ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০৮:৩২ পিএম
ছবি: সংগৃহীত
রাজধানীর ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে একটি বাসে আগুন দেওয়ার ঘটনায় স্টেশনজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাসের আগুন থেকে সৃষ্ট ধোঁয়া মেট্রোরেল স্টেশনের ভেতরে প্রবেশ করলে ফায়ার অ্যালার্ম বেজে ওঠে। এ সময় আতঙ্কিত যাত্রীরা হুড়োহুড়ি করে স্টেশন থেকে বেরিয়ে যান। পরে নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে স্টেশন বন্ধ করে দেওয়া হয়।
সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। প্রায় আধা ঘণ্টা বন্ধ থাকার পর সন্ধ্যা ৭টা ২ মিনিটে মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়।
ঢাকায় মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্রে জানা গেছে, স্টেশনের ডিজেল জেনারেটরের ঠিক পাশেই বাসটিতে আগুন দেওয়া হয়। পরে সেই আগুনের ধোঁয়া স্টেশনের ভেতরে প্রবেশ করে। ধোঁয়ার কারণে ফায়ার অ্যালার্ম বেজে উঠলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ পরিস্থিতিতে নিরাপত্তার স্বার্থে স্টেশনটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।

সংস্থাটির দায়িত্বশীল একটি সূত্র জানায়, স্টেশনের ডিজেল জেনারেটরে প্রায় এক হাজার লিটার ডিজেল মজুত রয়েছে। বাসের আগুন জেনারেটরে ছড়িয়ে পড়লে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ছিল। এ কারণে ঝুঁকি এড়াতে দ্রুত যাত্রীদের স্টেশন থেকে সরিয়ে নেওয়া হয়।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রোজিনা ইসলাম গণমাধ্যমকে বলেন, বাসে আগুন লাগার খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, যে বাসটিতে আগুন দেওয়া হয়েছে, সেটির চালক বা কোনো যাত্রীকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে কারা বাসটিতে আগুন দিয়েছে, তা শনাক্তের চেষ্টা চলছে।
