মুকসুদপুর থানায় আগুন দিলেন আ.লীগ নেতাকর্মীরা
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০১:৩২ পিএম
ছবি : সংগৃহীত
গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় পুলিশের সরকারি গাড়ি ও জব্দ করা যানবাহনসহ অন্তত ১০টি গাড়িতে আগুন দেওয়া হয়।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের মাঝিগাতী গ্রামে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
সংসদ সদস্যের প্রেস উইংয়ের সদস্য আম্মার মিয়া অসীম বলেন, সকাল সাড়ে ১০টার দিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা অস্ত্রশস্ত্র নিয়ে সংসদ সদস্যের বাড়ির সামনে জড়ো হন। প্রথমে স্লোগান দেওয়ার পর তাঁরা দোতলা পাকা বাড়ি ও টিনশেড ঘরে ভাঙচুর চালান। পরে পেট্রোল ও অকটেন ঢেলে বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। তবে হামলার আগেই বাড়িতে থাকা সংসদ সদস্যের স্বজনেরা বের হয়ে যান।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, লাঠিসোঁটা নিয়ে একদল লোক সংসদ সদস্যের বাড়িতে হামলা চালাচ্ছেন। ভিডিওতে বাড়িতে আগুন জ্বলতেও দেখা গেছে।
অন্যদিকে, মুকসুদপুর থানায় হামলার বিষয়ে স্থানীয় একাধিক সাংবাদিক জানান, বুধবার সন্ধ্যার পর থেকেই থানা ভবনে কোনো পুলিশ সদস্য ছিলেন না। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার সকালে লাঠিসোঁটা নিয়ে সেখানে হামলা চালানো হয়। পরে থানার ভেতরে আগুন ধরিয়ে দেন হামলাকারীরা। এ সময় পুলিশের সরকারি গাড়ি ও জব্দ করা যানবাহনসহ অন্তত ১০টি গাড়ি পুড়ে যায়।
আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। বুধবার সন্ধ্যা থেকেই ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ অংশের বিভিন্ন স্থানে গাছ ফেলে অবরোধ সৃষ্টি করা হয়েছে। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে মহাসড়কের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান করতে দেখা গেছে।
