×

ক্যাম্পাস

নিরাপত্তা শঙ্কায় দেশে ফিরে যাচ্ছেন ঢাবির আরও ৬ চীনা শিক্ষার্থী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ পিএম

নিরাপত্তা শঙ্কায় দেশে ফিরে যাচ্ছেন ঢাবির আরও ৬ চীনা শিক্ষার্থী

ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে নিরাপত্তা শঙ্কায় দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন আরও ৬ চীনা শিক্ষার্থী। আগামী ১৩ নভেম্বর তাদের ক্যাম্পাস ত্যাগ করার কথা রয়েছে। এর আগে আরও ২ চীনা শিক্ষার্থী কোর্স শেষ না করেই গতকাল বুধবার দেশে ফিরে গেছেন। বিদেশি শিক্ষার্থীদের আবাসস্থল স্যার পি জে হার্টগ ইন্টারন্যাশনাল হলের প্রাধ্যক্ষ অধ্যাপক এম এ কাউসার আজ বৃহস্পতিবার বিষয়টি জানিয়েছেন।

ঢাবিতে গত রবিবার থেকে টানা তিন দিন ধরে অন্তত ১০টির বেশি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এদিন সন্ধ্যায় ক্যাম্পাসের ছয়টি ভিন্ন স্থানে প্রায় আটটি ককটেল বিস্ফোরিত হয়। এরপর গত সোমবার সন্ধ্যায় টিএসসি এলাকায় আরও একটি বিস্ফোরণের ঘটনা ঘটে। সেখান থেকে ককটেলভর্তি একটি ব্যাগ উদ্ধার করা হয়।

প্রথম দুই দিনের বিস্ফোরণে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও গত মঙ্গলবার দুপুরে ব্যবসায় শিক্ষা অনুষদ ভবনের সামনে পার্কিং করে রাখা একটি গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়। এই বিস্ফোরণে গাড়িচালকসহ দুজন আহত হন।

দফা দফায় ককটেল বিস্ফোরণের ঘটনায় ক্যাম্পাসজুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক। এমন পরিস্থিতিতে গতকাল বুধবার সন্ধ্যায় ইন্টারন্যাশনাল হলের প্রাধ্যক্ষ বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বৈঠক করেন। বৈঠকে শিক্ষার্থীরা নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। পরে প্রাধ্যক্ষ অধ্যাপক কাউসার নিরাপত্তা নিয়ে শিক্ষার্থীদের আশ্বস্ত করেন।

বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, চীনের এই আট শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি স্বল্পমেয়াদি (শর্ট কোর্স) প্রোগ্রামে অংশ নিতে এসেছিলেন। চলতি নভেম্বরের শেষ দিকে পরীক্ষা শেষে তাদের দেশে ফেরার কথা ছিল।

তবে সম্প্রতি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনায় শিক্ষার্থীরা এবং তাদের পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। এ পরিস্থিতিতে কোর্স শেষ হওয়ার আগেই দেশে ফেরার সিদ্ধান্ত নেন তারা। দেশে ফিরে নিজ নিজ বিশ্ববিদ্যালয় থেকে কোর্সের বাকি পরীক্ষায় অংশ নেবেন তারা।

অধ্যাপক এম এ কাউসার বলেন, নভেম্বরের শেষ সপ্তাহে পরীক্ষা শেষ করে তাদের চলে যাওয়ার কথা ছিল। কিন্তু ককটেল বিস্ফোরণের ঘটনায় উদ্বেগ তৈরি হওয়ায় তারা আগেই চলে যাচ্ছেন। দুজন ইতোমধ্যে চলে গেছে। বাকি যে ছয়জন আছেন, তারাও যাওয়ার টিকিট নিশ্চিত করেছেন।

তিনি জানান, এই আটজনের বাইরে হলটিতে আরও প্রায় ২০ জন বিদেশি শিক্ষার্থী রয়েছেন। তাদেরও ডেকে ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করা হচ্ছে। নিরাপত্তা নিয়ে আশ্বস্ত করা হচ্ছে।

এর আগে গতকাল বুধবার দুপুরে এক অনুষ্ঠানে নিরাপত্তা শঙ্কায় দুই চীনা শিক্ষার্থীর দেশ ছাড়ার কথা জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম। উপাচার্য জানান, নিরাপত্তা শঙ্কায় তারা চলে যাবেন বলে তাকে জানিয়েছেন। গেল কয়েকদিনে সারা দেশব্যাপী যে অস্থিরতা তৈরি হয়েছে, তার পেছনে রয়েছে নিষিদ্ধঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ডাকা ধর্মঘট।

নিষিদ্ধঘোষিত সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন গত মঙ্গলবার দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘটের ডাক দেন। তাদের এই কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের রাজপথ দখলে রাখার নির্দেশনা দেন নেতারা। এরপর থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে নাশকতার ঘটনা ঘটছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সংরক্ষিত নারী আসনপ্রথা তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার

সংরক্ষিত নারী আসনপ্রথা তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার

নির্বাচন সুষ্ঠু না হলে আগুন জ্বলবে: স্পিকার

নির্বাচন সুষ্ঠু না হলে আগুন জ্বলবে: স্পিকার

এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার রুটিন প্রকাশ

এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার রুটিন প্রকাশ

হুতিদের বিরুদ্ধে যুদ্ধে জড়াল মিশর, সৌদিতে বিপুল সেনা-যুদ্ধবিমান মোতায়েন

হুতিদের বিরুদ্ধে যুদ্ধে জড়াল মিশর, সৌদিতে বিপুল সেনা-যুদ্ধবিমান মোতায়েন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App