহিত সাগরের গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালির কাছেও যুদ্ধজাহাজ পাঠিয়েছে কায়রো। দেশটির সামরিক সূত্রগুলোর বরাতে এ তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই।

মিশরের এক সামরিক সূত্র জানিয়েছে, সৌদি আরবে পাঠানো সামরিক সরঞ্জামের মধ্যে রয়েছে রাফায়েল যুদ্ধবিমানের একটি স্কোয়াড্রন, আটটি হেলিকপ্টার ও চারটি বড় পরিবহন বিমান। দেশটির নৌবাহিনীর যুদ্ধজাহাজও বাব আল-মান্দেব প্রণালির কাছে এগিয়ে গেছে।

গত আগস্টে প্রণালিটির কাছে নৌবাহিনীর উপস্থিতি বাড়িয়েছিল মিশর। সে সময় বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, আধুনিক ফ্রিগেট ও করভেট যুদ্ধজাহাজ লোহিত সাগরের দক্ষিণ প্রবেশপথের দিকে মোতায়েন করা হয়েছে।

আলাদাভাবে, আলজাজিরা আরবির উন্মুক্ত সূত্রভিত্তিক অনুসন্ধান বিভাগ গত মাসে জানায়, ফ্লাইট পর্যবেক্ষণের তথ্য থেকে সৌদি আরবের আকাশসীমায় মিশরের সামরিক বাহিনীর দুটি সি-১৩০ হারকিউলিস পরিবহন বিমানের চলাচল শনাক্ত করা হয়েছে।

এসইউ-বিএআই ও এসইউ-বিইডব্লিউ নিবন্ধন নম্বরের বিমান দুটি সৌদি আরবের পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে উড়তে দেখা যায়। পরে সেগুলোর সংকেত অদৃশ্য হয়ে যায়। এর মধ্যে একটি বিমানকে পরে সৌদি আরবের উত্তর-পশ্চিমাঞ্চলে শনাক্ত করা হয়। তবে আল ওয়াজহের কাছে লোহিত সাগরের উপকূলের দিকে যাওয়ার সময় সেটির সংকেত আবারও হারিয়ে যায়।

মিশরের এক সামরিক সূত্র মিডল ইস্ট আইকে জানান, দেশটি পূর্ব ও দক্ষিণাঞ্চলের কৌশলগত বিভিন্ন স্থানে স্কাইগার্ড-আমুন ব্যাটারিসহ বেশ কয়েকটি আকাশ প্রতিরক্ষাব্যবস্থাও স্থাপন করা হয়েছে।

ওই সূত্র বলেন, ‘লড়াই শুরু হওয়ার পর থেকেই দুই দেশের মধ্যে নিরাপত্তা আলোচনা ও মতবিনিময় চলছিল। সামরিক হস্তক্ষেপ ও সহায়তা কীভাবে দেয়া হবে, সে বিষয়ে সমঝোতায় পৌঁছানোই ছিল এর লক্ষ্য।’

তিনি আরও বলেন, ‘মিশর ও সৌদি আরব সামরিক সহযোগিতার বিষয়ে একমত হয়েছিল। তবে মিশরের জাতীয় নিরাপত্তা বজায় রাখতে হস্তক্ষেপের কৌশল, পদ্ধতি ও কার্যক্রমের পরিকল্পনা নিয়ে আলোচনা ও সমন্বয় চলছিল।’

গত ৯ নভেম্বর মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে মন্তব্য জানতে মিডল ইস্ট আইয়ের অনুরোধ পাঠানোর কয়েক ঘণ্টা পর দেশটির পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি নিশ্চিত করেন, প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি সংসদের অনুমোদন পাওয়ার আগেই মিশরের সামরিক বাহিনী সৌদি আরবে মোতায়েন করা হয়।

গত ১৭ অক্টোবর সৌদি আরবের অনুরোধ এলে দেশটির প্রতিরক্ষায় মিশরের সেনা মোতায়েনের অনুমোদন দিতে সংসদের প্রতি আহ্বান জানান সিসি। এর পরদিন প্রেসিডেন্টের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় প্রতিরক্ষা পরিষদ ঘোষণা করে, সৌদি আরবের নিরাপত্তা ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় মিশর সম্ভাব্য সব ধরনের সহায়তা দেবে।

মিশরের সংবিধানের ১৫২ অনুচ্ছেদ অনুযায়ী, দেশের বাইরে কোনো সামরিক অভিযানে সশস্ত্র বাহিনী পাঠানোর আগে প্রেসিডেন্টকে জাতীয় প্রতিরক্ষা পরিষদের সঙ্গে পরামর্শ করতে হয় এবং প্রতিনিধি পরিষদের দুই-তৃতীয়াংশ সদস্যের অনুমোদন নিতে হয়।

১৮ ও ১৯ অক্টোবর সংসদে রুদ্ধদ্বার অধিবেশন অনুষ্ঠিত হয়। পরে ২৬ অক্টোবর আবার অধিবেশন বসে। ওই দিন সংসদ সদস্যরা দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতায় সিসির প্রস্তাব অনুমোদন করেন। এই অনুমোদনের ফলে সৌদি আরবের সঙ্গে সমন্বয় করে দেশটির ভূখণ্ডকে বহিঃশত্রুর আগ্রাসন থেকে রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবেন প্রেসিডেন্ট।

তবে সংসদের অনুমোদনে মিশরের সামরিক প্রতিশ্রুতির সুনির্দিষ্ট ধরন বা পরিধি প্রকাশ করা হয়নি। এমন সময়ে এসব তথ্য সামনে এল, যখন ইয়েমেনের হুতি আন্দোলনের পক্ষ থেকে সৌদি আরবে আবারও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হচ্ছে। উত্তেজনা বাড়তে থাকায় সৌদি আরবের প্রতিরক্ষা নিয়ে আলোচনায় ক্রমেই জড়িয়ে পড়ছে আঞ্চলিক শক্তিগুলো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সংরক্ষিত নারী আসনপ্রথা তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার

সংরক্ষিত নারী আসনপ্রথা তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার

নির্বাচন সুষ্ঠু না হলে আগুন জ্বলবে: স্পিকার

নির্বাচন সুষ্ঠু না হলে আগুন জ্বলবে: স্পিকার

এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার রুটিন প্রকাশ

এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার রুটিন প্রকাশ

হুতিদের বিরুদ্ধে যুদ্ধে জড়াল মিশর, সৌদিতে বিপুল সেনা-যুদ্ধবিমান মোতায়েন

হুতিদের বিরুদ্ধে যুদ্ধে জড়াল মিশর, সৌদিতে বিপুল সেনা-যুদ্ধবিমান মোতায়েন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App