পাসপোর্ট-এনআইডি পেতে শেখ হাসিনার জাল স্বাক্ষর করে ফের চিঠি
কাগজ ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৯:০৭ এএম
ছবি : সংগৃহীত
পলাতক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যুর অনুরোধ জানিয়ে ভারতের নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে আবারও চিঠি পাঠিয়েছে লন্ডনভিত্তিক আইনজীবীদের প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্স। তবে চিঠিতে শেখ হাসিনার স্বাক্ষর জাল করা হয়েছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনারের কাছে চিঠিটি পাঠান ম্যাট্রিক্স চেম্বার্সের ব্যারিস্টার স্টিভেন পাওলেস।
চিঠিতে স্টিভেন পাওলেস জানান, গত ৯ নভেম্বর পাঠানো চিঠির ধারাবাহিকতায় পাসপোর্ট ও এনআইডির আবেদনসংক্রান্ত অগ্রগতি জানতে চেয়েছে প্রতিষ্ঠানটি। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরের ভিত্তিতে তারা জানতে পেরেছেন, আবেদনসংক্রান্ত অনুরোধটি হাইকমিশনে পৌঁছেছে। তবে শেখ হাসিনার পক্ষে আনুষ্ঠানিক আইনি প্রতিনিধিত্বের বিষয়টি নিশ্চিত করা প্রয়োজন বলে চিঠিতে উল্লেখ করা হয়।
এ জন্য শেখ হাসিনার পক্ষে আইনি প্রতিনিধিত্বের অনুমোদনসংবলিত একটি স্বাক্ষরিত চিঠি সংযুক্ত করেছে ম্যাট্রিক্স চেম্বার্স। একই সঙ্গে পাসপোর্ট ও এনআইডি ইস্যুর অনুরোধের বিষয়ে হাইকমিশনের কাছে দ্রুত জবাব চাওয়া হয়েছে।
তবে চিঠিতে শেখ হাসিনার স্বাক্ষর জাল করা হয়েছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। নিজের ফেসবুক পোস্টে তিনি এ দাবি করেন।
পোস্টে রাশেদ খান লেখেন, শেখ হাসিনার স্বাক্ষর জাল করে পাসপোর্ট ও এনআইডির জন্য নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনারের কাছে চিঠি পাঠিয়েছে লন্ডনভিত্তিক ম্যাট্রিক্স চেম্বার্স। এ বিষয়ে হাইকমিশনে কর্মরত একজন কর্মকর্তার সঙ্গে বিস্তারিত কথা বলেছেন বলেও দাবি করেন তিনি।
রাশেদ খানের ভাষ্য, হাইকমিশনের কর্মকর্তারা যাচাই-বাছাই করে চিঠিতে স্বাক্ষর জালিয়াতির তথ্য পেয়েছেন। তিনি দাবি করেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালে বিভিন্ন নথিতে বাংলা ভাষায় স্বাক্ষর করেছেন। এ ধরনের আবেদনের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রে আগে ব্যবহৃত বা স্বীকৃত স্বাক্ষরের বাইরে অন্য কোনো স্বাক্ষর ব্যবহারের সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।
পোস্টে ম্যাট্রিক্স চেম্বার্সের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে রাশেদ খান আরও লেখেন, প্রতিষ্ঠানটির আইনজীবীরা শেখ হাসিনার স্বাক্ষর বাংলা না ইংরেজিতে—তা অন্তত একবার জেনে নিতে পারতেন। তাঁর অভিযোগ, স্বাক্ষরের ভাষা নিয়ে অসংগতির কারণেই জালিয়াতির বিষয়টি সামনে এসেছে।
