জমি-ভবন নিয়ে টানাপোড়েনের অবসান, বাঞ্ছারামপুর প্রেসক্লাবে স্বস্তি
শামীম শিবলী, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ০৫:৫৪ পিএম
ছবি : ভোরের কাগজ
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের জমি ও ভবন নিয়ে দীর্ঘদিনের বিরোধে প্রেস ক্লাবের পক্ষে আদেশ দিয়েছেন আদালত। বিরোধপূর্ণ জমিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় দ্বিতীয় পক্ষের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, ব্রাহ্মণবাড়িয়ার আদালত উভয় পক্ষের শুনানি, বাঞ্ছারামপুর মডেল থানার প্রতিবেদন এবং সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তার তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে গত ১৬ আগস্ট এ আদেশ দেন। এ সময় উভয় পক্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রায় এক বছর আগে এ নিয়ে মামলা করা হয়েছিল।
খোঁজ নিয়ে জানা গেছে, ১৯৯১ সালে বসুন্ধরা গ্রুপের অর্থায়নে বাঞ্ছারামপুর উপজেলা পরিষদের সঙ্গে স্থানীয় সংবাদকর্মীদের জন্য প্রেস ক্লাব ও জাতীয় সাংবাদিক সংস্থার নামে ৬ শতক জমি কেনা হয়। ১৯৮৮ সালে বাঞ্ছারামপুর প্রেস ক্লাব প্রতিষ্ঠিত হলেও দীর্ঘ ৩৬ বছর পর ২০২৪ সালে প্রথম নির্বাচিত কমিটি গঠিত হয়।
আরও পড়ুন: নিরাময়কেন্দ্রেই বন্দিশালা, তমিজীকে নিয়ে হারুনের বিস্ফোরক তথ্য
নির্বাচনে পরাজিত একটি পক্ষ পরে ‘প্রেস ক্লাব বাঞ্ছারামপুর’ নামে আরেকটি কমিটি গঠন করে। এরপর ‘বাঞ্ছারামপুর প্রেস ক্লাব’ ও ‘প্রেস ক্লাব বাঞ্ছারামপুর’ নাম নিয়ে বিরোধ ও বিভ্রান্তি তৈরি হয়। একপর্যায়ে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়।
আদালতের নথি অনুযায়ী, বাঞ্ছারামপুর উপজেলার ভিটিঝগড়ারচর মৌজার বিএস গেজেটেড ১৬ নম্বর খতিয়ানের ২৫৮ নম্বর দাগের ৬ শতক জমি নিয়ে বিরোধের সৃষ্টি হয়।
প্রথম পক্ষের দাবি, ওই জমিতে বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের ভবন নির্মাণের কাজ চলছে। তবে দ্বিতীয় পক্ষ সেখানে দখলের চেষ্টা করছে বলে অভিযোগ করা হয়।
আরও পড়ুন: কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মরদেহ দ্রুত দেশে আনা হবে
তদন্ত প্রতিবেদনে প্রেস ক্লাবের পক্ষে ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণকাজের বিভিন্ন পর্যায়ের ছবি, বিদ্যুৎ বিল, পৌরকর পরিশোধের কাগজপত্র, নির্মাণসামগ্রী কেনার ভাউচার এবং ভবন নির্মাণে আর্থিক সহায়তার জন্য বরাদ্দ করা ২ লাখ ২০ হাজার টাকার চেকের ফটোকপিসহ বিভিন্ন নথি দাখিলের তথ্য উল্লেখ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিবেদনের বরাত দিয়ে আদালতের আদেশে বলা হয়েছে, মোল্লা মো. নাসির আহমেদ বর্তমানে বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সম্মানিত সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।
আরও পড়ুন: নবম পে স্কেলের গেজেট কবে, যা জানা গেল
আদালতের পর্যবেক্ষণে বলা হয়, বিতর্কিত জমিতে প্রেস ক্লাবের নির্মাণাধীন ভবন রয়েছে। দ্বিতীয় পক্ষের কর্মকাণ্ডের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং শান্তি ভঙ্গের আশঙ্কা থাকায় তাদের বিরুদ্ধে ১৪৪ ধারায় নিষেধাজ্ঞা জারির প্রয়োজনীয়তা রয়েছে।
নথিপত্র ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতিবেদন পর্যালোচনা শেষে আদালত দ্বিতীয় পক্ষকে বিতর্কিত জমিতে এমন কোনো কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেন, যা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি কিংবা শান্তি ভঙ্গের কারণ হতে পারে।
আরও পড়ুন: অচেনা শহরে হঠাৎ পরিচিত ডাক
আদেশের অনুলিপি আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) এবং বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জের কাছে পাঠানো হয়েছে।
