সুন্দরবন ও ঝুঁকিপূর্ণ বাঁধের পাশে বালুমহাল ইজারা দিচ্ছে প্রশাসন!
সিরাজউদ্দৌলা লিংকন, (কয়রা) খুলনা
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৩:৩৯ পিএম
ছবি: ভোরের কাগজ
বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন উপেক্ষা করে খুলনার কয়রায় সুন্দরবন ও ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধের পাশে বালুমহাল ইজারা দিচ্ছে প্রশাসন। এর মধ্যে সব প্রক্রিয়া শেষে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে ইজারা প্রস্তাবনার ফাইলটি। প্রস্তাবটি অনুমোদন পেলে ব্যাপক ক্ষতির মুখে পড়বে সুন্দরবনের জীব-বৈচিত্র ও প্রতিরক্ষা বাঁধ। এ কারণে প্রস্তাবটি চূড়ান্ত অনুমোদনের আগে সার্বিক ক্ষতির বিষয়টি বিবেচনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
খুলনা জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, কয়রা উপজেলার শাকবাড়িয়া নদীর খাসিটানা এলাকায় ৩ দশমিক ৬৭ একর চরে বালুমহাল ইজারার জন্য প্রস্তাব করেছে উপজেলা ও জেলা বালুমহাল ব্যবস্থাপনা কমিটি। সব প্রক্রিয়া শেষে প্রস্তাবটি এখন চূড়ান্ত অনুমোদনের জন্য খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে পাঠানো হয়েছে।
বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন (২০১০) অনুযায়ী, পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কর্তৃক চিহ্নিত ঝুঁকিপূর্ণ বাঁধ, নদীর ভূ-প্রাকৃতিক পরিবেশ, প্রতিবেশ, জীববৈচিত্র, মৎস্য, জলজ ও স্থলজ প্রাণী বা উদ্ভিদ বিনষ্ট হওয়ার আশঙ্কা থাকে এমন স্থানে বালুমহাল ইজারা দেওয়া যাবে না। অথচ এ আইনকে উপেক্ষা করে সুন্দরবন ও ঝুঁকিপূর্ণ বাঁধের পাশেই বালুমহাল ইজারা দিতে সব প্রক্রিয়া সম্পন্ন করতে যাচ্ছে প্রশাসন।
সরেজমিন গিয়ে দেখা গেছে, বালুমহাল ইজারার জন্য শাকবাড়িয়া নদীর যে স্থান নির্ধারণ করা হয়েছে তার মাত্র ৫০ মিটারের মধ্যে সুন্দরবন। নদীর মাঝখানের দুটি স্থানে ৩ দশমিক ৬৭ একরের মতো চর জেগেছে। সেই চরের দুই পাশে সুন্দরবন ও লোকালয়ে নদীর জোয়ার-ভাটায় ভাঙন ধরেছে। ভাঙন ঠেকাতে লোকালয় অংশে পাউবো’র অনুমোদিত ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ করলেও নদীর পশ্চিম তীরে সুন্দরবন অংশে ভাঙন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা না থাকায় গাছপালা নুইয়ে পড়েছে। অনেক স্থানে সুন্দরবনের নানা প্রজাতির বৃক্ষ নদী গর্ভে ভেঙে পড়তে দেখা গেছে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এলাকার নির্মাণ কাজ ও বাঁধ মেরামতে বালু সরবরাহের জন্য একটি চক্র গোপনে বালুমহাল ইজারার জন্য দৌড়ঝাঁপ করছেন। দীর্ঘদিন ধরে চিহ্নিত বালুদস্যুরা ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বালু তুলে সরকারি উন্নয়ন কাজে চড়া দামে বিক্রি করে আসছেন। সেই চক্রটি বালুমহাল ইজারার জন্য পিছন থেকে ইন্ধন জোগাচ্ছে বলে অভিযোগ উঠেছে। বালুমহাল ইজারা বন্ধের সঙ্গে চুরি করে বালু উত্তোলন বন্ধের দাবি জানিয়েছেন বাসিন্দারা।
দক্ষিণ বেদকাশি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য সিরাজুল ইসলাম বলেন, ‘যে স্থানে বালুমহাল ইজারার কথা শুনেছি তা আমাদের গ্রাম সংলগ্ন। সেখানে বালুমহাল ইজারা দিয়ে সরকার বছরে হয়তো এক-দুই কোটি টাকা রাজস্ব পাবে। কিন্তু এর ফলে সুন্দরবন ও বাঁধের যে পরিমাণ ক্ষতি হবে, তা হাজার কোটি টাকা ব্যয় করেও পুষিয়ে উঠতে পারবে না।’
স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘সুন্দরবন ও উপকূল সুরক্ষা কমিটি’র সভাপতি তরিকুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে একটি চক্র চুরি করে সুন্দরবনের অভ্যন্তরের নদী থেকে ড্রেজার দিয়ে বালু তুলছেন। এতে সুন্দরবনের খাসিটানা সংলগ্ন ছেড়া নদীর দুই তীরের ভাঙন তীব্র হয়েছে। বালুমহাল ইজারা হলে যথেচ্ছাভাবে বালু তুলবে ইজারাদার। ফলে নদী ভাঙনের তীব্রতা বাড়ার পাশাপাশি ব্যাপক ক্ষতির মুখে পড়বে সুন্দরবন। সমূহ ক্ষতির আশঙ্কায় ইজারা বন্ধের দাবি জানিয়েছেন তিনি।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রাবণী বিশ্বাস জানিয়েছেন, জেলা বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা কমিটির চিঠির প্রেক্ষিতে উপজেলা থেকে একটি প্রতিবেদন পাঠাতে হয়েছে। তবে বালুমহালের জন্য প্রস্তাবিত স্থান আগে থেকেই ঝুঁকিপূর্ণ জানিয়ে তিনি বলেন, ‘সেখানকার ক্ষতিগ্রস্ত বাঁধ নির্মাণের জন্য প্রায় ১২শ’ কোটি টাকা ব্যয়ের একটি প্রকল্পের কাজ চলমান আছে। ওই স্থানে বালুমহাল অনুমোদন হলে ভবিষ্যতে দ্বিমুখি সংকট মোকাবিলা করতে হতে পারে।’
সুন্দরবন পশ্চিম বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এ জেড এম হাছানুর রহমান জানিয়েছেন, সুন্দরবনের পার্শ্ববর্তী কোন নদীতে বালুমহাল ইজারা দেওয়া বেআইনি। বনবিভাগকে অবহিত না করে এ ধরনের কর্মকাণ্ড করা হলে সমূহ ক্ষতির দায়দায়িত্ব সংশ্লিষ্টদের উপরেই বর্তাবে।
পাউবো খুলনা খুলনা-২ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাশেদুর রহমান বলেন, ‘ঝুঁকিপূর্ন বাঁধের পাশে বালুমহাল ইজারা দেওয়া হচ্ছে কিনা তা জানা নেই। বালুমহাল ইজারার জন্য উপজেলা ও জেলা পর্যায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা কমিটি আছে। তাঁরাই এসব অনুমোদন দিয়ে থাকেন। তবে বাঁধের ক্ষতি হয় এমন কর্মকাণ্ড হলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’
খুলনা বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের পচিালক খোন্দকার মো. ফজলুল হক বলেন, বালু ও মাটি ব্যবস্থাপনা কমিটি বালুমহাল ইজারার জন্য যে স্থান নির্ধারণ করেছে সেখানে কোন মতেই অনুমোদন দেওয়া যায় না। ওই স্থানে বালুমহাল ইজারা দেওয়া হলে সুন্দরবনের সার্বিক পরিবেশের উপর বিরূপ প্রভাব পড়বে।
জানতে চাইলে জেলা বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাত বলেন, উপজেলা বালুমহাল ব্যবস্থাপনা কমিটির সুপারিশে কয়রা উপজেলার শাকবাড়িয়া নদীর খাসিটানা এলাকায় বালুমহাল ইজারার বিষয়ে একটি প্রস্তাব অনুমোদনের অপেক্ষায় রয়েছে। তবে এ বিষয়ে কোন আপত্তি উঠলে তা বিবেচনায় নিয়ে পরবর্তি পদক্ষেপ নেওয়া হবে।
