পরীমনি
‘স্যরি ধুয়ে পানি খা’
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০৭:০৪ পিএম
পরীমনি। ভিডিও থেকে নেয়া
জোর করে ক্ষমা আদায়ের চেষ্টা, মব জাস্টিস, অপপ্রচার ও ব্যক্তিগত আক্রমণের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন চিত্রনায়িকা পরীমনি। তাকে হেনস্তা ও কাজের সুযোগ থেকে বঞ্চিত করার অপচেষ্টা চলছে অভিযোগ করে এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি।
সোমবার (৯ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় এসব বিষয়ে কথা বলেন পরীমনি।
কাউকে ভুল স্বীকার করানো বা ক্ষমা চাওয়ানোরও নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে উল্লেখ করে পরীমনি প্রশ্ন তোলেন, গলা চেপে ধরা কিংবা মেরে ফেলার হুমকি দিয়ে কি কাউকে জোর করে ক্ষমা চাওয়ানো সম্ভব?
নিজের শব্দচয়ন নিয়ে সমালোচনার প্রসঙ্গেও ক্ষোভ প্রকাশ করেন এই অভিনেত্রী। একজনকে গালি দেওয়ার বিষয়টি সামনে এনে যেভাবে তাকে কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে, তার প্রতিবাদ জানান তিনি। পরীমনির ভাষ্য, নারী হওয়ার কারণে তাকে নানা ধরনের কটূক্তি ও হয়রানির শিকার হতে হবে, আর তিনি নীরবে সব সহ্য করবেন—এমনটা হতে পারে না।
সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজপথের কর্মকাণ্ড নিয়েও প্রশ্ন তোলেন পরীমনি। তার অভিযোগ, এক শ্রেণির মানুষ ব্যক্তিগত আক্রোশ ও ইগো থেকে রাস্তায় নেমে কুরুচিপূর্ণ স্লোগান দিচ্ছেন এবং তাকে লক্ষ্য করে ব্যক্তিগত আক্রমণ করছেন। উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে নিয়ে বিভিন্ন অবমাননাকর শব্দও ব্যবহার করা হচ্ছে।
কাজের সুযোগ বন্ধ করে দেওয়ার চেষ্টা চলছে অভিযোগ করে অভিনেত্রী বলেন, বিভিন্ন ব্র্যান্ডের মালিকদের হুমকি দেওয়া হচ্ছে, যাতে তাকে কোনো কাজের প্রস্তাব দেওয়া না হয়। এমনকি তাকে বয়কট করার পরিকল্পনাও ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে ব্যর্থ হয়েছে বলে দাবি করেন তিনি। বয়কটের মাধ্যমে সফল হতে না পেরে এখন সরাসরি ভাঙচুর ও অরাজকতা সৃষ্টি করা হচ্ছে বলেও অভিযোগ তার।
সাংবাদিকতা পেশার অপব্যবহার নিয়েও ক্ষোভ প্রকাশ করেন পরীমনি। তিনি বলেন, হাতে একটি ফোন বা পেজ থাকলেই নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে যা ইচ্ছা তা করা হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই সাংবাদিকতা হতে পারে না। তার অভিযোগ, সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে তাকে ক্ষমা চাইতে বাধ্য করার চেষ্টা চলছে।
ভিডিও বার্তার শেষাংশে ক্ষোভ প্রকাশ করে পরীমনি বলেন, ‘এসব করে আপনারা আমাকে স্যরি বলাবেন। স্যরি ধুয়ে পানি খা!’
