নিষিদ্ধ আ.লীগের লকডাউনেও রাজধানীতে যান চলাচল স্বাভাবিক
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০২:৫৬ পিএম
ছবি : সংগৃহীত
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচির কোনো প্রভাব পড়েনি রাজধানী ঢাকায়। অন্যান্য দিনের মতোই স্বাভাবিক রয়েছে নগরীর যান চলাচল ও জনজীবন। বৃষ্টি উপেক্ষা করে কর্মস্থল ও শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটেছেন নগরবাসী। নির্ধারিত সময়সূচি অনুযায়ী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষাও অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে রাজধানীর ফার্মগেট, শাহবাগ, কারওয়ান বাজার, মিরপুর ১ ও ১০, গুলশান, বনানী, হাতিরঝিল ও তেজগাঁওসহ বিভিন্ন এলাকা ঘুরে মানুষের স্বাভাবিক চলাচল দেখা গেছে। কোনো কোনো সড়কে যানজটও ছিল।
সড়কে গণপরিবহনের পাশাপাশি ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল ও রিকশা চলাচল করেছে অন্যান্য দিনের মতোই। বিভিন্ন কর্মস্থল ও শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে দেখা গেছে মানুষকে। তবে সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে সড়কে যানবাহনের চাপ তুলনামূলক কম ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের সংখ্যাও বাড়তে থাকে।
তেজগাঁও জোনের এক ট্রাফিক কর্মকর্তা জানান, রাজধানীতে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। শীতের কারণে সকালে যানবাহনের চাপ কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বেড়েছে। বর্তমানে অন্যান্য দিনের মতোই ট্রাফিক পুলিশকে যানজট নিয়ন্ত্রণে কাজ করতে হচ্ছে।
এদিকে, রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নির্ধারিত সময় অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকেই শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অভিভাবকদের উপস্থিতি দেখা যায়। শিক্ষার্থীরাও স্বাভাবিকভাবে পরীক্ষায় অংশ নিতে প্রতিষ্ঠানে গেছে।
পুলিশের একটি সূত্র জানায়, যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে। এখন পর্যন্ত রাজধানীতে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে সার্বিক পরিস্থিতি বিবেচনায় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
পুলিশের ট্রাফিক বিভাগের সূত্র জানায়, বৃষ্টির কারণে সকালে যানবাহন চলাচল কিছুটা কম থাকলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। বিভিন্ন সড়কে যানজট তৈরি হলে তা নিয়ন্ত্রণে দ্রুত কাজ করছেন ট্রাফিক সদস্যরা।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, রাজনৈতিক কর্মসূচি ঘিরে নানা আলোচনা থাকলেও রাজধানীর সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় এখন পর্যন্ত বড় ধরনের কোনো ব্যাঘাত ঘটেনি। যানবাহন চলাচল, অফিস-আদালত ও শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
