জামায়াতকে কাছে চায় বিএনপি
কাগজ ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ এএম
ছবি : সংগৃহীত
ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সময় গড়ে ওঠা রাজনৈতিক ঐক্য পুনরুজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে বিএনপি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা, অগ্নিসন্ত্রাস ও রাজনৈতিক অস্থিরতা মোকাবিলায় সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামীসহ সব গণতান্ত্রিক শক্তিকে পাশে চায় ক্ষমতাসীন দলটি। এ লক্ষ্যে সংসদের ভেতরে ও বাইরে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর পাশাপাশি যুগপৎ আন্দোলনের মিত্রদের সঙ্গেও নতুন করে যোগাযোগ শুরু করতে যাচ্ছে বিএনপি।
এই উদ্যোগের অংশ হিসেবে গত বুধবার জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের শেষ দিনে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে একান্ত বৈঠক করেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য গড়ে তোলা এবং চলমান পরিস্থিতি মোকাবিলায় রাজনৈতিক দলগুলোর সম্মিলিত ভূমিকা নিয়ে আলোচনা হয়।
বৈঠকে সর্বদলীয় মিছিল আয়োজনের বিষয়টিও তোলেন প্রধানমন্ত্রী। তবে গণমিছিলের পরিবর্তে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের মাধ্যমে ঐক্য সুসংহত করার পরামর্শ দেন জামায়াত আমির।
বিএনপির এই উদ্যোগের পেছনে রয়েছে আগামী ডিসেম্বর ঘিরে রাজনৈতিক অস্থিরতা ও নাশকতার আশঙ্কা। আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপি নেতারা তাঁর এ ঘোষণাকে দেশে ফেরার বাস্তব প্রস্তুতি হিসেবে দেখছেন না। বরং তাঁদের ধারণা, এর মাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে সক্রিয় রাখা এবং দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির রাজনৈতিক কৌশল নেওয়া হচ্ছে।
বিএনপি নেতাদের মতে, মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নেই। তবে তাঁর এ ঘোষণাকে কেন্দ্র করে দলটির নেতাকর্মীদের মধ্যে তৎপরতা বাড়তে পারে।
এমন পরিস্থিতিতে ২০২৩-২৪ সালে আওয়ামী লীগবিরোধী আন্দোলনের সময় রাজপথে গড়ে ওঠা রাজনৈতিক ঐক্য আবারও সক্রিয় করতে চায় বিএনপি। দলটির পরিকল্পনায় রয়েছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক যোগাযোগ, সমন্বিত কর্মসূচি এবং রাজপথে সক্রিয় অবস্থান। পাশাপাশি বিজয়ের মাস ডিসেম্বরজুড়ে দলীয় কর্মসূচির পাশাপাশি বিএনপির সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকায় অবস্থান করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
জামায়াতের সঙ্গে দূরত্ব কমানোর উদ্যোগ
জাতীয় ঐক্যের আহ্বান জানালেও সাম্প্রতিক সময়ে বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে রাজনৈতিক দূরত্ব তৈরি হয়েছে। বিশেষ করে জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের প্রশ্নে দুই দলের অবস্থানগত পার্থক্য প্রকাশ্যে আসে।
তবে আওয়ামী লীগবিরোধী রাজনৈতিক ঐক্যে দুর্বলতা তৈরি হওয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সেই সুযোগ নিতে পারে—এমন আশঙ্কা থেকে আবারও কাছাকাছি আসার প্রয়োজনীয়তা অনুভব করছে দুই পক্ষ।
গত বুধবার সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে জামায়াত আমির ডা. শফিকুর রহমানও ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক ঐক্যে দুর্বলতা ও ফাটল তৈরির বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, ঐক্যে দুর্বলতা তৈরি হওয়ায় ফ্যাসিবাদীরা সেই সুযোগ নিচ্ছে। দেশের বৃহত্তর স্বার্থে সবাইকে আবারও ঐক্যে ফিরে আসতে হবে।
এর আগে গত ১১ নভেম্বর সংসদে আওয়ামী লীগবিরোধী রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। সংসদের ৩০০ বিধিতে দেওয়া বক্তব্যে তিনি রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে গণতান্ত্রিক আন্দোলনের সময় গড়ে ওঠা ঐক্য ধরে রাখার ওপর গুরুত্ব দেন।
দেশের গণতান্ত্রিক যাত্রা অব্যাহত রাখা এবং ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক শক্তির ষড়যন্ত্র মোকাবিলায় সরকারি দল, বিরোধী দল ও সংসদের বাইরের রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। সংসদে তাঁর এ বক্তব্যকে স্বাগত জানিয়েছিলেন বিরোধীদলীয় নেতা।
এদিকে গত বুধবার সংসদের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমানও আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মকাণ্ড, দেশ-বিদেশে সন্ত্রাসী তৎপরতা এবং বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিগুলোর ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে সন্ত্রাসী গোষ্ঠী আখ্যা দিয়ে দলটি আবার মাথাচাড়া দিয়ে ওঠার আগেই প্রতিহত করার আহ্বান জানান তিনি।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী গণমাধ্যমকে বলেন, ‘পলাতক ও পরাজিত ফ্যাসিস্ট শক্তি বিদেশে বসে অর্থ এবং মদদ দিয়ে দেশে অরাজকতা তৈরির অপচেষ্টা করছে। তারা পুলিশ বক্স ও গাড়িতে আগুন দেওয়া, ককটেল এবং পেট্রলবোমা নিক্ষেপ ও মানুষ হত্যার মতো কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে। তাদের এই সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে আমরা সবাইকে প্রতিবাদী হওয়ার জন্য বলি। এটা হচ্ছে জাতীয় ঐক্যের ডাক।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এই জাতীয় ঐক্যে আমরা জাতীয় সংসদের বিরোধী দলকেও পাশে চাই। যারা এর আগে নিজেদের অবস্থান থেকে ফ্যাসিবাদবিরোধী ও গণতান্ত্রিক দীর্ঘ লড়াই-সংগ্রাম করেছে।’
জামায়াতের সঙ্গে বৈঠকের পাশাপাশি যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর সঙ্গেও সম্পর্ক ও সমন্বয় জোরদার করতে চায় বিএনপি। এ লক্ষ্যে শিগগিরই মিত্র রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এবার জোট বা দলের শীর্ষ নেতাদের নিয়ে সীমিত পরিসরে বৈঠক আয়োজনের পরিকল্পনা রয়েছে দলটির।
অন্যদিকে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার বৈঠকের পর গত বৃহস্পতিবার জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের বৈঠকেও চলমান নৈরাজ্য ও সহিংসতা প্রতিরোধে রাজপথে সক্রিয় থাকার সিদ্ধান্ত হয়। পরে সংবাদ সম্মেলনে জোটের অবস্থান তুলে ধরেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
জামায়াত আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, সরকারের পক্ষ থেকে জাতীয় ঐক্যের যে আহ্বান জানানো হয়েছে, বিরোধীদলীয় নেতা তাতে প্রাথমিক সাড়া দিয়েছেন। সংসদ নেতা ও বিরোধীদলীয় নেতার বৈঠককে তিনি সেই উদ্যোগের প্রতিফলন হিসেবে দেখছেন। দুই শীর্ষ নেতার বৈঠক থেকে ঐক্যের বিষয়ে ইতিবাচক বার্তা পাওয়া গেছে।
তবে এই ঐক্যের ভিত্তি হতে হবে জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়ন এবং গণভোটে জনগণের দেওয়া রায়ের কার্যকারিতা নিশ্চিত করা—এমন অবস্থান তুলে ধরেন মামুনুল হক।
ডিসেম্বরজুড়ে মাঠে থাকার প্রস্তুতি বিএনপি-জামায়াতের
বিজয়ের মাস ডিসেম্বর সামনে রেখে সাংগঠনিক ও রাজনৈতিক কর্মসূচি নিয়ে পুরো মাস মাঠে থাকার প্রস্তুতি নিচ্ছে বিএনপি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা ও অগ্নিসন্ত্রাস মোকাবিলার পাশাপাশি জাতীয় দিবসগুলো যথাযোগ্য মর্যাদায় পালনের পরিকল্পনা রয়েছে দলটির।
একই মাসে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসও পালন করা হবে। দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও নির্বাসন শেষে গত বছরের ২৫ ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফেরেন তিনি। তাঁর প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সম্মিলিতভাবে কর্মসূচি পালনের পরিকল্পনা রয়েছে বিএনপির। এ ছাড়া আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শোভাযাত্রা ও সমাবেশের আয়োজন করা হবে।
বিএনপির পাশাপাশি বিজয়ের মাস ও দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি ঘিরে দীর্ঘ কর্মসূচি হাতে নিয়েছে জামায়াতে ইসলামীও। দলটি জানিয়েছে, ২১ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ৪১ দিনব্যাপী কর্মসূচি পালন করবে তারা। ঢাকাসহ সারা দেশে সমাবেশ, মিছিল, আলোচনা সভা ও সামাজিক কার্যক্রম পরিচালনা করা হবে। বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস উপলক্ষেও পৃথক কর্মসূচি থাকবে।
