৭ মাসে রংপুরে গ্যাস পৌঁছে দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর
রবিউল ইসলাম বাবুল, লালমনিরহাট
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৩২ পিএম
ছবি: সংগৃহীত
রংপুর বিভাগের বাসিন্দাদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করে সাত মাসের মধ্যেই লালমনিরহাটসহ গোটা বিভাগে গ্যাস সংযোগ নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে চলমান উন্নয়ন ধারা বাধাগ্রস্ত করতে যেকোনো ধরনের নাশকতা, সন্ত্রাস ও চক্রান্ত মোকাবিলায় সব গণতান্ত্রিক শক্তিকে এক কাতারে আসার আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাটের মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খালের পুনঃখনন কার্যক্রম উদ্বোধনের পর আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সরকারপ্রধান। উত্তরাঞ্চলের অর্থনৈতিক অগ্রগতি ও শিল্পায়নের সম্ভাবনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এ অঞ্চলের মানুষের জীবনমানের পরিবর্তন এবং নতুন শিল্পকারখানা গড়ে তোলার স্বার্থে আগামী সাত মাসের মধ্যে লালমনিরহাটসহ সমগ্র রংপুর বিভাগে গ্যাস সরবরাহ চালু করা হবে।
মহেন্দ্রনগরের খাল পুনঃখনন প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, জলাবদ্ধতা দূর করা এবং ফসলের উৎপাদন বাড়াতে সারাদেশেই খাল খনন ও পুনঃখননের মতো জনগুরুত্বপূর্ণ উন্নয়ন কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সাম্প্রতিক অস্থিতিশীলতা নিয়ে কঠোর বার্তা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
নৈরাজ্য ও সহিংসতার সঙ্গে জড়িতদের সতর্ক করে তিনি বলেন, ‘এনাফ ইজ এনাফ, যথেষ্ট হয়েছে।’ সাধারণ মানুষের নিরাপত্তা ও দেশের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলার সুযোগ দেওয়া হবে না উল্লেখ করে তিনি সন্ত্রাস ও প্রাণহানির রাজনীতির যথাযথ জবাব দেওয়ার ওপর জোর দেন।বক্তব্যে পূর্ববর্তী শাসনামলের কর্মকাণ্ডের কড়া সমালোচনা করেন প্রধানমন্ত্রী।
তিনি অভিযোগ করেন, টানা ১৬ বছর যারা জনগণের ওপর অস্ত্রের জোরে ক্ষমতা আঁকড়ে রেখেছিল, তারা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরও নতুন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আশ্রয়দাতা দেশের স্বার্থ রক্ষা ও প্রভুদের তুষ্ট করতেই তারা অগ্নিসংযোগ ও মানুষ হত্যার মতো ধ্বংসাত্মক তৎপরতা চালাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
মানুষের প্রত্যাশা তুলে ধরে তারেক রহমান বলেন, এদেশের নাগরিকরা আর গুম বা খুনের রাজনীতি চায় না; বরং চায় স্থায়ী শান্তি ও জানমালের নিরাপত্তা। যখনই দেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে, তখনই একটি মহল চক্রান্ত শুরু করেছে বলে দাবি করেন তিনি।২০২৪ সালের গণঅভ্যুত্থানের স্মৃতি ও চেতনা স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, রক্ত ও জীবনের বিনিময়ে ছাত্র-জনতা যে গণতান্ত্রিক অধিকার অর্জন করেছে, ষড়যন্ত্রকারীরা তা আবারও ছিনিয়ে নিতে চাইছে।
তাই জনগণের ভাগ্য বদলানো এবং এই অপশক্তিকে প্রতিহত করতে চব্বিশের মতো আবারও সব গণতান্ত্রিক দল ও শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।জনসভায় স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ক্ষমতাসীন ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশ নেন।
