×

বিএনপি

আলোচনায় খালেদা জিয়ার বক্তব্য

সাপকে বিশ্বাস করা যায়, আওয়ামী লীগকে নয়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০২:৪২ পিএম

সাপকে বিশ্বাস করা যায়, আওয়ামী লীগকে নয়

ছবি : সংগৃহীত

‘সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু আওয়ামী লীগকে নয়’—বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুম খালেদা জিয়ার প্রায় ১৪ বছর আগের এই মন্তব্য নতুন করে আলোচনায় এসেছে। সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিকে ঘিরে দেশের বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও সংঘর্ষের খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে তার পুরোনো বক্তব্যটি। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনেও শুরু হয়েছে আলোচনা।

২০১২ সালের ২৬ ডিসেম্বর রাজধানীতে একাধিক পথসভায় বক্তব্য দেওয়ার সময় আওয়ামী লীগকে নিয়ে এ মন্তব্য করেছিলেন খালেদা জিয়া। তখন তিনি বিরোধীদলীয় নেতার দায়িত্বে ছিলেন। জাতীয় নির্বাচন সামনে রেখে নির্বাচনকালীন সরকারব্যবস্থা, যুদ্ধাপরাধের বিচার ও রাজনৈতিক কর্মসূচি নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে উত্তেজনা চলছিল। দুই দলের নেতাদের পাল্টাপাল্টি বক্তব্যে তখন উত্তপ্ত ছিল দেশের রাজনৈতিক পরিস্থিতি।

দীর্ঘ সময় পর দেশের রাজনৈতিক অঙ্গনে আবারও উত্তেজনা তৈরি হওয়ায় খালেদা জিয়ার সেই বক্তব্য নতুন করে সামনে এসেছে। বিশেষ করে আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মসূচিকে কেন্দ্র করে বিভিন্ন এলাকায় সহিংসতার খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বক্তব্যটি শেয়ার করছেন অনেকে।

যেভাবে বাড়ছে আওয়ামী লীগকে ঘিরে সহিংসতার অভিযোগ

২০২৪ সালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা ঘিরে গত কয়েক সপ্তাহ ধরে দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক উত্তেজনা বাড়তে থাকে। ঢাকাসহ বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের সমর্থকদের মিছিল ও কর্মসূচির খবরের পাশাপাশি হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও সামনে আসে।

চলতি মাসের শুরুতে নিষিদ্ধ ছাত্রলীগের একটি কর্মসূচিকে কেন্দ্র করে ৯ নভেম্বর থেকে পরবর্তী তিন দিনে অন্তত ২১টি জেলায় সহিংসতার ঘটনা ঘটে। এসব ঘটনায় যানবাহন ও ট্রেনে আগুন দেওয়া, ভাঙচুর এবং ককটেল হামলার অভিযোগ ওঠে।

আওয়ামী লীগের কর্মসূচিকে ঘিরে সংঘটিত এসব সহিংসতার ঘটনায় ৭ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত বিএনপি নেতাকর্মীসহ আটজন নিহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এর মধ্যে গত ১৮ নভেম্বর নড়াইলের কালিয়া উপজেলায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির আয়োজিত মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় দলটির দুই নেতা নিহত হন বলে অভিযোগ রয়েছে।

এর আগের দিন, ১৭ নভেম্বর ফরিদপুরের ভাঙ্গায় আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হন বলে অভিযোগ উঠেছে।

এর আগে আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। বিশেষ করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও কাশিয়ানীসহ কয়েকটি এলাকায় সহিংসতার ঘটনা ঘটে। বিভিন্ন স্থানে থানা ও যানবাহনে হামলা, ভাঙচুরের খবর পাওয়া যায়। গোপালগঞ্জে বিএনপির দুই সংসদ সদস্যের বাড়িতে আগুন দেওয়ার ঘটনাও ঘটে।

ক্রমাগত সহিংসতার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা মহানগরসহ দেশের সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার মধ্যেও বিভিন্ন স্থানে নাশকতা ও সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে।

সাম্প্রতিক পরিস্থিতিতে আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। দলটিকে রাজনীতি করার সুযোগ দেওয়া হবে কি না, নাকি নিষেধাজ্ঞা আরও কঠোর করা হবে—এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা প্রশ্ন উঠেছে।

জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান আওয়ামী লীগকে রাজনৈতিক দল নয়, বরং সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, দেশে-বিদেশে বারবার সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে আওয়ামী লীগ নিজেদের অবস্থান প্রমাণ করেছে। এই গোষ্ঠীকে আর মাথা তুলে দাঁড়াতে দেওয়া যাবে না বলেও মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী আরও অভিযোগ করেন, আওয়ামী লীগের পলাতক নেত্রী সমর্থকদের গণতন্ত্রকামী মানুষের বাড়িঘরে আগুন দেওয়ার নির্দেশ দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই নির্দেশ মানুষ দেখেছে বলেও সংসদে উল্লেখ করেন তিনি।

এদিকে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করতে প্রয়োজনে বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংবিধান সংশোধন করা হবে। তার এ বক্তব্যও দলটির রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে।

অন্যদিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকার ও বিরোধী দল গণতান্ত্রিক প্রক্রিয়ায় আলোচনার মাধ্যমে রাজনৈতিক ষড়যন্ত্র ও সহিংসতার হোতাদের মোকাবিলা করবে। যেখানে আইনি ব্যবস্থা নেওয়া প্রয়োজন, সেখানে সরকার সেই ব্যবস্থা নেবে।

তিনি আরও বলেন, যেখানে রাজনৈতিক কর্মসূচির প্রয়োজন হবে, সেখানে বিএনপি কর্মসূচি নিয়ে মানুষের কাছে যাবে। আওয়ামী লীগের সহিংসতা প্রতিহত করা হবে বলেও মন্তব্য করেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাপকে বিশ্বাস করা যায়, আওয়ামী লীগকে নয়

আলোচনায় খালেদা জিয়ার বক্তব্য সাপকে বিশ্বাস করা যায়, আওয়ামী লীগকে নয়

নতুন পে স্কেলের পূর্ণাঙ্গ সুবিধা পেতে কী করতে হবে

নতুন পে স্কেলের পূর্ণাঙ্গ সুবিধা পেতে কী করতে হবে

সাদা গাড়িতে সীমান্তে আ.লীগের শীর্ষ ৪ নেতা, ছিলেন দুই ঘণ্টা

সাদা গাড়িতে সীমান্তে আ.লীগের শীর্ষ ৪ নেতা, ছিলেন দুই ঘণ্টা

নতুন পে স্কেলে ভাতা নিয়ে বড় সিদ্ধান্ত, যা জানা গেল

নতুন পে স্কেলে ভাতা নিয়ে বড় সিদ্ধান্ত, যা জানা গেল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App