মৃত্যুর পরও ইনস্টাগ্রামে সক্রিয়! অভিনেত্রীর পোস্ট ঘিরে রহস্য
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০৩:৪৮ পিএম
ছবি: সংগৃহীত
মৃত্যুর এক মাস পেরিয়ে গেছে। অথচ হঠাৎ করেই সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা গেল অভিনেত্রীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নতুন পোস্ট—আর সেই পোস্টেই জানানো হলো তার মৃত্যুর খবর। বিষয়টি সামনে আসতেই ভক্তদের মধ্যে তৈরি হয়েছে গভীর বিস্ময় ও নানা প্রশ্ন।
গত এক বছরেরও বেশি সময় ধরে শারীরিক ও মানসিক নানা সমস্যার সঙ্গে লড়াই করছিলেন অনন্যা। সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে যোদ্ধার মতো লড়াই করেন। মাত্র ২৭ বছর বয়সেই প্রয়াত অভিনেত্রী অনন্যা রাজ।
গত ১৫ আগস্ট অভিনেত্রীর ইনস্টাগ্রামে একটি বিবৃতির মাধ্যমে পরিবারের পক্ষ থেকে জানানো হয়, গত ১৫ জুলাই ভোররাতে ঘুমের মধ্যেই শান্তিতে মৃত্যু হয়েছে অনন্যার। একই সঙ্গে অনন্যার আত্মার শান্তির জন্য সকলের কাছে প্রার্থনা জানান। এই কঠিন সময়ে তারা ব্যক্তিগত পরিসর এবং নীরবতা বজায় রাখতে চান।
আরো পড়ুন: টিকটক তারকাকে প্রকাশ্যে গুলি করে হত্যা
মুম্বইয়ে জন্ম ও বেড়ে ওঠা অনন্যার। হিন্দি ও আঞ্চলিক, দুই ধরনের ছবিতেই কাজ করেছেন। অভিনয়ের পাশাপাশি একাধিক মিউজ়িক ভিডিওতে দেখা গিয়েছে তাকে। ২০১৬ সালে ‘৭ আওয়ার্স টু গো’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার। পরের বছর ‘দ্য ফাইনাল এক্সিট’-এ অভিনয় করেন। ২০১৯ সালের হরর ছবি ‘গোস্ট’-এও ছিলেন অনন্যা। দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রেও কাজ করেছেন।
২০২২ সালে মুক্তি পাওয়া তেলুগু রহস্যধর্মী সিনেমা ‘থাগগেদে লে’ -তে নবীন চন্দ্র, দিব্যা পিল্লাই ও পি. রবি শঙ্করের সঙ্গে অভিনয় করেন। এছাড়া ‘মাদ্রাজি গ্যাং’ সিনেমায় সারিতা চরিত্রে দেখা যায় তাকে। সিনেমাটিতে মুম্বাইয়ের বস্তিতে বেড়ে ওঠা এক নারী ও এক গ্যাংস্টারের প্রেমিকার চরিত্রে অভিনয় করেছিলেন অনন্যা।
তবে সেই পথচলা আর দীর্ঘ হলো না। এক বছরেরও বেশি সময় ধরে শারীরিক ও মানসিক নানা সমস্যার সঙ্গে লড়াইয়ের পর মাত্র ২৭ বছর বয়সেই মৃত্যু হলো অনন্যা রাজের।
