রাজশাহী
হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে উদ্যোগ, দালাল ও ওষুধ প্রতিনিধিদের প্রবেশে কড়াকড়ি
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৯:১৫ পিএম
হাসপাতাল পরিদর্শন করছেন কর্মকর্তারা। ছবি: সংগৃহীত
রাজশাহী বিভাগের সরকারি হাসপাতালগুলোতে দালালের দৌরাত্ম্য কমানো, চিকিৎসকদের সময়মতো উপস্থিতি নিশ্চিত করা, সরকারি ওষুধের যথাযথ বিতরণ এবং হাসপাতালের পরিচ্ছন্নতা বজায় রাখতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এসব উদ্যোগের ফলে বেশ কিছু হাসপাতালে সেবার পরিবেশে পরিবর্তন এসেছে। এতে হয়রানি ও অতিরিক্ত অর্থ ব্যয় ছাড়াই চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ বাড়ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
জানা গেছে, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. হাবিবুর রহমান দায়িত্ব নেওয়ার পর থেকেই নেওয়া হয়েছে বিভিন্ন উদ্যোগ। বিভিন্ন জেলা ও উপজেলা হাসপাতাল পরিদর্শন করছেন। এসব পরিদর্শনে হাসপাতালের জরুরি বিভাগ, বহির্বিভাগ, ওয়ার্ড, অপারেশন থিয়েটার ও ওষুধের মজুত পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি রোগীদের ভোগান্তির কারণ চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
হাসপাতালগুলোকে দালালমুক্ত রাখতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সরকারি হাসপাতাল চত্বরে দালালদের তৎপরতা বন্ধ এবং অফিস চলাকালে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের হাসপাতালে প্রবেশ নিয়ন্ত্রণে নির্দেশনা দেওয়া হয়েছে। এরই মধ্যে রাজশাহী, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, জয়পুরহাট, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে।
বিশেষ করে রাজশাহী জেলার পবা, দুর্গাপুর, মোহনপুর, চারঘাট, পুঠিয়া, বাঘা, গোদাগাড়ী, তানোর ও বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালদের তৎপরতা নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে বিভিন্ন পদক্ষেপ। এতে রোগীদের হয়রানি ও অতিরিক্ত অর্থ ব্যয়ের ঝুঁকি কমেছে। ফলে সাধারণ মানুষ সরকারি হাসপাতালে সরাসরি চিকিৎসাসেবা নেওয়ার সুযোগ পাচ্ছেন।
এ ছাড়া হাসপাতালগুলোতে চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করতে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি এবং রোস্টার অনুযায়ী দায়িত্ব পালনের বিষয়টি তদারকি করা হচ্ছে। সকাল ৮টার মধ্যে চিকিৎসকদের হাসপাতালে উপস্থিতি নিশ্চিত করার নির্দেশনাও দেওয়া হয়েছে।
সরকারি ওষুধের সুষ্ঠু বিতরণ নিশ্চিত করতেও নেওয়া হয়েছে পদক্ষেপ। রোগীদের জন্য বরাদ্দ ওষুধ যাতে যথাযথভাবে তাদের হাতে পৌঁছায়, সে জন্য মজুত ও বিতরণ কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে। ওষুধের অপচয় ও অনিয়ম বন্ধেও নজরদারি বাড়ানো হয়েছে।
হাসপাতালের পরিবেশ উন্নয়নে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হয়েছে। ওয়ার্ড, টয়লেট ও হাসপাতাল চত্বর পরিষ্কার রাখার পাশাপাশি রোগীদের সঙ্গে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের আচরণ এবং দ্রুত সেবা দেওয়ার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে। রোগীদের অভিযোগ ও অভিজ্ঞতা জানতে সরাসরি তাদের সঙ্গে কথা বলার উদ্যোগও নেওয়া হয়েছে।
সংশ্লিষ্টদের মতে, এসব উদ্যোগ নিয়মিতভাবে বাস্তবায়ন ও তদারকি করা গেলে রাজশাহী বিভাগের সরকারি হাসপাতালগুলোতে সেবার মান আরও উন্নত হবে এবং সাধারণ মানুষের ভোগান্তি কমবে।
এ নিয়ে কথা হয় রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মেহেদী হাসান সোহাগের সঙ্গে। তিনি বলেন, স্বাস্থ্যের রাজশাহী বিভাগীয় পরিচালক স্যারের অনুপ্রেরণা ও সাহসী নেতৃত্বে আমরা হাসপাতালকে সম্পূর্ণ দালালমুক্ত করতে পেরেছি। নাটোর জেলা সিভিল সার্জন ডা. মুহাম্মদ মশিউর রহমান বলেন, স্যারের নির্দেশনা অনুযায়ী আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি। সম্প্রতি নাটোর সদর হাসপাতালে জেলা প্রশাসনের সহায়তায় এক দালালকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। এই অভিযান পুরো বিভাগজুড়ে চলমান থাকবে।
এ প্রসঙ্গে জানতে চাইলে স্বাস্থ্যের রাজশাহী বিভাগীয় পরিচালক ডা. মো. হাবিবুর রহমান বলেন, সরকারি হাসপাতাল হবে গরিব ও অসহায় মানুষের শেষ ভরসার জায়গা। এখানে দালালদের কোনো স্থান নেই। মাননীয় প্রধানমন্ত্রীর সবার জন্য স্বাস্থ্য এবং মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর স্মার্ট স্বাস্থ্য ব্যবস্থাপনার স্বপ্ন বাস্তবায়নে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং সেবার মান বাড়াতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ড. মো. নুরুল ইসলাম বলেন, রাজশাহী বিভাগে যে শৃঙ্খলা ফিরে এসেছে, এটা খুবই ইতিবাচক। হাসপাতালকে দালালমুক্ত রাখা, অফিস সময়ে ওষুধ কোম্পানির প্রতিনিধির প্রবেশ বন্ধ রাখা এবং সরকারি ওষুধ শতভাগ রোগীর হাতে পৌঁছে দেওয়া, এই তিনটা কাজ যদি সব বিভাগে একসঙ্গে হয়, তাহলে সাধারণ মানুষের ভোগান্তি অনেক কমে যাবে।
তিনি আরও বলেন, মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ের নির্দেশনা, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব মহোদয়ের সার্বিক তত্ত্বাবধান এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের নেতৃত্বে আমরা হাসপাতালগুলোতে শৃঙ্খলা ফেরানোর জন্য কাজ করে যাচ্ছি। মাঠপর্যায়ের কর্মকর্তারা যাতে নিয়মের মধ্যে থেকে সাহসের সঙ্গে কাজ করতে পারেন, আমরা সেই পরিবেশটা তৈরি করে দিতে চাই।
ড. মো. নুরুল ইসলাম বলেন, সরকারের লক্ষ্য হলো সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। এই লক্ষ্য পূরণে হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা, চিকিৎসকের সময়মতো উপস্থিতি এবং রোগীর সঙ্গে ভালো ব্যবহার, এই বিষয়গুলোতে আরও জোর দিতে হবে। রাজশাহীর এই ভালো উদ্যোগটা অন্য বিভাগের জন্যও একটা উদাহরণ হয়ে থাকবে।
