বক্স অফিসে মুখ থুবড়ে পড়ছে বলিউডের বহু সিনেমা, নেপথ্যে কী
কাগজ ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ১০:২৪ এএম
আমির খান অভিনীত লাল সিং চড্ডা বক্স অফিসে আশানুরূপ সাফল্য পায়নি। ছবি: সংগৃহীত
সাম্প্রতিক বছরগুলোতে বলিউডের একাধিক সিনেমা বক্স অফিসে প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে। বড় তারকা, বিপুল বাজেট কিংবা চোখধাঁধানো প্রচারণা—কোনোটিই যেন দর্শকদের প্রেক্ষাগৃহে টানতে পারছে না। একের পর এক সিনেমার এমন ব্যর্থতা নিয়ে প্রশ্ন উঠেছে হিন্দি চলচ্চিত্রের গল্প, নির্মাণশৈলী ও ব্যবসায়িক কৌশল নিয়ে।
চলচ্চিত্র সংশ্লিষ্টদের মতে, গতানুগতিক গল্প, দক্ষিণ ভারতীয় সিনেমার দুর্বল রিমেক, চিত্রনাট্যে তারকা ও তাঁদের ব্যবস্থাপকদের হস্তক্ষেপ এবং দর্শকের রুচির পরিবর্তন—সব মিলিয়ে সংকটে পড়েছে বলিউড। বিশেষ করে করোনাভাইরাস মহামারির পর দর্শকদের সিনেমা দেখার অভ্যাস ও পছন্দে বড় ধরনের পরিবর্তন এসেছে। এখন শুধু প্রিয় তারকাকে পর্দায় দেখার জন্য নয়, ভালো গল্প ও মানসম্মত বিনোদনের প্রত্যাশা নিয়েই প্রেক্ষাগৃহে যান তাঁরা।
কেন সাম্প্রতিক বছরগুলোতে অনেক হিন্দি সিনেমা সফল হচ্ছে না, মহামারির পর দর্শকরা কেমন সিনেমা দেখতে চাইছেন এবং তাঁদের আবার প্রেক্ষাগৃহমুখী করতে কী করা প্রয়োজন—এসব প্রশ্নের উত্তর খুঁজতে চলচ্চিত্র সমালোচক ও বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ, প্রযোজক ফিরোজ এ নাদিয়াদওয়ালা, চলচ্চিত্র প্রযোজক আহমেদ খান এবং বিপণন বিশেষজ্ঞ বরুণ গুপ্তার সঙ্গে কথা বলা হয়েছে। পাশাপাশি মাল্টিপ্লেক্স ব্যবসার সঙ্গে যুক্ত নীতিন গুপ্তা ও গৌরব মিশ্রও তাঁদের মতামত জানিয়েছেন।

করোনার পর বদলে গেছে দর্শকের পছন্দ
চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শের মতে, বলিউডের চলচ্চিত্র ব্যবসার ধরনই বেশ ঝুঁকিপূর্ণ। কারণ, প্রতি শুক্রবার নতুন সিনেমা মুক্তির পর সেটি হিট হবে নাকি ফ্লপ, তা শেষ পর্যন্ত নির্ভর করে দর্শকের পছন্দের ওপর।
তাঁর কথায়, বড় তারকাদের সিনেমাও কখনো বক্স অফিসে ব্যর্থ হয়। আবার নতুন কোনো শিল্পীর সিনেমা অপ্রত্যাশিত সাফল্য পায়। বর্তমান সময়ে কোনো সিনেমার ব্যবসায়িক সাফল্য কিংবা দর্শকের প্রত্যাশা পূরণের বিষয়ে আগাম নিশ্চিত করে কিছু বলা কঠিন।
এ ক্ষেত্রে করোনাভাইরাস মহামারির বড় প্রভাব রয়েছে বলে মনে করেন তিনি।
তরণ আদর্শ বলেন, হিন্দি চলচ্চিত্রের ব্যবসায় অনিশ্চয়তা বাড়ার অন্যতম কারণ কোভিড-১৯ মহামারি। ওই সময়ে বিনোদনের মাধ্যম সীমিত হয়ে পড়ায় মানুষ টেলিভিশন, ওটিটি প্ল্যাটফর্ম এবং দক্ষিণ ভারতীয় সিনেমার হিন্দি ডাব করা সংস্করণ বেশি দেখতে শুরু করেন। এসব কনটেন্ট দর্শকের পছন্দ ও চিন্তাভাবনায় পরিবর্তন আনে।
মহামারির সময়ে দর্শকরা আগের চেয়ে ভিন্ন, আধুনিক ও সাহসী গল্প দেখার সুযোগ পেয়েছেন। বিশেষ করে দক্ষিণ ভারতীয় সিনেমার হিন্দি ডাব করা সংস্করণ দেখার ফলে বলিউডের প্রচলিত মশলাধর্মী সিনেমার প্রতি তাঁদের আগ্রহ কমতে শুরু করে। অন্যদিকে, শহুরে দর্শকদের লক্ষ্য করে নির্মিত সামাজিক বিষয়ভিত্তিক সিনেমাও মাল্টিপ্লেক্সে জনপ্রিয়তা পায়। ফলে প্রচলিত ধারার মশলাধর্মী সিনেমা নিয়ে দর্শকদের মধ্যে নেতিবাচক মনোভাব তৈরি হয়। এতে বলিউড তার দর্শকদের একটি বড় অংশ হারাতে শুরু করে।
এখন দর্শকরা সিনেমা নির্বাচনের ক্ষেত্রে আগের চেয়ে অনেক বেশি সচেতন ও হিসাবি। তরণ আদর্শের মতে, এ কারণেই অনেক সিনেমা ভালো উদ্বোধনী আয় করতে পারছে না। অথচ 'পুষ্পা', 'জওয়ান' ও 'অ্যানিমেল'-এর মতো সিনেমা মুক্তির শুরুতেই দারুণ সাড়া পেয়েছে।
তাঁর মতে, এসব সিনেমা প্রমাণ করেছে, শহুরে, শিক্ষিত ও মধ্যবিত্ত দর্শকের পাশাপাশি সাধারণ মানুষের কাছেও পৌঁছানো সম্ভব। এ জন্য মহানগরের বাইরের দর্শকদের মূলধারার সিনেমার সঙ্গে যুক্ত করা জরুরি। এ ক্ষেত্রে সিঙ্গেল-স্ক্রিন প্রেক্ষাগৃহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তরণ আদর্শ মনে করেন, চলচ্চিত্রশিল্পের টিকে থাকা অনেকাংশেই নির্ভর করে গণমানুষের কাছে আবেদন তৈরি করতে পারে—এমন সিনেমার ওপর। শুধু মহানগরের দর্শকদের পছন্দ বিবেচনায় নিয়ে সিনেমা নির্মাণ করলে চলবে না। কারণ, দেশের বিভিন্ন অঞ্চলের দর্শকের রুচি ও প্রত্যাশা এক নয়।
এ প্রসঙ্গে 'ওয়েলকাম টু দ্য জাঙ্গল', 'ধামাল ৪', 'আওয়ারাপন ২', 'ধুরন্ধর ২', 'ভূত বাংলা' ও 'হনুমান অংশ'-এর উদাহরণ টেনে তিনি বলেন, মহানগরের বাইরেও এসব সিনেমার ব্যবসা উল্লেখযোগ্য।
চিত্রনাট্যে তারকা ম্যানেজারদের হস্তক্ষেপ
বলিউডের সিনেমা ব্যর্থ হওয়ার পেছনে তারকাদের ঘিরে গড়ে ওঠা ম্যানেজার সংস্কৃতিকেও দায়ী করেছেন তরণ আদর্শ। তাঁর অভিযোগ, চলচ্চিত্র নির্মাণের খুঁটিনাটি বিষয়ে তারকাদের ব্যবস্থাপকদের অতিরিক্ত হস্তক্ষেপ সৃজনশীল প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে।
তাঁর ভাষ্য, চলচ্চিত্রশিল্পের সঙ্গে সরাসরি সম্পৃক্ততা কিংবা নির্মাণের অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও এসব ব্যবস্থাপক দীর্ঘদিনের অভিজ্ঞতাসম্পন্ন নির্মাতাদের সিদ্ধান্তকে গুরুত্ব দিতে চান না। অনেক ক্ষেত্রে তাঁদের সেকেলে বলেও বিবেচনা করা হয়।
তরণ আদর্শ বলেন, চলচ্চিত্র বোর্ডরুমে তৈরি হয় না। এর জন্য প্রয়োজন ভালোবাসা, আবেগ ও নিষ্ঠা। অথচ তারকা ম্যানেজারদের হস্তক্ষেপে নির্মাতাদের স্বাধীনতা ক্ষুণ্ন হচ্ছে।
সিনেমার গানের মান নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। তাঁর মতে, আগে সিনেমা মুক্তির অনেক আগেই গান প্রকাশ করা হতো। এসব গান সিনেমার প্রচারণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত এবং দর্শকদের প্রেক্ষাগৃহে যেতে আগ্রহী করে তুলত। কিন্তু এখন গান তৈরিতে আগের মতো সময় ও মনোযোগ দেওয়া হচ্ছে না।
এ ছাড়া চিত্রনাট্য লেখার পর সিনেমা নির্মাণের বিভিন্ন পর্যায়ে গল্পের পরিবর্তন ঘটানোর প্রবণতাও ভালো ফল দিচ্ছে না। অনেক সময় মূল গল্পের সঙ্গে মুক্তি পাওয়া সিনেমার মিল খুঁজে পাওয়া যায় না। এ পরিস্থিতি এড়াতে অভিনেতাদের চিত্রনাট্য লেখা ও নির্মাণের অন্যান্য বিভাগে অযাচিত হস্তক্ষেপ বন্ধ করা উচিত বলে মনে করেন তিনি।
সিনেমার সাফল্যে শক্তিশালী গল্পই মূল
প্রযোজক ফিরোজ এ নাদিয়াদওয়ালার মতে, বলিউডের সিনেমার সাফল্য অনেকাংশে নির্ভর করে গল্প, বিষয়বস্তু ও শিল্পী নির্বাচনের ওপর। গল্প ভালো হলে এবং চরিত্রের সঙ্গে মানানসই অভিনেতা নির্বাচন করা গেলে সিনেমা ব্যর্থ হওয়ার ঝুঁকি অনেকটাই কমে যায়।

তাঁর মতে, বড় বাজেটের সিনেমা আর অযথা জাঁকজমকপূর্ণ সিনেমা এক বিষয় নয়। বড় বাজেটের ছবিতেও পরিকল্পিতভাবে প্রতিটি অর্থ ব্যয় করা সম্ভব। নির্মাণের সময় সেই ব্যয়ের প্রতিফলন পর্দায় ফুটে উঠলে সিনেমার গ্রহণযোগ্যতা বাড়ে।
ফিরোজ এ নাদিয়াদওয়ালা বলেন, বাজেট নিয়ন্ত্রণে রেখে পরিবারের সবাই একসঙ্গে উপভোগ করতে পারবেন—এমন ভালো সিনেমা নির্মাণের চেষ্টা করা উচিত। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে শুটিং শেষ করতে হবে এবং মানের সঙ্গে আপস করা যাবে না। নির্মাণের শুরুতেই সম্ভাব্য আয় ও ব্যয়ের হিসাব করা জরুরি। বক্স অফিসের পাশাপাশি ডিজিটাল, স্যাটেলাইট ও গানের স্বত্ব বিক্রি থেকেও আয়ের বিষয়টি বিবেচনায় রাখতে হবে।
তাঁর মতে, বিনোদননির্ভর পণ্য তৈরি করতে হলে দর্শকের মন বুঝতে হবে। হাসানো, কাঁদানো, ভয় দেখানো কিংবা রোমাঞ্চিত করার মধ্য দিয়ে দর্শককে বিনোদন দেওয়া যায়। এ ধারণা থেকেই তাঁদের প্রতিষ্ঠানের জন্য 'ফ্যামিলি ইউনিভার্স' নামটি বেছে নেওয়া হয়েছে। এর লক্ষ্য এমন বিনোদন তৈরি করা, যা পরিবারের সবাই একসঙ্গে উপভোগ করতে পারেন।
সিনেমার সাফল্যে তারকার জনপ্রিয়তা গুরুত্বপূর্ণ হলেও সেটিই যথেষ্ট নয় বলে মনে করেন এই প্রযোজক। তাঁর ভাষায়, একজন তারকা নির্দিষ্টসংখ্যক দর্শককে প্রেক্ষাগৃহে আনতে পারেন। কিন্তু সিনেমার বিষয়বস্তু শক্তিশালী না হলে সেই দর্শকদের ধরে রাখা সম্ভব নয়। ভালো গল্পের সঙ্গে তারকার জনপ্রিয়তা যুক্ত হলে সিনেমার প্রভাব আরও বাড়ে।
'ওয়েলকাম', 'হেরা ফেরি' ও 'আওয়ারা পাগল দিওয়ানা'-র মতো ফ্র্যাঞ্চাইজির উদাহরণ দিয়ে তিনি বলেন, একটি সফল ফ্র্যাঞ্চাইজি গড়ে তুলতে গল্প, সংলাপ, চিত্রনাট্য ও চরিত্র—সবকিছুরই সমান গুরুত্ব রয়েছে।
সিনেমা নির্মাণ একটি সম্মিলিত প্রক্রিয়া
সানি দেওল, সঞ্জয় দত্ত, জ্যাকি শ্রফ ও মিঠুন চক্রবর্তীর মতো তারকাদের নিয়ে মাল্টি-স্টারার সিনেমা 'বাপ' নির্মাণ করেছেন পরিচালক ও প্রযোজক আহমেদ খান। তাঁর মতে, সিনেমা নির্মাণে প্রযোজকদের আর্থিক ঝুঁকি অনেক বেশি। কোনো সিনেমা ব্যবসায়িকভাবে ব্যর্থ হলে প্রযোজকের ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হয়।
তিনি বলেন, একটি সিনেমার নির্মাণ ব্যয় ও আয় তুলে আনার হিসাব মূলত পাঁচটি উৎসের ওপর নির্ভর করে। এগুলো হলো—বক্স অফিস, ডিজিটাল স্বত্ব, স্যাটেলাইট স্বত্ব, সংগীতের স্বত্ব এবং বিদেশের বাজারে আয়।
আহমেদ খানের মতে, চলচ্চিত্র নির্মাণ একটি সম্মিলিত ও অংশগ্রহণমূলক প্রক্রিয়া। পরিচালক, প্রযোজক, অভিনেতা, কলাকুশলী থেকে শুরু করে স্টুডিও—প্রত্যেকেরই এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

তাঁর মতে, বর্তমানে দর্শকরা প্রেক্ষাগৃহে যাওয়ার আগে সিনেমা দেখার যথেষ্ট কারণ খোঁজেন। সেটি নতুন অভিনেতাদের প্রেমের গল্প কিংবা যুদ্ধভিত্তিক নাটক—যেকোনো কিছু হতে পারে। তবে সিনেমার গল্প আকর্ষণীয় হলে দর্শক অবশ্যই প্রেক্ষাগৃহে যাবেন।
দর্শকদের আগ্রহ তৈরিতে টিজার ও ট্রেলারের ভূমিকাও গুরুত্বপূর্ণ। বিশেষ করে মুক্তির আগে সিনেমা সম্পর্কে কৌতূহল তৈরি করতে এগুলো কার্যকর ভূমিকা রাখে। তাই দর্শকের পছন্দ বুঝে আকর্ষণীয় ট্রেলার প্রকাশ করা প্রয়োজন।
তবে প্রেক্ষাগৃহে দর্শকের সংখ্যা কমে গেছে—এমন ধারণার সঙ্গে পুরোপুরি একমত নন আহমেদ খান। তাঁর মতে, মহামারির আগে চলচ্চিত্রশিল্পের বার্ষিক ব্যবসার পরিমাণ কখনো এক হাজার কোটি টাকায় পৌঁছায়নি। বর্তমান পরিস্থিতি বরং দেখাচ্ছে, দর্শক আবারও প্রেক্ষাগৃহে ফিরছেন। এমনকি আগে শুধু ওটিটিতে সিনেমা দেখতেন, তাঁদেরও একটি অংশ এখন হলে যাচ্ছেন।
তিনি আরও মনে করেন, বড় বাজেট কিংবা বড় তারকাই সিনেমার সাফল্যের একমাত্র শর্ত নয়। 'ওয়েলকাম টু দ্য জাঙ্গল'-এর মতো সিনেমায় অনেক তারকাকে একই ফ্রেমে এনে দর্শকদের জন্য বিশেষ বিনোদনের আয়োজন করা হয়েছে। এ ধরনের সিনেমায় হাস্যরস ও বিনোদনের সমন্বয় দর্শকদের আকৃষ্ট করতে পারে।
একইভাবে নতুন জুটির প্রেমের গল্পও দর্শকের কাছে বিশেষ আকর্ষণ হয়ে উঠতে পারে, যদি তাঁরা গল্পের সঙ্গে নিজেদের জীবনের স্মৃতি ও অভিজ্ঞতার মিল খুঁজে পান। আবার চোখধাঁধানো অ্যাকশন, গাড়ির ধাওয়া, বিস্ফোরণ, ঘোড়দৌড়, একাধিক নায়ক ও শক্তিশালী সংলাপের সিনেমাও দর্শকের আগ্রহ তৈরি করতে পারে।
তারকাখ্যাতির চেয়ে গল্পকে গুরুত্ব দিচ্ছেন দর্শক
ম্যাক্স মার্কেটিংয়ের প্রতিষ্ঠাতা-পরিচালক বরুণ গুপ্তার মতে, বলিউডে সিনেমা নির্মাণের সিদ্ধান্ত নেওয়ার সময় বাণিজ্যিক সম্ভাবনাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এ ক্ষেত্রে গল্প, সিনেমার ধরন, পরিচালকের আগের কাজ এবং অভিনেতাদের পূর্ববর্তী সিনেমার সাফল্য বিবেচনায় নেওয়া হয়।
তাঁর মতে, গত এক দশকে শিক্ষিত, উচ্চ-মধ্যবিত্ত ও জেন-জি প্রজন্মের দর্শকদের পছন্দে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। তাঁরা এখন তারকার জনপ্রিয়তার চেয়ে সিনেমার গল্প ও বিষয়বস্তুকে বেশি গুরুত্ব দেন।
বরুণ গুপ্তা মনে করেন, বিষয়টি সেসব নির্মাতার জন্য ইতিবাচক, যাঁরা বৈচিত্র্যময় ও আকর্ষণীয় গল্প নিয়ে কাজ করতে চান। কারণ, বর্তমান দর্শক অনেক বেশি সচেতন। বিশ্বের বিভিন্ন দেশের সিনেমা ও কনটেন্ট দেখার সুযোগ থাকায় তাঁরা সহজেই বুঝতে পারেন কোনটি কৃত্রিম আর কোনটি বিশ্বাসযোগ্য ও হৃদয়স্পর্শী।
আগে বড় তারকার উপস্থিতিই দর্শকদের প্রেক্ষাগৃহে টানার অন্যতম প্রধান কারণ ছিল। এখন পরিস্থিতি বদলেছে। দর্শকদের আবার হলে ফেরাতে সিনেমার ব্যাপ্তি ও গল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে তারকাখ্যাতি এবং জাঁকজমকের সমন্বয় প্রয়োজন।
এ প্রসঙ্গে 'রামায়ণ' সিনেমার উদাহরণ দিয়ে তিনি বলেন, এতে ভারতের বিভিন্ন চলচ্চিত্র অঙ্গনের বড় তারকাদের পাশাপাশি দেশটির সংস্কৃতির নানা দিক তুলে ধরা হয়েছে।
বরুণ গুপ্তার মতে, ক্রাইম থ্রিলারের মতো সিনেমার পক্ষে এখন প্রেক্ষাগৃহে দর্শক টানা তুলনামূলক কঠিন। কারণ, এ ধরনের কনটেন্ট দেখার জন্য ওটিটি প্ল্যাটফর্ম অনেকের কাছে বেশি সুবিধাজনক হয়ে উঠেছে।
তবে 'মিসিং লেডিস', 'মুঞ্জ্যা', 'টুয়েলভথ ফেল' ও 'হনুমান অংশ'-এর মতো সিনেমার সাফল্য প্রমাণ করে, ভালো সিনেমা এখনো দর্শকদের প্রেক্ষাগৃহে টানতে পারে।
তিনি বলেন, মহামারির সময়ে দর্শকরা ঘরে বসেই ওটিটি প্ল্যাটফর্মে বিশ্বের বিভিন্ন দেশের সিনেমা দেখেছেন। ফলে তাঁদের প্রত্যাশা বেড়েছে। গল্প বলার ধরনে বিশ্বাসযোগ্যতা এবং প্রযোজনায় সঠিক পরিকল্পনা থাকলে দর্শক প্রেক্ষাগৃহে আসবেন।
তবে শুধু ভালো সিনেমা নির্মাণ করলেই হবে না, দর্শকদের মনে হতে হবে যে তাঁরা টিকিটের পেছনে ব্যয় করা অর্থ ও সময়ের যথাযথ মূল্য পেয়েছেন। এ ক্ষেত্রে প্রেক্ষাগৃহের মালিক ও চলচ্চিত্র পরিবেশকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। টিকিটের দাম থেকে শুরু করে প্রেক্ষাগৃহের পরিবেশ ও সামগ্রিক অভিজ্ঞতা—সবকিছুই দর্শকের সিদ্ধান্তে প্রভাব ফেলে।
চলচ্চিত্র নির্মাণে সৃজনশীলতা ও ব্যবসায়িক পরিকল্পনার মধ্যে ভারসাম্য রাখার ওপরও জোর দিয়েছেন তিনি। তাঁর মতে, পরিচালককে নিজের সৃজনশীল দৃষ্টিভঙ্গি অনুযায়ী কাজ করার সুযোগ দিতে হবে। অন্যদিকে প্রযোজককে বিবেচনায় রাখতে হবে সিনেমার বাণিজ্যিক সম্ভাবনা। এই দুইয়ের দায়িত্ব ও স্বাধীনতা এক করে ফেললে নির্মাণের মূল লক্ষ্য থেকে সরে যাওয়ার আশঙ্কা থাকে।
দর্শকদের প্রেক্ষাগৃহে ফেরাতে প্রয়োজন কী?
এনএক্সটি সিনেমাসের হেড অব অপারেশনস নীতিন গুপ্তার মতে, সিনেমার বিষয়বস্তু, পরিচালক, অভিনয়শিল্পী ও ট্রেলার—সবকিছু মিলিয়েই দর্শকের আগ্রহ তৈরি হয়। তবে শেষ পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো গল্প।
তিনি বলেন, প্রতিটি শহর ও সামাজিক শ্রেণির দর্শকের পছন্দ আলাদা হতে পারে। কিন্তু ভালো বিষয়বস্তুর গুরুত্ব সবার কাছেই সমান।
গুজরাতি সিনেমা 'লালো' এবং হিন্দি সিনেমা 'হনুমান অংশ'-এর সাফল্যের উদাহরণ দিয়ে নীতিন গুপ্তা বলেন, এসব সিনেমা ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি বিভিন্ন শ্রেণির দর্শকের কাছেও জনপ্রিয়তা পেয়েছে।
তাঁর মতে, বড় তারকাখচিত সিনেমা মুক্তির প্রথম সপ্তাহান্তে ভালো ব্যবসা করতে পারে। কিন্তু গল্প ও বিষয়বস্তু শক্তিশালী না হলে দীর্ঘ সময় বক্স অফিসে টিকে থাকা কঠিন।
একই মাল্টিপ্লেক্স চেইনের কর্মকর্তা গৌরব মিশ্রর মতে, বয়স কিংবা সামাজিক শ্রেণি যা-ই হোক, দর্শক এমন গল্প দেখতে চান, যা তাঁদের বিনোদিত করবে, পর্দায় মনোযোগ ধরে রাখবে এবং মনে দীর্ঘস্থায়ী ছাপ ফেলবে।
তিনি বলেন, শ্রমজীবী দর্শক টিকিটের অর্থ উসুল হয়—এমন বিনোদন চান। মধ্যবিত্ত দর্শকদের প্রত্যাশা পরিবারের সঙ্গে উপভোগ করার মতো পরিপূর্ণ অভিজ্ঞতা। শিক্ষিত দর্শকরা শক্তিশালী গল্প ও মৌলিকত্ব পছন্দ করেন। অন্যদিকে জেন-জি প্রজন্ম নতুনত্ব, নিজেদের জীবনের সঙ্গে সংযোগ এবং মনে রাখার মতো অভিজ্ঞতা খোঁজেন।
গৌরব মিশ্রর মতে, শেষ পর্যন্ত প্রত্যেক দর্শকই এমন সিনেমা দেখতে চান, যা তাঁদের ব্যয় করা সময়ের যথার্থ মূল্য দেবে।
দর্শকদের আবার প্রেক্ষাগৃহমুখী করতে নিয়মিত ভালো মানের সিনেমা নির্মাণ, বিভিন্ন ঘরানার গল্প, সাশ্রয়ী টিকিটের দাম এবং উন্নত প্রেক্ষাগৃহের অভিজ্ঞতা নিশ্চিত করা জরুরি।
ভারতে প্রেক্ষাগৃহে সিনেমা দেখার ভবিষ্যৎ নিয়ে আশাবাদী গৌরব মিশ্র। তাঁর মতে, বড় পর্দায় উপভোগ করার মতো বিশেষ গল্প যত দিন তৈরি হবে এবং দর্শকরা সেসব গল্প উদযাপনে একত্র হবেন, তত দিন প্রেক্ষাগৃহের আকর্ষণ অটুট থাকবে।
সূত্র: বিবিসি বাংলা।
