×

চট্টগ্রাম

রাখাইনে ফের সংঘাত, রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৬:৪০ পিএম

রাখাইনে ফের সংঘাত, রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কা

ছবি : সংগৃহীত

কক্সবাজারের টেকনাফ সীমান্তসংলগ্ন মিয়ানমারের রাখাইন রাজ্যে নতুন করে সংঘাত শুরু হওয়ায় রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কা দেখা দিয়েছে। তবে সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্ক অবস্থানে রয়েছে।

বুধবার (১ জুলাই) ও বৃহস্পতিবার (২ জুলাই) টানা দুই দিন থেমে থেমে মিয়ানমারের সামরিক বাহিনী রাখাইন রাজ্য পুনরুদ্ধারে আরাকান আর্মির অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালায়। এতে টেকনাফ সীমান্তের বিভিন্ন গ্রাম ও বাড়িঘর ভূমিকম্পের মতো কেঁপে ওঠে। তবে শুক্রবার (৩ জুলাই) মংডু শহরের ভেতরে সংঘর্ষ হলেও এপারের সীমান্তে তেমন বিকট শব্দ শোনা যায়নি।

উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে বসবাসরত কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, মিয়ানমারের বিমান হামলায় সেখানে বসবাসকারী রোহিঙ্গারাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আরাকান আর্মি ও মিয়ানমার সেনাবাহিনীর চলমান সংঘাতে রোহিঙ্গাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তারা নিরাপদ বোধ না করলে নতুন করে বাংলাদেশে অনুপ্রবেশের আশঙ্কা রয়েছে। এর আগেও সংঘাতের কারণে লক্ষাধিক রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছিল।

আলীখালী ক্যাম্পের শরণার্থী আজগর আলী বলেন, বুধবার ও বৃহস্পতিবার মংডু শহরে আরাকান আর্মির দখলে থাকা এলাকা পুনরুদ্ধারে মিয়ানমারের সামরিক বাহিনী বিমান হামলা চালিয়েছে। সামনের দিনগুলোতে এই সংঘাত আরও তীব্র হতে পারে। এতে রোহিঙ্গা মুসলিমরাও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

আরেক রোহিঙ্গা ইদ্রিস মিয়া বলেন, মংডুতে থাকা এক আত্মীয়ের সঙ্গে কথা বলে জেনেছি, সেখানে পরিস্থিতি এখন খুবই উত্তপ্ত। সহজে কেউ ঘর থেকে বের হতে পারছে না। অনেক রোহিঙ্গা নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন।

তিনি আরো বলেন, এক বছর আগে সংঘাতের সময় ধাপে ধাপে উখিয়া ও টেকনাফের ক্যাম্পে লক্ষাধিক রোহিঙ্গা অনুপ্রবেশ করেছিলেন। আমরা চাই, মিয়ানমারের রাখাইনে থাকা রোহিঙ্গা ভাইয়েরা যেন নিরাপদে থাকতে পারেন।

শাহপরীর দ্বীপের বাসিন্দা শাহ আলম বলেন, শাহপরীর দ্বীপ সীমান্তের খুব কাছেই মিয়ানমারের রাখাইন সীমান্ত। এখান থেকে আরাকান আর্মির পোস্টও দেখা যায়। বুধবার শাহপরীর দ্বীপের ওপারে রাখাইনে বিস্ফোরণের তীব্রতায় বাড়িঘর ভূমিকম্পের মতো কেঁপে ওঠে।

হোয়াইক্যং সীমান্তের বাসিন্দা আব্দুল গফুর বলেন, মিয়ানমারের রাখাইনে সংঘাত শুরু হলেই সীমান্ত এলাকায় ভয় ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। সীমান্তের কাছাকাছি বসবাসের কারণে যেকোনো সংঘর্ষের প্রভাব সরাসরি পড়ছে তাদের ওপর।

তিনি আরো বলেন, প্রায় এক বছর আগে সংঘাতের সময় ওপার থেকে ছোড়া গুলি এসে আমাদের ঘরসহ আশপাশের একাধিক বাড়িতে আঘাত হেনেছিল। তখন পরিবার নিয়ে চরম আতঙ্কে দিন কাটাতে হয়েছিল। এখন আবার সংঘাতের খবর শুনলেই সেই ভয়াবহ স্মৃতি মনে পড়ে যায়।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. অনীক চৌধুরী বলেন, সীমান্ত পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে।

টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, সীমান্তের ওপারে বিস্ফোরণের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হলেও দেশের সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

তিনি আরো বলেন, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এ লক্ষ্যে টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া, বরইতলী ও জাদিমোড়া সীমান্ত এলাকায় বিশেষ টহল, নাফ নদীতে নৌ টহল এবং পুরো সীমান্তজুড়ে নজরদারি বাড়ানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বীর মুক্তিযোদ্ধা জমশেদ আলীকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত

বীর মুক্তিযোদ্ধা জমশেদ আলীকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত

বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়লো

বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়লো

 শিশুদের ফুটবল খেলা নিয়ে বিরোধ, একজনকে কুপিয়ে হত্যা

নড়াইল শিশুদের ফুটবল খেলা নিয়ে বিরোধ, একজনকে কুপিয়ে হত্যা

বড় পর্দায় বিশ্বকাপ দেখার স্থানগুলোতে নজরদারি চালাবে ডিএমপি

বড় পর্দায় বিশ্বকাপ দেখার স্থানগুলোতে নজরদারি চালাবে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App