×

জাতীয়

তারেক রহমানের জন্মদিন আজ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ এএম

তারেক রহমানের জন্মদিন আজ

ছবি : সংগৃহীত

দেশের ১১তম প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ। দীর্ঘ ১৭ বছরের বেশি সময় প্রবাসে কাটিয়ে দেশে ফেরা, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয় এবং প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটিই তাঁর প্রথম জন্মদিন।

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমান ১৯৬৫ সালের ২০ নভেম্বর জন্মগ্রহণ করেন। শৈশব কেটেছে পারিবারিক পরিবেশে। তিনি ঢাকা সেনানিবাসের শাহীন হাই স্কুল অ্যান্ড কলেজে পড়াশোনা করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ভর্তি হন।

জন্মদিনটি অনাড়ম্বরভাবে পরিবারের সদস্যদের সঙ্গে কাটানোর পরিকল্পনা রয়েছে প্রধানমন্ত্রীর। এ উপলক্ষে বিএনপির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক কর্মসূচি রাখা হয়নি।

এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ দেশ রূপান্তরকে বলেন, ‘প্রধানমন্ত্রীর জন্মদিনে দলীয় কোনো কর্মসূচি নেই। দেশের মানুষের প্রত্যাশা পূরণ, মেধাভিত্তিক সমাজ গঠন এবং একটি স্বনির্ভর, গণতান্ত্রিক ও আধুনিক বাংলাদেশ বিনির্মাণের যে অঙ্গীকার নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান যাত্রা শুরু করেছেন, জন্মদিনের এই শুভক্ষণে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফল নেতৃত্ব কামনা করছি।’

প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের একাধিক সদস্যও দেশ রূপান্তরকে জানিয়েছেন, তারেক রহমান জন্মদিন পরিবারের সদস্যদের সঙ্গে উদযাপন করবেন। তবে তাঁর ৬২তম জন্মদিন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৬২টি গাছ লাগানো ও পরিচ্ছন্নতা কর্মসূচি হাতে নিয়েছে ছাত্রদল।

যেভাবে রাজনীতিতে তারেক রহমান

১৯৮৮ সালে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে যুক্ত হন তারেক রহমান। তাঁর পিতা জিয়াউর রহমানের জন্মস্থান বগুড়ার গাবতলী উপজেলায় বিএনপির প্রাথমিক সদস্যপদ গ্রহণের মধ্য দিয়ে রাজনৈতিক পথচলা শুরু করেন তিনি। ১৯৯৩ সালে বগুড়া জেলা বিএনপির সদস্য হন। ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে দলের পক্ষে জনমত গঠনে কাজ করেন। ওই নির্বাচনে মা খালেদা জিয়ার নির্বাচনী প্রচারেও অংশ নেন তিনি।

২০০২ সালে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিবের দায়িত্ব পাওয়ার পর তৃণমূল পর্যায়ে দলকে সংগঠিত করতে দেশজুড়ে গণসংযোগ চালান তারেক রহমান। সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে তিনি গ্রেপ্তার হন। ২০০৮ সালের সেপ্টেম্বরে মুক্তি পাওয়ার পর উন্নত চিকিৎসার জন্য সপরিবারে যুক্তরাজ্যে যান।

লন্ডনে অবস্থানকালে ২০০৯ সালে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পান তিনি। ২০১৮ সালে খালেদা জিয়া কারাবন্দি হওয়ার পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘ প্রবাসজীবনে দলের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা এবং রাজনৈতিক আন্দোলনে নেতৃত্ব দেন তিনি।

দেশে ফেরা ও প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ

দীর্ঘ ১৭ বছরের বেশি সময় প্রবাসে থাকার পর ২০২৫ সালের ২৫ ডিসেম্বর সপরিবারে দেশে ফেরেন তারেক রহমান। দেশে ফেরার কয়েক দিনের মধ্যেই মা খালেদা জিয়ার মৃত্যুতে ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনে বড় শোকের মুখোমুখি হন তিনি।

এরপর ২০২৬ সালের ৯ জানুয়ারি বিএনপির চেয়ারম্যানের পূর্ণ দায়িত্ব গ্রহণ করেন তারেক রহমান। তাঁর নেতৃত্বে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বলে দলীয় সূত্রে জানানো হয়। পরে ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি।

প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এবারই প্রথম জন্মদিন পালন করছেন তারেক রহমান। দিনটি ঘিরে দলীয় আনুষ্ঠানিক আয়োজন না থাকলেও পরিবারের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি ছাত্রদলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচির মধ্য দিয়ে জন্মদিনটি পালিত হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তারেক রহমানের জন্মদিন আজ

তারেক রহমানের জন্মদিন আজ

জামায়াতকে কাছে চায় বিএনপি

জামায়াতকে কাছে চায় বিএনপি

কেন নিয়ন্ত্রণে আসছে না গোপালগঞ্জের তাণ্ডব

কেন নিয়ন্ত্রণে আসছে না গোপালগঞ্জের তাণ্ডব

পাসপোর্ট-এনআইডি পেতে শেখ হাসিনার জাল স্বাক্ষর করে ফের চিঠি

পাসপোর্ট-এনআইডি পেতে শেখ হাসিনার জাল স্বাক্ষর করে ফের চিঠি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App