মস্কোতে ‘অনেস্ট ভিউ মিডিয়া অ্যাওয়ার্ড’ জিতলেন বাংলাদেশের কাবিল খান
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৬:১৬ পিএম
‘অনেস্ট ভিউ’ আন্তর্জাতিক মিডিয়া অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পুরস্কার ও সম্মাননা সনদ গ্রহণ করছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক মো. আবদুল কাবিল খান (ডানে)। ছবি: সংগৃহীত
রাশিয়ার মস্কোতে অনুষ্ঠিত ‘পঞ্চম রোসসোত্রুদনিচেস্তভো অনেস্ট ভিউ ইন্টারন্যাশনাল মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৬’-এ সেরা পুরস্কার জিতেছেন বাংলাদেশের ড. মো. আবদুল কাবিল খান।
পেশাদার সাংবাদিকতা’ ক্যাটাগরিতে নিজের নির্মিত প্রামাণ্যচিত্র সিরিজ ‘গোল্ডেন ডেজ’-এর জন্য তিনি এ সেরা পুরস্কার অর্জন করেন। কাবিল খান ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) জার্নালিজম, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন (জেএমসি) বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান।
১৯ নভেম্বর মস্কোর বালচুগ কেম্পিনস্কি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে তাঁর হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়। বিশ্বের ৮৫টি দেশের ৮০০টির বেশি কাজের মধ্য থেকে কাবিল খানের সিরিজটি নির্বাচিত হয়।
অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা প্রায় ১০০ জন চূড়ান্ত মনোনীত সাংবাদিক, গণমাধ্যম ব্যক্তিত্ব ও আন্তর্জাতিক সংবাদ সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ছয়টি বিভাগে মোট ২১ জনকে বিজয়ী ঘোষণা করা হয়, যাদের জন্য মোট পুরস্কারমূল্য ছিল ৭০ লাখ রুবল। গোল্ডেন ডেজ’ সিরিজে দক্ষিণ এশিয়ায় বসবাসরত সোভিয়েত ও রুশ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের জীবনগাথা তুলে ধরা হয়েছে।
কাবিল খান বলেন, ‘২০১১ সালে রাশিয়ার আরইউডিএন ইউনিভার্সিটিতে স্নাতক পর্যায়ে অধ্যয়নকালে আমি “গোল্ডেন ডেজ” প্রামাণ্যচিত্র সিরিজটির উদ্যোগ নিই...এই কাজের জন্য আমরা বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা সফর করে প্রাক্তন শিক্ষার্থীদের বাসা ও কর্মস্থলে গিয়ে তাঁদের এবং তাঁদের পরিবারের সদস্যদের সাক্ষাৎকার নিয়েছি।’
তিনি আরও বলেন, ‘অনেস্ট ভিউ আন্তর্জাতিক মিডিয়া অ্যাওয়ার্ড অর্জন আমাদের এই কাজকে বৈশ্বিক দর্শকদের জন্য আরও মূল্যবান করে তুলেছে এবং আরইউডিএন ইউনিভার্সিটির আগামী প্রজন্মের শিক্ষার্থীদের জন্য একটি অনন্য আর্কাইভাল রিসোর্স হিসেবে প্রতিষ্ঠিত করেছে।’
বাংলাদেশ থেকে আমন্ত্রিত পাঁচ সাংবাদিকের মধ্যে কাবিল খান সেরা পুরস্কার জেতেন। এছাড়া সম্মাননা পুরস্কার পেয়েছেন সময় টেলিভিশনের সহযোগী জ্যেষ্ঠ প্রতিবেদক আবু সাঈদ নিশান, দেশ টিভির নিজস্ব প্রতিবেদক সঞ্জু রায়, দ্য সাটল টাইমসের জ্যেষ্ঠ প্রতিবেদক মাজহারুল ইসলাম ও রূপসী বাংলার সম্পাদক গৌতম কুমার।
পুরস্কার প্রদান অনুষ্ঠানের পাশাপাশি আমন্ত্রিত সাংবাদিকদের জন্য পাঁচ দিনব্যাপী বিশেষ সফরের আয়োজন করা হয়। এ সময় তাদের মস্কোর বিভিন্ন ঐতিহাসিক ও দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখানোর পাশাপাশি রাশিয়ার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়। রাশিয়ান ফেডারেশন আমন্ত্রিত সাংবাদিকদের বিমানযাত্রা, আবাসন ও যাতায়াতসহ যাবতীয় ব্যয় বহন করে।
আন্তর্জাতিক পর্যায়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সাংস্কৃতিক ও মানবিক সংলাপকে উৎসাহিত করতে ২০২২ সাল থেকে রোসসোত্রুদনিচেস্তভো এই পুরস্কার দিয়ে আসছে।
