শ্রদ্ধাকে ফোন করে ‘সরি’ বললেন সালমান, কারণ কী?
কাগজ ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০৮:৪৩ পিএম
ফাইল ছবি
বলিউডের ‘ভাইজান’ সালমান খান। প্রভাব ও খ্যাতি নিজস্ব ঢঙে বয়ে চলেন তিনি। বলা হয়, সালমানের সঙ্গে বিরোধ করে বলিউডে টেকা মুশকিল। সেই সালমানই কিনা ক্ষমা চাইলেন নিজের চেয়ে অনেক ছোট অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের কাছে!
হ্যাঁ, সত্যিই তাই। এর পেছনে রয়েছে কারণও। ৪ ডিসেম্বর মুক্তি পাবে শ্রদ্ধা কাপুর অভিনীত সিনেমা ‘ইথা’। আর একই দিনে মুক্তি পাবে সালমানের সিনেমা ‘মাতৃভূমি’ও। আর সালমানের সিনেমাটি মুক্তির মিছিলে এসেছে কিছুদিন আগেই, আচমকা। তাই শ্রদ্ধা কাছে ক্ষমা চেয়েছেন তিনি।
সালমান বলেন, “যখন আমরা ৪ ডিসেম্বর তারিখটি ঘোষণা করেছিলাম, তখন আমি জানতাম না যে শ্রদ্ধার ছবিও ৪ ডিসেম্বর আসছে। এই বিষয়টি নিয়ে আমার সত্যিই খুব খারাপ লাগছে। আমি আগে জানলে কখনোই শ্রদ্ধার ছবির সঙ্গে একই দিনে আসতাম না। আমি ওকে ফোন করে কথা বলেছি। ওকে তো আমার চোখের সামনে বড় হতে দেখেছি। আমি ওকে বলেছি, ‘আমি সত্যিই খুব দুঃখিত, আমি জানতাম না’।”
শ্রদ্ধাও বিষয়টি ইতিবাচকভাবে নিয়েছেন বলে জানান সালমান। নিজের সিনেমার সঙ্গে শ্রদ্ধার ‘ইথা’ দেখার জন্যও দর্শককে আহ্বান জানিয়েছেন অভিনেতা।
উল্লেখ্য, সালমানের এই সিনেমার নাম শুরুতে ছিল ‘ব্যাটল অব গালওয়ান’। পরে ভারত ও চীনের কূটনৈতিক জটিলতায় বদলানো হয় নাম। তারপরও ভারতের ফিল্ম সার্টিফিকেশন বোর্ডে অনেকদিন ধরে আটকে ছিল সিনেমাটি। অবশেষে মুক্তির আলোয় আসছে।
অন্যদিকে শ্রদ্ধার ‘ইথা’ নির্মাণ করা হয়েছে প্রখ্যাত মরাঠি লোকশিল্পী বিঠাবাঈ ভাঊ মাঙ্গ নারায়ণগাওকরের জীবনের ওপর। এর ট্রেলার বিপুল প্রশংসিত হয়েছে। লক্ষ্মণ উটেকরের সিনেমাটিতে আরো অভিনয় করেছেন রণদীপ হুদা, জিশান আইয়ুব প্রমুখ।
