গ্রাম আদালতের সেবা বিস্তারে সমন্বিত উদ্যোগের আহ্বান
বাদল আহাম্মদ খান, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: ১১ জুন ২০২৬, ০৬:১৪ পিএম
ছবি: সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং এর কার্যক্রম আরও গতিশীল করতে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়নবিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) বেলা ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালার উদ্বোধন করেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসী রাবেয়া।
কর্মশালায় গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের ব্রাহ্মণবাড়িয়া জেলা ব্যবস্থাপক মো. মেরাজুল ইসলাম এবং আখাউড়া উপজেলা সমন্বয়কারী কামরুল ইসলাম গ্রাম আদালতের কার্যক্রম, এর সুফল এবং জনসম্পৃক্ততা বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি গ্রাম আদালত সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে থানার পুলিশ কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, বিভিন্ন এনজিওর প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীসহ মোট ১৯ জন অংশগ্রহণ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসী রাবেয়া বলেন, “গ্রাম আদালত স্থানীয় পর্যায়ে ছোটখাটো বিরোধ দ্রুত, সহজ ও কম খরচে নিষ্পত্তির একটি কার্যকর ব্যবস্থা। এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি পেলে আদালতমুখী মামলা কমবে এবং স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তির সংস্কৃতি আরও শক্তিশালী হবে।”
কর্মশালায় অংশগ্রহণকারীরা গ্রাম আদালতের কার্যক্রম সম্প্রসারণ এবং সাধারণ মানুষের কাছে এর সেবা পৌঁছে দিতে বিভিন্ন সুপারিশ তুলে ধরেন।
