×

ঢাকা

সাভার-আশুলিয়ায় শ্রমিকদের কর্মবিরতি, অর্ধশত কারখানায় ছুটি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ পিএম

সাভার-আশুলিয়ায় শ্রমিকদের কর্মবিরতি, অর্ধশত কারখানায় ছুটি

ছবি: সংগৃহীত

ন্যূনতম মজুরি নির্ধারণসহ বিভিন্ন দাবিতে সাভার ও আশুলিয়ার পোশাক শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ অব্যাহত রয়েছে। শনিবার (২১ নভেম্বর) সকালে কারখানায় প্রবেশ করেও শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কর্মবিরতি পালন করায় অন্তত ৫০টি কারখানায় ছুটি ঘোষণা করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।

এ ছাড়া বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারায় বন্ধ রাখা হয়েছে ১১টি কারখানা এবং দুটি কারখানায় আগেই সাধারণ ছুটি ছিল। তবে সাভারের অল্প সংখ্যক কারখানা ছুটি হলেও অধিকাংশ কারখানাই উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রেখেছেন। আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া খুদে বার্তার মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

শিল্পাঞ্চল পুলিশ, শ্রমিক ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, সকালের দিকে সাভার-আশুলিয়ার অধিকাংশ কারখানায় শ্রমিকেরা স্বাভাবিকভাবেই প্রবেশ করেন এবং উৎপাদন শুরু হয়। তবে আশুলিয়ার নরসিংহপুর এলাকার হা-মীম ও শারমীন গ্রুপের কারখানায় প্রবেশ করে কর্মবিরতি শুরু করেন শ্রমিকেরা।

শ্রমিকদের দাবি, কর্তৃপক্ষ তাদের অজান্তেই কাজের নির্ধারিত সময় সকাল ৮টার পরিবর্তে সকাল ৭টায় এগিয়ে আনে। এর প্রতিবাদে তারা কারখানায় বায়োমেট্রিক পাঞ্চ করে প্রবেশ করলেও কাজ বন্ধ রাখেন। অসন্তোষের মুখে কারখানা কর্তৃপক্ষ তাৎক্ষণিক ছুটি ঘোষণা করে ও আগামী রোববার থেকে ফের সকাল ৮টায় কাজ শুরুর আশ্বাস দেয়। এরপর আশপাশের আরও কয়েকটি কারখানায় একই ধরনের অসন্তোষ দেখা দিলে কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করে।

এদিকে বেলা পৌনে ১১টার দিকে আশুলিয়ার কাঠগড়া এলাকার একটি সচল পোশাক কারখানার সামনে একদল শ্রমিক অবস্থান নিয়ে বিক্ষোভের চেষ্টা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, কাঠগড়া এলাকায় কিছু বিশৃঙ্খলাকারী সচল কারখানার সামনে গিয়ে পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করেছিল। পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে তাদের সরিয়ে দেয়। কয়েকটি কারখানায় উত্তেজনা দেখা দিলেও এবং অর্ধশতাধিক কারখানা বন্ধ হয়ে গেলেও সামগ্রিকভাবে এলাকার সার্বিক পরিস্থিতি এখনো শান্ত রয়েছে। অনেক কারখানায় স্বাভাবিক নিয়মেই উৎপাদন কাজ পরিচালিত হচ্ছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্পাঞ্চলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৪৯৫ জনকে নিয়োগ দেবে প্রাণিসম্পদ অধিদপ্তর, লাগবে না আবেদন ফি

৪৯৫ জনকে নিয়োগ দেবে প্রাণিসম্পদ অধিদপ্তর, লাগবে না আবেদন ফি

সৌদির বিমান হামলায় নারী-শিশুসহ ৪১ জন নিহত, দাবি হুথিদের

সৌদির বিমান হামলায় নারী-শিশুসহ ৪১ জন নিহত, দাবি হুথিদের

সাভার-আশুলিয়ায় শ্রমিকদের কর্মবিরতি, অর্ধশত কারখানায় ছুটি

সাভার-আশুলিয়ায় শ্রমিকদের কর্মবিরতি, অর্ধশত কারখানায় ছুটি

পূর্ব তিমুরে ৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

পূর্ব তিমুরে ৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App