কেবিন ক্রু ইউনিয়ন সভাপতির বিরুদ্ধে নারী হেনস্তার অভিযোগ, তদন্ত নিয়ে বিমানের দুই রকম বক্তব্য
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৯:১০ পিএম
ছবি: সংগৃহীত
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক নারী কর্মকর্তাকে কর্মস্থলে শ্লীলতাহানি করার অভিযোগ উঠেছে বিমান কেবিন ক্রু ইউনিয়নের সভাপতি ফিরোজ মিয়া আবীরের বিরুদ্ধে। ঘটনায় লিখিত অভিযোগ দেওয়ার প্রায় দুই মাস পার হলেও অভিযুক্তের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী। উল্টো অভিযুক্তের সঙ্গে আপসের অনুরোধ জানানোর অভিযোগ উঠেছে বিমানের পরিচালক (গ্রাহকসেবা) বদরুল হাসান লিটনের বিরুদ্ধে।
এদিকে অভিযোগের তদন্ত নিয়ে বিমানের দুই বিভাগের কর্মকর্তা আলাদা আলাদা বক্তব্য দিয়েছেন। নারী নির্যাতন প্রতিরোধ কমিটি বলছে, তারা এ ধরনের কোনো অভিযোগই পায়নি। অন্যদিকে কেবিন ক্রু ইউনিয়নও বিষয়টি থেকে নিজেদের দায় এড়িয়েছে।
অভিযোগপত্র অনুযায়ী, ঘটনার দিন বিকেল আনুমানিক ৩টা থেকে ৪টার মধ্যে ফ্লাইট সার্ভিস বিভাগের কার্যালয়ে দায়িত্ব পালন করছিলেন ওই নারী কর্মকর্তা। এ সময় ফিরোজ মিয়া আবীর তাকে পাশের একটি প্রশিক্ষণকক্ষে যেতে বলেন। ওই কর্মকর্তা নিজের কর্মস্থলেই প্রয়োজনীয় কথা বলার প্রস্তাব দিলেও তাঁকে পুনরায় কক্ষে যাওয়ার অনুরোধ করা হয়।
ভুক্তভোগীর ভাষ্য, দায়িত্বশীল সহকর্মী মনে করে তিনি প্রশিক্ষণকক্ষে যান। অভিযোগপত্রে উল্লেখ করা হয়, কক্ষটিতে কোনো সিসিটিভি ক্যামেরা ছিল না। সেখানে প্রবেশের পর কিছু বুঝে ওঠার আগেই অভিযুক্ত তাকে শারীরিকভাবে জড়িয়ে ধরেন। এতে তিনি অপ্রস্তুত ও বিব্রত হয়ে পড়েন। পরে নিজেকে ছাড়িয়ে কক্ষ থেকে বেরিয়ে কয়েকজন সহকর্মীকে ঘটনাটি জানান।
অভিযোগপত্রে ওই নারী কর্মকর্তা আরও উল্লেখ করেন, ঘটনার সময় ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত না থাকায় তাৎক্ষণিকভাবে তাঁদের কাছে অভিযোগ জানাতে পারেননি। পরে ফ্লাইট সার্ভিসের ব্যবস্থাপকসহ সংশ্লিষ্ট কয়েকজনকে মৌখিকভাবে বিষয়টি অবহিত করেন তিনি। এ ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছেন বলেও আবেদনে উল্লেখ করেন।
ভুক্তভোগী ওই নারী কর্মকর্তা কর্মক্ষেত্রে অনাকাঙ্ক্ষিত ও অশালীন আচরণের প্রতিকার চেয়ে পরিচালক (গ্রাহকসেবা) বরাবর লিখিত আবেদন করেন। এতে ঘটনার যথাযথ তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান তিনি।
এদিকে, ঘটনার প্রায় দুই মাস পার হলেও অভিযুক্ত ফিরোজ মিয়া আবীরের বিরুদ্ধে কোনো প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে। পাশাপাশি বিমানের পরিচালক (গ্রাহকসেবা) বদরুল হাসান লিটন ভুক্তভোগীকে অভিযুক্তের সঙ্গে আপসের অনুরোধ জানিয়েছেন বলেও অভিযোগ উঠেছে।
এ বিষয়ে জানতে চাইলে বিমানের পরিচালক (গ্রাহকসেবা) বদরুল হাসান লিটন বলেন, ‘এই ঘটনা তদন্তে একটি কমিটি কাজ করছে। তদন্ত শেষে বলা যাবে।’ প্রায় দুই মাস পার হলেও তদন্ত চলছে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘খোঁজ নিতে হবে। আমি একটা মিটিংয়ে আছি বলে ফোন কেটে দেন।’
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নারী নির্যাতন প্রতিরোধ কমিটির প্রধান ও জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাহনূর আহমেদ বলেন, ‘আমরা এমন কোনো অভিযোগ পাইনি। যদি আমাদের কাছে ভুক্তভোগী নারী অভিযোগ দেন, তাহলে তদন্ত করে ব্যবস্থা নেব।’
একদিকে গ্রাহকসেবা পরিচালক বলছেন, অভিযোগের তদন্তে একটি কমিটি কাজ করছে। অন্যদিকে নারী নির্যাতন প্রতিরোধ কমিটির প্রধান বলছেন, তাদের কাছে এ ধরনের কোনো অভিযোগ আসেনি। ফলে অভিযোগটি কোন কমিটির মাধ্যমে তদন্ত হচ্ছে এবং নারী নির্যাতন প্রতিরোধ কমিটিকে বিষয়টি জানানো হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত ফিরোজ মিয়া আবীরের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। পরে এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কেবিন ক্রু ইউনিয়নের সাধারণ সম্পাদক শামীম আক্তার লোটাসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এ বিষয়ে আমাদের কোনো কিছু করার নেই। অভিযোগ যেহেতু ম্যানেজমেন্টের কাছে দেওয়া হয়েছে, তারাই বিচার করবেন। ইউনিয়নের কাছে তো কেউ অভিযোগ দেয়নি।’ এ ঘটনায় কেবিন ক্রু ইউনিয়নের কোনো দায় নেই বলেও জানান তিনি।
