এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০১:৩৮ পিএম
ছবি : সংগৃহীত
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক ও গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিমুজ্জামানের পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় তাঁর কয়েকজন সহযোগী ও সমর্থকের বাড়িতেও হামলা চালিয়ে ভাঙচুর ও আগুন দেওয়া হয়। এসব ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা ১১টার দিকে কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের মাঝিগাতি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েকশ নেতাকর্মী মিছিল নিয়ে সংসদ সদস্যের বাড়িতে প্রবেশ করেন। একপর্যায়ে তাঁরা বাড়ির বিভিন্ন মালামাল ভাঙচুর ও লুটপাট করেন। পরে বাড়িটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়।
একই গ্রামের সংসদ সদস্যের সমর্থক লিমন মোল্যা, মনির মোল্যা, শাহিন ফকির ও রফিক মোল্লার বাড়িতেও হামলা চালানো হয়। এসব বাড়িতে ভাঙচুরের পাশাপাশি অগ্নিসংযোগ করা হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
এদিকে, উপজেলার ঘোনাপাড়া এলাকায় উপজেলা বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক লাল চাঁন ফকিরের বাড়ি এবং পরানপুরে ওয়ার্ড বিএনপি নেতা বুলবুল মোল্যার বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছে। তিলছড়া বাজারে বিএনপি ও জামায়াতের দুই নেতার ব্যবসাপ্রতিষ্ঠানেও হামলা ও ভাঙচুর চালানো হয়েছে।
অন্যদিকে, বুধবার সন্ধ্যা থেকে কাশিয়ানী উপজেলার ঘোনাপাড়া, তিলছড়া, গোপালপুর, তারাইল ও ফুকরাসহ ঢাকা-খুলনা মহাসড়কের বিভিন্ন স্থানে গাছ কেটে সড়কে ফেলে অবরোধ সৃষ্টি করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পরিবহন শ্রমিকেরা।
বৃহস্পতিবার সকাল থেকেই মহাসড়কের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও ছাত্রলীগের হাজারো নেতাকর্মীকে বিক্ষোভ করতে দেখা গেছে।
সংসদ সদস্যের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের বিষয়ে জানতে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. সাজেদুর রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তিনি ফোন না ধরায় এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
