×

জাতীয়

স্বরাষ্ট্রমন্ত্রী

শেখ হাসিনার আবেদনের ‘সত্যতা-আইনি ভিত্তি’ যাচাই করা হবে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পিএম

শেখ হাসিনার আবেদনের ‘সত্যতা-আইনি ভিত্তি’ যাচাই করা হবে

ফাইল ছবি

দিল্লিতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য করা আবেদনের সত্যতা এবং এর আইনি ভিত্তি যাচাই করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আবেদন করার আইনগত অধিকার তার রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হবে বলে জানান তিনি।

সোমবার (৯ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমিও বিষয়টি শুনেছি, স্ক্রল নিউজে দেখেছি, পলাতক দণ্ডিত আসামি শেখ হাসিনা তার পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন। কিন্তু এর সত্যতা আমি এখনো যাচাই করতে পারিনি।’

পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় বিষয়টি খতিয়ে দেখছে জানিয়ে তিনি বলেন, ‘এর আইনগত ভিত্তি কী আছে, আসলেই আবেদনটি সঠিকভাবে করা হয়েছে কি না, আবেদন করার অধিকার আছে কি না—এসব বিষয়ে খুঁটিনাটি আইন-কানুন পর্যালোচনা করে পররাষ্ট্র মন্ত্রণালয় অথবা আইন মন্ত্রণালয় পদক্ষেপ নেবে।’

গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার অনুপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ড দেন। ছাত্র-জনতার অভ্যুত্থান দমনে প্রাণঘাতী অভিযান চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগে তাকে এ দণ্ড দেওয়া হয়। তবে ভারতে অবস্থান করে তিনি এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।

আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার কথাও আগে জানিয়েছিলেন শেখ হাসিনা। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, আদালতে আত্মসমর্পণ করতে দেশে ফিরতে চান।

এ নিয়ে আলোচনার মধ্যে সোমবার সকালে এক প্রতিবেদনে রয়টার্স জানায়, শেখ হাসিনার পক্ষে লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্স দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানকে চিঠি দিয়েছে। এতে শেখ হাসিনার জন্য নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দুই বছরের বেশি সময় আগে প্রাণঘাতী গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দীর্ঘদিনের ক্ষমতার অবসানের পর বাংলাদেশে ফেরার পরিকল্পনা বাস্তবায়নে শেখ হাসিনার এটিই এখন পর্যন্ত সবচেয়ে স্পষ্ট পদক্ষেপ। ২০২৪ সালের ৫ আগস্ট দেশ ছাড়ার পর এই প্রথম তার এ ধরনের আনুষ্ঠানিক যোগাযোগের খবর সামনে এল।

এদিকে শেখ হাসিনার দণ্ড কার্যকরের জন্য তাকে বাংলাদেশে ফেরত পাঠাতে দিল্লির প্রতি অনুরোধ জানিয়ে আসছে সরকার। তবে এ বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে এখনো কোনো সাড়া মেলেনি।

আনুষ্ঠানিকভাবে দিল্লি বলে আসছে, শেখ হাসিনার প্রত্যর্পণের আবেদন পর্যালোচনা করা হচ্ছে। তবে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রত্যর্পণের সিদ্ধান্ত রাজনৈতিক বা কূটনৈতিকভাবে না নিয়ে আইনি প্রক্রিয়ায় যাচাই করা হবে। বাংলাদেশের করা অভিযোগগুলো ভারতের আইনেও অপরাধ হিসেবে বিবেচিত কি না, তা খতিয়ে দেখা হবে।

এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমি বলতে পারি, কোনো দণ্ডিত আসামি যে দেশে আশ্রয় নেন, সেই দেশের সঙ্গে আমরা প্রত্যর্পণ চুক্তি অনুসারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পত্র পাঠিয়েছি, যাতে তাকে আইন অনুযায়ী প্রত্যর্পণ করা হয়।’

এদিকে, সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পতিত শক্তি এখানে অস্থিরতা সৃষ্টির জন্য মাঝে মাঝে কিছু বাস ও স্থাপনায় আক্রমণ করছে। পুলিশ আইনানুগভাবে ব্যবস্থা নিচ্ছে এবং এসব ঘটনা প্রতিহত করছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কোন গ্রেডে কত বেতন পোশাক শ্রমিকদের?

নতুন প্রস্তাব কোন গ্রেডে কত বেতন পোশাক শ্রমিকদের?

কেশম দ্বীপে মার্কিন হামলা, ক্ষয়ক্ষতি নিয়ে যা জানাল ইরান

কেশম দ্বীপে মার্কিন হামলা, ক্ষয়ক্ষতি নিয়ে যা জানাল ইরান

শেখ হাসিনার আবেদনের ‘সত্যতা-আইনি ভিত্তি’ যাচাই করা হবে

স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার আবেদনের ‘সত্যতা-আইনি ভিত্তি’ যাচাই করা হবে

শেখ হাসিনার পাসপোর্ট চাওয়ার বিষয়ে যা বললেন আসিফ নজরুল

শেখ হাসিনার পাসপোর্ট চাওয়ার বিষয়ে যা বললেন আসিফ নজরুল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App