এইচএসসির প্রথম দিনে চট্টগ্রাম বোর্ডে অনুপস্থিত ১৩৪০
কাগজ ডেস্ক
প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৩:৫২ পিএম
ছবি: সংগৃহীত
কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসির প্রথম দিনের পরীক্ষা। প্রথম দিনে বাংলা (আবশ্যিক) প্রথম পত্র পরীক্ষায় পাঁচ জেলার ১১৪টি কেন্দ্রে সুষ্ঠু পরিবেশ বজায় ছিলো বলে বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রকাশিত দৈনিক পরীক্ষা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, বোর্ডের অধীন পাঁচ জেলার ১১৪টি কেন্দ্রে মোট ৭২ হাজার ৫২৩ জন পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা ছিল। এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে ৭১ হাজার ১৮৩ জন। অনুপস্থিত ছিল ১ হাজার ৩৪০ জন, যা মোট পরীক্ষার্থীর প্রায় ১ দশমিক ৮১ শতাংশ।
জেলাভিত্তিক তথ্যে দেখা যায়, চট্টগ্রাম জেলায় ৪০ হাজার ১৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৯ হাজার ৯৩২ জন অংশ নেয় এবং ৮৫ জন অনুপস্থিত ছিল।
কক্সবাজার জেলায় ৯ হাজার ৩৩৬ জনের মধ্যে ৯ হাজার ১২৭ জন অংশ নেয়, অনুপস্থিত ছিল ২০৯ জন। রাঙামাটি জেলায় ২ হাজার ৯৫৬ জনের মধ্যে ২ হাজার ৯০৮ জন অংশ নেয়, অনুপস্থিত ছিল ৪৮ জন। খাগড়াছড়ি জেলায় ৩ হাজার ৫৩৩ জনের মধ্যে ৩ হাজার ৪৬৬ জন অংশ নেয়, অনুপস্থিত ছিল ৬৭ জন। বান্দরবান জেলায় ২ হাজার ৬৩২ জনের মধ্যে ২ হাজার ৫৫৭ জন অংশ নেয়, অনুপস্থিত ছিল ৭৫ জন। তবে, প্রথম দিনের পরীক্ষায় কোনো পরীক্ষার্থী বা পরিদর্শককে বহিষ্কার করা হয়নি।
চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক পারভেজ সাজ্জাদ চৌধুরী বলেন, ‘জেলা প্রশাসকদের কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বোর্ডের আওতাধীন পাঁচ জেলার ১১৪টি কেন্দ্রেই পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।’
