দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‘আকভান’, ঝুঁকিতে যেসব জেলা
কাগজ ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ এএম
ছবি : সংগৃহীত
প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ শক্তি কিছুটা কমিয়ে বঙ্গোপসাগরের উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলের দিকে এগোচ্ছে। শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে ভারতের ওড়িশা রাজ্যের গোপালপুরের কাছ দিয়ে এটি স্থলভাগে আঘাত হানতে পারে। ঘূর্ণিঝড়টির প্রভাবে দেশের ১০ জেলায় ঝড়বৃষ্টি ও দমকা হাওয়ার আশঙ্কা রয়েছে।
ভারতের আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড়টি ঘণ্টায় ১৮ কিলোমিটার বেগে উত্তর দিকে এগিয়েছে। বর্তমানে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে এটি। এর প্রভাবে কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় প্রবল বৃষ্টিপাত হচ্ছে।
এদিকে বাংলাদেশের ১০ জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।
সতর্কবার্তায় বলা হয়, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার ওপর দিয়ে পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিও হতে পারে।
এ পরিস্থিতিতে এসব জেলার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
অন্যদিকে, আবহাওয়া অধিদপ্তরের পৃথক পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত দেশের সব বিভাগের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।
এ ছাড়া রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের বিভিন্ন স্থানে ঝড়বৃষ্টির এ প্রবণতা আগামী কয়েক দিন অব্যাহত থাকতে পারে।
