লক্ষ্মীপুর পৌরসভার ৮৬ কোটি ৬১ লাখ টাকার বাজেট ঘোষণা
কাগজ প্রতিবেদক, লক্ষ্মীপুর
প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৭:০৭ পিএম
ছবি : সংগৃহীত
নতুন কোনো কর আরোপ ছাড়াই ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য লক্ষ্মীপুর পৌরসভা ৮৬ কোটি ৬১ লাখ ১২ হাজার ১৪৯ টাকার বাজেট ঘোষণা করেছে। মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে লক্ষ্মীপুর পৌরসভার সম্মেলন কক্ষে এ বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক সম্রাট খিসা।
তিনি বলেন, প্রণীত বাজেটে দুটি খাত রয়েছে। একটি রাজস্ব খাত এবং অপরটি উন্নয়ন খাত। রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ৬০ কোটি ৯৫ লাখ ৫০ হাজার টাকা এবং উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে ২০ কোটি ২০ লাখ টাকা। স্থিতি ধরা হয়েছে ৫ কোটি ৪৫ লাখ ৬২ হাজার ১৪৯ টাকা। প্রস্তাবিত বাজেটে আয় ও ব্যয় একই পরিমাণ দেখানো হয়েছে।
এ সময় এলজিইডির নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল চৌধুরী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী বিলকিছ আক্তার, পৌর নির্বাহী কর্মকর্তা আলতাফ হোসেন, নির্বাহী প্রকৌশলী জুলফিকার হোসেনী, প্রফেসর রফিকুল আহসান, প্রফেসর সাইফুল ইসলাম তপন, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন, লক্ষ্মীপুর বণিক সমিতির সহসভাপতি আবদুল আজিজ এবং সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।
পৌর প্রশাসক সম্রাট খিসা বলেন, নতুন অর্থবছরের জন্য পৌরসভায় ৮৬ কোটি ৬১ লাখ ৮৬ হাজার ১৪৯ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। নতুন বাজেটে ড্রেনেজ ব্যবস্থা, পাকা রাস্তা নির্মাণ, মশা নিধন প্রকল্প, অসহায়-দুস্থ ও গরিব মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রকল্প, ডেঙ্গু, চিকুনগুনিয়া এবং মশাবাহিত রোগ প্রতিরোধে বিভিন্ন প্রকল্প অন্তর্ভুক্ত করা হয়েছে।
লক্ষ্মীপুর পৌরসভাকে গ্রিন সিটি ও ক্লিন সিটি হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন পৌর প্রশাসক।
