ওসমান ফারুকের আসন শূন্য ঘোষণা করে গেজেট জারি
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ পিএম
ফাইল ছবি
বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষামন্ত্রী ড. মুহাম্মদ ওসমান ফারুকের পদত্যাগের পর কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) সংসদীয় আসন শূন্য ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে মঙ্গলবার (১৭ নভেম্বর) গেজেট প্রকাশ করেছে জাতীয় সংসদ সচিবালয়। একই দিন সংসদ অধিবেশনে আসনটি শূন্য হওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।
জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁইয়ার সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে মঙ্গলবার স্পিকারের কাছে ই-মেইলে পদত্যাগপত্র পাঠান ওসমান ফারুক। সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে, তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে।
সূত্র জানায়, চিকিৎসার জন্য দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ওসমান ফারুক। সেখান থেকেই তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন। সর্বশেষ রাষ্ট্রপতি নির্বাচনেও তিনি ভোট দেননি। সে সময়ও যুক্তরাষ্ট্রে অবস্থানের বিষয়টি জানিয়ে সংসদ সচিবালয়ে চিঠি দিয়েছিলেন তিনি।
ড. মুহাম্মদ ওসমান ফারুক বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষামন্ত্রী। ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে ধানের শীষ প্রতীকে কিশোরগঞ্জ-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
এর আগে ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন ওসমান ফারুক। বিএনপি সরকারের আমলে শিক্ষামন্ত্রীর দায়িত্বও পালন করেন তিনি।
এদিকে মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশন শুরুর পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণার বিষয়টি সংসদকে অবহিত করেন। তিনি জানান, গত ১৪ নভেম্বর ওসমান ফারুক পদত্যাগ করেছেন। বিধি অনুযায়ী, ১৫ নভেম্বর থেকে আসনটি শূন্য হয়েছে।
জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ১৭৮ বিধির (৩) উপবিধি অনুযায়ী আসন শূন্য হওয়ার বিষয়টি সংসদকে জানানো হয়েছে বলেও উল্লেখ করেন স্পিকার।
সংবিধানের ৬৭ অনুচ্ছেদের ২ দফা অনুযায়ী, কোনো সংসদ সদস্য স্পিকারের কাছে স্বাক্ষরযুক্ত পত্র দিয়ে পদত্যাগ করতে পারেন। স্পিকার ওই পত্র পাওয়ার সময় থেকেই সংশ্লিষ্ট সংসদ সদস্যের আসন শূন্য হয়।
ওসমান ফারুক সাবেক আমলা। তিনি বিশ্বব্যাংকেও গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ আট বছর যুক্তরাষ্ট্রে থাকার পর ২০২৪ সালের অক্টোবরে দেশে ফিরে আবার সক্রিয় রাজনীতিতে যুক্ত হন তিনি।
