ভারতে লাখের নিচে নামবে সোনার দাম, যা জানা গেল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ পিএম
ফাইল ছবি
সোনার দাম হু হু করে কমছে ভারতে। পতনের এই ধারা অব্যাহত থাকলে খুব শিগগির তা এক লাখ রুপির নিচে নামতে পারে বলে মনে করছেন বাজার বিশ্লেষকেরা। চলতি বছরের সর্বোচ্চ রেকর্ডের তুলনায় ভারতে সোনার দাম এরই মধ্যে প্রায় ৩৩ শতাংশ কমে গেছে।
২০২৫ সালজুড়ে দেশটিতে সোনার বাজারে ছিল অপ্রতিরোধ্য ঊর্ধ্বগতি। ২০২৬ সালের শুরুতেও ভারতের ফিউচার মার্কেটে প্রতি ১০ গ্রাম সোনার দাম সর্বকালের সর্বোচ্চ ১ লাখ ৮০ হাজার রুপিতে পৌঁছেছিল। কিন্তু এরপর থেকেই সোনার দামে বড় ধরনের পতন শুরু হয়।
আন্তর্জাতিক বাজারে সোনার দাম প্রায় ৩৭ শতাংশ কমে আউন্সপ্রতি ৩ হাজার ৫২৭ ডলারে নেমে এসেছে, যা গত এক বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন। আর ভারতের এমসিএক্স (MCX)-এ নভেম্বর মাসের ফিউচার কন্ট্রাক্টে সোনার দাম কমে প্রতি ১০ গ্রাম প্রায় ১ লাখ ২১ হাজার ৪২৪ রুপিতে নেমেছে।
দেশটিতে এই দরপতনের তীব্রতা কিছুটা কম হওয়ার কারণ হলো, চলতি বছরের শুরুর দিকে সরকার সোনা ও রুপার ওপর কাস্টমস শুল্ক বাড়িয়েছিল। এটি সোনার দরপতনকে কিছুটা হলেও সামাল দিয়েছে। ১ ভরি সমান ১১ দশমিক ৬৬৪ গ্রাম। সেই হিসাবে ভারতে সোনার ভরি দাঁড়ায় ১ লাখ ৪১ হাজার ৬২৮ দশমিক ৯৫ রুপি।
কয়েক সপ্তাহ আগেও ভারতে প্রতি ১০ গ্রাম সোনার দাম ১ লাখ ২৫ হাজার রুপির নিচে নামা অসম্ভব মনে হয়েছিল। কিন্তু সেই স্তরটি এরই মধ্যে ভেঙে গেছে। এখন প্রশ্ন উঠেছে, দাম কি এক লাখ রুপিতে নেমে আসবে?
এলকেপি সিকিউরিটিজের গবেষণা বিশ্লেষক যতীন ত্রিবেদী বলেন, রুপি যদি উল্লেখযোগ্যভাবে শক্তিশালী হয় এবং আন্তর্জাতিক বাজারে সোনার দাম তিন হাজার ডলারের দিকে নেমে আসে, তবে ভারতে দাম এক লাখ রুপিতে নামার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তবে বৈশ্বিক ভূরাজনৈতিক অস্থিরতার কারণে ১ লাখ ১৫ হাজার রুপির নিচে দাম দীর্ঘস্থায়ী হবে না বলেই মনে করেন তিনি।
মতিলাল ওসওয়াল ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের বিশ্লেষক মানব মোদী জানান, অস্থির বাজারে বিনিয়োগকারীদের মনোভাব খুব দ্রুত বদলাচ্ছে। ডলারের টানা শক্তিশালী অবস্থান ও বিনিয়োগ চাহিদা কমলে সোনার দাম এক লাখ রুপির দিকে যেতে পারে। তবে কেন্দ্রীয় ব্যাংকগুলোর সোনা কেনার প্রবণতা বাজারকে বড় ধরনের পতন থেকে সুরক্ষা দেবে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
