মিরাজ শেখের সন্ধানে সোচ্চার হতে বিভিন্ন দল-সংগঠনকে জেডিপির চিঠি
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ পিএম
ছবি: সংগৃহীত
মিরাজ শেখের সন্ধানের দাবিতে সক্রিয় অবস্থান ও কর্মসূচি গ্রহণের আহ্বান জানিয়ে রাজনৈতিক দল, সামাজিক ও জুলাইয়ের বিভিন্ন সংগঠন, মুক্তিযোদ্ধা এবং অ্যাক্টিভিস্টদের কাছে চিঠি পাঠিয়েছে জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি (জেডিপি)। একই সঙ্গে এ দাবিতে আগামী ১২ সেপ্টেম্বর ঢাকায় একটি গণপ্রতিবাদ সভার ঘোষণা দিয়েছে দলটি।
মঙ্গলবার জেডিপির আহ্বায়ক নাঈম আহমাদের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। তিনি বলেন, বিএনপি ও জামায়াতের জোটের বাইরে থাকা রাজনৈতিক দলগুলোকে চিঠি দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হয়েছে। সরাসরি যোগাযোগ ও অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে এসব চিঠি পৌঁছে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
জেডিপির পক্ষ থেকে জানানো হয়, আগামী ১২ সেপ্টেম্বর বিকেল সাড়ে তিনটায় রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে মিরাজ শেখের সন্ধান এবং তাঁকে জীবিত অবস্থায় পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবিতে ‘গণপ্রতিবাদ সভা’ অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: যৌনকর্ম বৈধতার দাবি, বললেন ‘এটিও এক ধরনের সমাজসেবা’
মানবাধিকার সংস্থাগুলোর বরাত দিয়ে দলটির দাবি, গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে এবং বিএনপি সরকারের সময়ে মিরাজ শেখ প্রথম গুমের শিকার ব্যক্তি। এ বিষয়ে দলটির ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের সমর্থন আদায়ের লক্ষ্যে চিঠি দেওয়া হচ্ছে।
জেডিপি জানিয়েছে, বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ ন্যাপ, জাকের পার্টি, জনতার দল, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাসদ (মার্কসবাদী), ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ, বাংলাদেশ মুসলিম লীগ, বাংলাদেশ রিপাবলিকান পার্টি, বাংলাদেশ আজাদ পার্টি, জাতীয় বিপ্লবী পরিষদ ও বাংলাদেশ গ্রিন পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের কাছে ইতিমধ্যে চিঠি পাঠানো হয়েছে।
এ ছাড়া নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন (এনপিএ), অল্টারনেটিভস, গণবিপ্লবী উদ্যোগ (পিআইআরআই), আপ বাংলাদেশ, বাংলাদেশ জনরাষ্ট্র আন্দোলন, জুলাই জোট, ইনকিলাব মঞ্চ, জুলাই মঞ্চ, রাষ্ট্রসংলাপ ফোরাম, দ্য রেড জুলাই, মঞ্চ ২৪, জুলাই ঐক্য, পুসাব ও জুলাই সংগ্রাম পরিষদসহ বিভিন্ন সংগঠনের কাছেও চিঠি পৌঁছে দেওয়া হয়েছে বলে দলটি জানিয়েছে।
জেডিপির বিজ্ঞপ্তিতে বলা হয়, বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার, তাসনিম জারা, আব্দুল কাদের, সাইফুর সাগর, নাবিলা ইদ্রিস, মোহাম্মদ সজল, আব্দুল্লাহ আল শাফিল, ইমরান মাহফুজ, আজিজ ইশরাক ফাহিম ও ফখরুল ইসলামসহ বিভিন্ন ব্যক্তির কাছেও চিঠি পাঠানো হয়েছে।
গত ৪ সেপ্টেম্বর স্বাক্ষরিত চিঠিতে জেডিপি বলেছে, “গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে মিরাজ শেখকে প্রথম গুমের শিকার ব্যক্তি হিসেবে উল্লেখ করেছে বিভিন্ন মানবাধিকার সংস্থা। তাঁর নিখোঁজের ১৪৬ দিন পার হলেও এখনো তাঁর সন্ধান মেলেনি। বরং তাঁর সন্ধানের দাবিতে মাঠে নামায় উল্টো তাঁর স্ত্রী, মা ও বোনকে ২৭ দিন কারাভোগ করতে হয়েছে।”
চিঠিতে আরও বলা হয়, “গত ১২ জুলাই মহামান্য হাইকোর্ট নিখোঁজ মিরাজ শেখকে উদ্ধার করে ১৫ দিনের মধ্যে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন। কিন্তু নির্ধারিত সময় পার হলেও তাঁকে উদ্ধার করে আদালতে হাজির করা হয়নি। ফলে হাইকোর্টের নির্দেশনাও বাস্তবায়িত হয়নি। এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী মিরাজ শেখের সন্ধান প্রদানের পরিবর্তে ভিক্টিম ব্লেমিং করেছেন।”
জেডিপি মনে করে, মিরাজ শেখের সন্ধানের দাবি এবং ভবিষ্যতে গুমের সংস্কৃতি প্রতিরোধে রাজনৈতিক ও সামাজিক শক্তিগুলোর সম্মিলিতভাবে সোচ্চার হওয়া প্রয়োজন। এ লক্ষ্যেই বিভিন্ন সংগঠন ও ব্যক্তির কাছে চিঠি পাঠানো হয়েছে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়।
