নতুন পে স্কেলের পূর্ণাঙ্গ সুবিধা পেতে কী করতে হবে
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০২:৪২ পিএম
ফাইল ছবি
সরকারি চাকরিজীবীদের নতুন বেতনকাঠামো নিয়ে নানা আলোচনা ও প্রত্যাশার মধ্যে আপাতত বাড়িভাড়া, চিকিৎসা ও অন্যান্য ভাতা না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে অর্থ বিভাগ। ফলে নতুন পে স্কেলে মূল বেতন বাড়লেও ভাতার পরিমাণ আগের মতোই থাকছে। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত গত ৩০ জুনে কার্যকর থাকা হারেই এসব ভাতা পাবেন সরকারি কর্মচারীরা। এতে নতুন বেতনকাঠামো কার্যকর হলেও কর্মচারীদের মোট বেতন বৃদ্ধির পরিমাণে ভিন্নতা দেখা দিতে পারে।
অর্থ বিভাগের সম্প্রতি জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এতে বলা হয়েছে, গত ৩০ জুনে যে হারে বিভিন্ন ভাতা দেওয়া হয়েছে, পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত সেই হারই বহাল থাকবে। সরকারি ও আধা-সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, সরকারি সংস্থা, রাষ্ট্রায়ত্ত ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীদের ক্ষেত্রে এ সিদ্ধান্ত প্রযোজ্য হবে।
নতুন বেতনকাঠামো অনুযায়ী সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার এবং সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণের বিষয়টি আলোচনায় রয়েছে। তবে মূল বেতন ও মোট বেতনের হিসাব এক নয়। মূল বেতনের সঙ্গে বাড়িভাড়া, চিকিৎসা ও অন্যান্য প্রযোজ্য ভাতা যোগ করেই একজন কর্মচারীর মোট মাসিক বেতন নির্ধারিত হয়।
আরও পড়ুন: টানা পতনের পর হঠাৎ বাড়ল স্বর্ণের দাম
ফলে মূল বেতন বাড়লেও ভাতার হার অপরিবর্তিত থাকায় সবার মোট বেতন একই অনুপাতে বাড়বে না। বিশেষ করে নতুন বেতনকাঠামোর পূর্ণাঙ্গ আর্থিক সুবিধা পেতে ভাতার বিষয়ে অর্থ বিভাগের পরবর্তী নির্দেশনার অপেক্ষায় থাকতে হবে কর্মচারীদের।
এদিকে নতুন বেতনকাঠামো অনুযায়ী চলতি মাসের বেতনের সঙ্গে আগের তিন মাসের বকেয়া বা বর্ধিত অর্থ পাওয়ার বিষয়টিও আলোচনায় রয়েছে।
নতুন বেতনকাঠামোর কারণে মূল্যস্ফীতির সম্ভাব্য প্রভাব সম্পর্কে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) সাবেক মহাপরিচালক ড. তৌফিক আহমেদ চৌধুরী বলেন, সরকারি কর্মচারীদের বেতন বাড়লেই বাজারে অর্থের সরবরাহ এতটা বেড়ে যাবে যে বড় ধরনের মূল্যস্ফীতি তৈরি হবে, এমন সিদ্ধান্তে সরাসরি পৌঁছানো ঠিক নয়।তাঁর মতে, নতুন বেতনকাঠামোর প্রভাব মূল্যায়নের ক্ষেত্রে অর্থনীতির সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নিতে হবে। এ জন্য সরকারি ও বেসরকারি খাতের সমন্বয় এবং অর্থনীতির বাস্তব অবস্থা বিশ্লেষণ করা জরুরি।
