টুঙ্গিপাড়ায় আ.লীগের বন্ধ কার্যালয় খুলে দিল নিষিদ্ধ ছাত্রলীগ
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৫:০৮ পিএম
ছবি : ভিডিও থেকে নেওয়া
দুই বছরের বেশি সময় বন্ধ থাকার পর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের তালা খুলে ভেতরে প্রবেশ করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। সোমবার (১৬ নভেম্বর) বেলা ১১টার দিকে টুঙ্গিপাড়া পৌর ছাত্রলীগের সভাপতি ইফতি জামান পল্লবের নেতৃত্বে একটি মিছিল শেষে তারা কার্যালয়টিতে প্রবেশ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলটি উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে নেতাকর্মীরা কার্যালয়ের তালা খুলে ভেতরে প্রবেশ করেন। এ সময় তারা দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের বসার ব্যবস্থা করার কথা জানান।
কার্যালয় খোলার পর সাংবাদিকদের ইফতি জামান পল্লব বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যেই তারা একত্রিত হয়েছেন। নেতাকর্মীদের একত্র হওয়ার সুযোগ তৈরি করতে দলীয় কার্যালয় খুলে দেওয়া হয়েছে। তার দাবি, প্রশাসনের মাধ্যমে কার্যালয়টি বন্ধ রাখা হয়েছিল।
এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ সবার জন্য উন্মুক্ত রাখার দাবি জানান ইফতি জামান পল্লব। তার ভাষ্য, বঙ্গবন্ধুর সমাধিসৌধ শুধু আওয়ামী লীগের সম্পদ নয়, এটি পুরো বাংলাদেশের সম্পদ। সেখান থেকেই দেশব্যাপী রাজনৈতিক আন্দোলন শুরুর কথাও বলেন তিনি।
এর আগে, রোববার (১৫ নভেম্বর) রাত ১০টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ প্রাঙ্গণে সমবেত হয়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নেন আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে তারা বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নেন।
এ বিষয়ে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী বলেন, আমরা বিষয়টি ইতিমধ্যে জেনেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
